‘সময়’ কি নিরপেক্ষ? – ১৯৪৭-১৯৫৭-এর সময়ে ভারতে অপেক্ষার রাজনীতি এবং ‘সময়’-এর সহিংসতা
১
ভারতের স্বাধীনতার ইতিহাসে সাধারণত ‘সময়’কে নিরপেক্ষ বলে ধরে নেওয়া হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্টকে একটি ‘রূপান্তরের মুহূর্ত’ হিসেবে কল্পনা করে বলা হয় — ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছে, নতুন ভারত রাষ্ট্র জন্ম নিয়েছে, এবং ভারতীয় নাগরিকত্বের যাত্রা শুরু হয়েছে। এই ইতিহাসে ‘সময়’ যেন একটি স্বচ্ছ ধারাবাহিক রেখা — যার উপর দিয়ে ভারত ধীরে ধীরে এগিয়ে গেছে আধুনিকতার দিকে। কিন্তু এই ‘সময়’ কি সত্যিই নিরপেক্ষ ছিল? রাষ্ট্রের ‘সময়’ কি সকলের জন্য সমানভাবে প্রবাহিত হয়েছিল? নাকি ‘সময়’ নিজেই হয়ে উঠেছিল একটি শাসনপ্রযুক্তি — যার মাধ্যমে মানুষকে অপেক্ষায় রাখা, মানুষের কাজকে বিলম্বিত করা, এবং ক্লান্ত করে তোলা হয়েছিল?
স্বাধীন ভারতের প্রথম দশক (১৯৪৭–১৯৫৭) বিষয়ে বিদ্যমান historiography প্রধানত রাষ্ট্রকেন্দ্রিক। সংবিধান প্রণয়ন, প্রশাসনিক পুনর্গঠন, পরিকল্পনা কমিশনের জন্ম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয়করণের ভাষ্য—এই সবকিছু মিলিয়ে ইতিহাস লিখেছে ‘রাষ্ট্রের কর্মব্যস্ততা’র কাহিনি।১ এই বর্ণনায় সাধারণ মানুষ উপস্থিত থাকলেও তারা প্রায়শই পরিসংখ্যান, উপকারভোগী, অথবা নীতির ফলাফল হিসেবে হাজির হয়। কিন্তু এই ইতিহাসে অনুপস্থিত থাকে একটি মৌলিক অভিজ্ঞতা এবং তা হল অপেক্ষা।
উদ্বাস্তু শিবিরে বসে থাকা মানুষ, রেশন কার্ডের লাইনে দাঁড়িয়ে থাকা নারী, জমির দলিলের জন্য বছরের পর বছর আবেদন করা কৃষক, নাগরিকত্ব প্রমাণের ফাইলের পেছনে ঘোরা সংখ্যালঘু — এদের জীবন এই প্রথম দশকে মূলত কেটেছে অপেক্ষার মধ্য দিয়ে। অথচ এই অপেক্ষা historiography-তে কোনো ‘ঘটনা’ হিসেবে গণ্য হয়নি। কারণ ইতিহাস লিখতে গিয়ে আমরা সাধারণত সেই মুহূর্তগুলোকেই গুরুত্ব দিই যেখানে কিছু ঘটনা ‘ঘটে’। অপেক্ষা যেহেতু দৃশ্যমান বিস্ফোরণ তৈরি করে না, তাই তা ইতিহাসের ভাষায় সাধারণত ধরা পড়ে না।২
এই প্রবন্ধে আমরা দেখাতে চাই যে, এই বাদ পড়ে যাওয়া অপেক্ষা আসলে একটি গভীর রাজনৈতিক অভিজ্ঞতা। অপেক্ষা কোনো স্বাভাবিক, নিরীহ সময়ক্ষেপণ নয়; বরং এটি ক্ষমতার একটি সূক্ষ্ম রূপ। রাষ্ট্র যখন সরাসরি লাঠি চালায় না, গুলি ছোড়ে না, তখনও সে মানুষকে শাসন করতে পারে সময়ের মাধ্যমে — তাদের অপেক্ষা করিয়ে, তাঁদের দরকারকে বিলম্বিত করে, তাঁদের পরিচয়কে অনিশ্চয়তার মধ্যে রেখে।৩ এই অর্থে, সহিংসতা কেবল শারীরিক আঘাত নয়; সহিংসতা হতে পারে ধীর, নীরব, এবং দীর্ঘস্থায়ী।
প্রচলিত ইতিহাসে সহিংসতা বলতে সাধারণত বোঝানো হয় দাঙ্গা, হত্যা, দমনমূলক আইন, বা সেনা অভিযান।৪ কিন্তু এই সংজ্ঞা সহিংসতার একটি বড় অংশকে অদৃশ্য করে দেয়, যে সহিংসতা শরীরে দাগ ফেলে না, কিন্তু জীবনের সময়কে ক্ষয় করে দেয়। অপেক্ষার সহিংসতা মানুষকে মেরে ফেলে না, কিন্তু তাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে রাখে। এই স্থগিতাবস্থা (suspension) নাগরিকত্বকে পরিণত করে এক অসম্পূর্ণ প্রতিশ্রুতিতে।৫
এই প্রবন্ধে ‘সময়’কে তাই আমরা আর কোনো ঘটনার পটভূমি হিসেবে ধরছি না। সময় এখানে একটি সক্রিয় ঐতিহাসিক চরিত্র, যার মাধ্যমে রাষ্ট্র কাজ করে। প্রশাসনিক বিলম্ব, ফাইলের গতি, সাক্ষাৎকারের তারিখ, পুনর্বাসনের প্রতিশ্রুতি — সবকিছু মিলিয়ে রাষ্ট্র আমাদের কাছে একটি নির্দিষ্ট সময়বোধ তৈরি করে, যেখানে নাগরিকের জীবন রাষ্ট্রের ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য। এই সময়বোধ কিন্তু আবার সবার জন্য সমান নয়। উদ্বাস্তু, দলিত, দরিদ্র, নারী এবং সংখ্যালঘুদের জন্য সময় অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘতর, ভারী এবং ক্লান্তিকর।৬ এই দৃষ্টিভঙ্গি আমাদের historiography-কে নতুন করে ভাবতে বাধ্য করে। যদি আমরা ইতিহাসকে শুধু ঘটনার ধারাবাহিকতা হিসেবে দেখি, তবে অপেক্ষার মতো মানবীয় অভিজ্ঞতা চিরকালই বাদ পড়ে যাবে। কিন্তু যদি আমরা ইতিহাসকে দৈনন্দিন সময় চর্চার (everyday temporality) মধ্য দিয়ে পড়ি, তবে রাষ্ট্রের ক্ষমতা একেবারে অন্যভাবে ধরা পড়বে। তখন দেখা যাবে — রাষ্ট্র শুধু আইন প্রণয়ন করে না, সে সময়ও বণ্টন করে।
এই প্রবন্ধে তাই আমরা প্রমাণ দেওয়ার চেষ্টা করবো যে ১৯৪৭–১৯৫৭ সময়কালকে কেবল ‘রাষ্ট্রগঠনের দশক’ হিসেবে নয়, বরং ‘অপেক্ষার দশক’ হিসেবে পড়া প্রয়োজন। এই অপেক্ষা রাষ্ট্রের কোনো আকস্মিক ব্যর্থতা ছিল না; এটি ছিল রাষ্ট্রীয় কার্যপ্রণালীরই একটি কাঠামোগত দিক। সময়কে নিয়ন্ত্রণ করে উত্তর আধুনিক রাষ্ট্র নাগরিককে শাসন করেছে এবং এই শাসন ছিল সহিংস, যদিও তা ছিল সম্পূর্ণ নীরব।
অতএব, “সময় কি নিরপেক্ষ?”— এই প্রশ্নটি কেবল দার্শনিক নয়, এটি একটি ঐতিহাসিক প্রশ্ন। এই প্রশ্ন আমাদের বাধ্য করে সহিংসতার ধারণাকে পুনর্লিখন করতে, রাষ্ট্রকে নতুন চোখে দেখতে, এবং স্বাধীনতার পরবর্তী ভারতের ইতিহাসকে বিজয়ের ভাষা থেকে সরিয়ে এনে প্রতীক্ষার অভিজ্ঞতার মধ্যে বসাতে। এই প্রবন্ধ সেই পুনর্লিখনের একটি প্রয়াস।
২
স্বাধীনতার পর ভারতের প্রথম দশককে আমরা সাধারণত রাষ্ট্রের কর্মব্যস্ততার ভাষায় পড়তে অভ্যস্ত — সংবিধান রচনা হচ্ছে, প্রশাসন গড়ে উঠছে, পরিকল্পনা কমিশন কাজ শুরু করছে। এই বর্ণনায় রাষ্ট্র যেন ক্রমাগত কিছু একটা কাজ “করছে”, এবং জনগণ যেন সেই কাজেরই স্বাভাবিক গ্রাহক। কিন্তু এই রাষ্ট্রীয় কর্মচাঞ্চল্যের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে ছিল এক ভিন্ন বাস্তবতা — যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন রাষ্ট্রের অঙ্গুলিহেলনে কার্যত স্থগিত হয়ে ছিল। এই স্থগিতাবস্থার নাম অপেক্ষা। রাষ্ট্র যত দ্রুত নিজেকে সংগঠিত করেছে, সাধারণ মানুষের অপেক্ষার সময় ততটাই দীর্ঘ, ভারী এবং অনিশ্চিত হয়ে উঠেছে।
দেশভাগ-পরবর্তী উদ্বাস্তু পুনর্বাসনের দিকে তাকালেই এই সময়গত অসমতা স্পষ্ট হয়। পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুরা বছরের পর বছর অস্থায়ী শিবিরে বসবাস করেছেন—যেখানে ঘর ছিল না, ভবিষ্যৎ ছিল না, কিন্তু অপেক্ষা ছিল অবিরাম। পুনর্বাসনের আবেদন জমা দেওয়া হয়েছে, যাচাই হয়েছে, আবার বাতিল হয়েছে, আবার নতুন ফর্ম চাওয়া হয়েছে। এই প্রক্রিয়াগুলো রাষ্ট্রীয় নথিতে ‘procedure’ হিসেবে চিহ্নিত হলেও, বাস্তবে এগুলো মানুষের জীবনের সময়কে ক্ষয় করেছে। উদ্বাস্তুরা শুধু ঘরের জন্য অপেক্ষা করেননি; তারা অপেক্ষা করেছেন নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। নাগরিকত্ব এখানে একটি তাৎক্ষণিক অধিকার নয়, বরং ভবিষ্যতে পূরণ হতে পারে — এমন এক প্রতিশ্রুতি হয়ে দাঁড়িয়েছিল।৭
এই ‘অপেক্ষা’ সহিংস ছিল, কারণ এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ধারাবাহিকতাকে ভেঙে দিয়েছিল। মানুষ তাঁদের ব্যক্তিগত কাজ করতে পারছিল না, সন্তানদের শিক্ষার পরিকল্পনা করতে পারছিল না, এমনকি কোথায় সে মারা যাবে সেই নিশ্চয়তাও তাঁর কাছে ছিল না। অথচ এই সহিংসতার কোনো দৃশ্যমান চিহ্নও ছিল না। ইতিহাসে আমরা দাঙ্গার মৃতদেহ দেখি, কিন্তু শিবিরে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়া মানুষের সময়হীন জীবন আমরা দেখি না। এই অদৃশ্যতাই অপেক্ষার সহিংসতাকে আরও কার্যকর করে তোলে।
রেশন ব্যবস্থার ইতিহাসও ছিল একই রকম। স্বাধীনতার পর খাদ্যাভাব মোকাবিলা করার জন্য দেশে রেশনিং চালু করা হয়, কিন্তু এই ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা ছিল মূলত ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা। নারী, শিশু, বয়স্ক মানুষ—সবাইকে অপেক্ষা করতে হয়েছে, কখনো ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন। এখানে খাদ্যের অভাবের পাশাপাশি সময়ের অভাবও তৈরি হয়েছে। রেশন দোকানে দাঁড়িয়ে থাকা মানে ছিল সেই ব্যক্তির কাজ হারানো, ঘরের অন্য দায়িত্ব ফেলে রাখা। রাষ্ট্র তাঁদের খাদ্য সরবরাহ করলেও সময় ফেরত দেয়নি। এই সময়-ক্ষয় কোনো দুর্ঘটনা ছিল না; এটি রাষ্ট্রীয় ব্যবস্থার অন্তর্গত ছিল, যেখানে দরিদ্র মানুষের সময়কে স্বল্পমূল্য হিসেবে ধরে নেওয়া হয়েছিল।৮
ভূমি সংস্কারের ক্ষেত্রেও অপেক্ষা ছিল একটি শাসনযন্ত্র। জমির দলিল পাওয়ার জন্য কৃষকদের বছরের পর বছর সরকারের কাছে আবেদন করতে হয়েছে। নথি যাচাই, আপত্তি, পুনঃতদন্ত— এই প্রতিটি ধাপ সময়কে দীর্ঘ করেছে। অনেক ক্ষেত্রেই কৃষকরা দলিল পাওয়ার আগেই মারা গেছেন, কিন্তু কাগজ চলতে থেকেছে। এখানে রাষ্ট্র সরাসরি জমি কেড়ে নেয়নি; বরং জমির অধিকারকে ভবিষ্যতের অনিশ্চিত বিন্দুতে ঠেলে দিয়েছে। এই বিলম্বই ছিল সহিংসতা, কারণ এটি জীবনের ব্যবহারযোগ্য সময়কে রাষ্ট্রীয় প্রক্রিয়ার অধীন করে তুলেছিল।৯
এই অভিজ্ঞতাগুলো দেখায় যে স্বাধীন ভারতের প্রথম দশকে ক্ষমতা কেবল আইন বা বলপ্রয়োগের মাধ্যমে কাজ করেনি; ক্ষমতা কাজ করেছে সময়কে নিয়ন্ত্রণ করে। ফুকো যেভাবে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের কথা বলেছেন, এখানে আমরা তার একটি ভিন্ন রূপ দেখি— যেখানে শাসন ঘটে অপেক্ষার মাধ্যমে।১০ মানুষকে শাসন করতে হলে তাকে সবসময় দমন করতে হয় না; তাকে শুধু অপেক্ষা করাতে পারলেই যথেষ্ট। অপেক্ষা মানুষকে ক্লান্ত করে, তাকে ভেতর থেকে ভেঙে দেয়, এবং ধীরে ধীরে তাকে অনুগত করে তোলে।
এই অপেক্ষা সবার জন্য সমান ছিল না। শ্রেণি, জাত, লিঙ্গ ও উদ্বাস্তু অবস্থান অনুযায়ী সময়ের অভিজ্ঞতা আলাদা হয়েছে। মধ্যবিত্ত শহুরে নাগরিকদের জন্য রাষ্ট্রীয় বিলম্ব বিরক্তিকর হলেও সহনীয় ছিল; কিন্তু দরিদ্র ও উদ্বাস্তু মানুষের জন্য সেই বিলম্ব ছিল জীবনধ্বংসী। এই বৈষম্যমূলক সময়বণ্টন দেখায় যে ‘সময়’ কখনোই নিরপেক্ষ নয়। রাষ্ট্র কার সময় মূল্যবান, আর কার সময় অমূল্য — এই সিদ্ধান্ত নীরবে নিয়ে নেয়।১১
এই সময়গত সহিংসতা জাতীয়তাবাদী ইতিহাসে জায়গা পায় না, কারণ তা কোনো বীরত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে না। কিন্তু যদি আমরা ইতিহাসকে দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে পড়ি, তবে দেখা যায় স্বাধীনতার পরের রাষ্ট্র আসলে নাগরিকত্বকে একটি স্থগিত অবস্থায় রেখেছিল। নাগরিক হওয়া মানে ছিল কাগজে নাম থাকা নয়; নাগরিক হওয়া মানে ছিল অপেক্ষা করতে শেখা। এবং রাষ্ট্রের এই শেখানোটা ছিল রাজনৈতিক, গভীরভাবে সহিংস।
এই প্রেক্ষাপটে সহিংসতার ধারণাকে নতুন করে ভাবা জরুরি। সহিংসতা কেবল রক্তপাত নয়; সহিংসতা হতে পারে সময়ের ধীর ক্ষয়, অনিশ্চয়তার দীর্ঘায়ন, এবং ভবিষ্যৎকে বারবার পিছিয়ে দেওয়া। এই সহিংসতা নীরব বলেই ইতিহাসে কম আলোচিত, কিন্তু নীরব বলেই তা আরও সর্বব্যাপী।১২ স্বাধীন ভারতের প্রথম দশককে তাই শুধু রাষ্ট্রের অর্জনের তালিকা দিয়ে পড়া যায় না। এই দশক ছিল মানুষের জীবনের সময় রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দশক। অপেক্ষা ছিল সেই হাতিয়ার, যার মাধ্যমে রাষ্ট্র নিজেকে শক্তিশালী করেছে, আর নাগরিককে ধৈর্যশীল হতে বাধ্য করেছে। এই ধৈর্য কোনো নৈতিক গুণ ছিল না; এটি ছিল টিকে থাকার কৌশল। অপেক্ষা এখানে পরাজয় নয়, কিন্তু এটি মুক্তিও নয়। এটি ছিল রাষ্ট্র ও নাগরিকের মাঝখানে ঝুলে থাকা এক দীর্ঘ সময় —যার সহিংসতা আমরা এতদিন ইতিহাসের ভাষায় ধরতে পারিনি।
এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হয় যে ১৯৪৭–১৯৫৭ সময়কালকে যদি আমরা অপেক্ষার রাজনীতির মধ্য দিয়ে না পড়ি, তবে স্বাধীনতার অভিজ্ঞতার একটি বড় অংশ অদৃশ্য থেকে যাবে। সময়কে নিরপেক্ষ ধরে নেওয়ার অর্থ হলো এই সহিংসতাকে স্বাভাবিক করে তোলা। এই প্রবন্ধে আমরা সেই স্বাভাবিকতাকেই আসলে ভাঙতে চেয়েছি।
৩
স্বাধীনতার পর ভারতের প্রথম দশককে যদি আমরা নতুন করে বুঝতে চাই, তবে আমাদের ইতিহাসের শেষ পাতায় দাঁড়িয়ে একটি অস্বস্তিকর সত্য স্বীকার করতে হবে— এই সময়কাল কেবল রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার ইতিহাস নয়, এটি ছিল নাগরিকের ‘সময়’ রাষ্ট্রের হাতে সমর্পণের ইতিহাস। এই সমর্পণ কোনো ঘোষণার মাধ্যমে হয়নি, এই সমর্পণ কোনো আইনের ধারায় স্পষ্টভাবে লেখা ছিল না; এটি ঘটেছিল দৈনন্দিন প্রশাসনিক অভ্যাসের মধ্য দিয়ে, যেখানে ‘সময়’ ধীরে ধীরে মানুষের নিজের সম্পদ না থেকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত হয়েছিল।
আর্কাইভে ঢুকলে এই সময়গত অধিগ্রহণের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। উদ্বাস্তু দপ্তরের ফাইলগুলিতে বারবার দেখা যায় ‘pending’, ‘under consideration’, ‘awaiting verification’ শব্দের পুনরাবৃত্তি, যেন ‘সময়’ নিজেই একটি প্রশাসনিক শ্রেণি। এই শব্দগুলো কেবল নথির ভাষা নয়; এগুলো মানুষের জীবনের বাস্তবতা ছিল। কোনো আবেদন বাতিল হচ্ছে না, আবার গ্রহণও করা হচ্ছে না — এই মধ্যবর্তী অবস্থানই ছিল অপেক্ষার রাজনীতি।১৩ এই মধ্যবর্তিতা মানুষকে স্থায়ীভাবে অস্থির করে রেখেছে, অথচ রাষ্ট্রের কাছে এটি ছিল একটি স্বাভাবিক প্রশাসনিক অবস্থা।
এই অপেক্ষা কেবল উদ্বাস্তুদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নাগরিকত্ব সংক্রান্ত নথি, বিশেষত সীমান্তবর্তী অঞ্চলে, দেখায় যে বহু মানুষকে বছরের পর বছর ‘provisional’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই অস্থায়ী নাগরিকত্ব মানে ছিল— ভবিষ্যতে হয়তো স্বীকৃতি আসবে, কিন্তু বর্তমান অনিশ্চিত। এই অনিশ্চয়তা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়; এটি ছিল রাষ্ট্রের সময় ব্যবস্থাপনার একটি কৌশল। নাগরিককে সম্পূর্ণ অস্বীকার না করে, তাকে অপেক্ষার মধ্যে রেখে রাষ্ট্র নিজের সার্বভৌম ক্ষমতা বজায় রেখেছে।১৪
এই প্রেক্ষাপটে আর্কাইভ আমাদের শেখায় যে ক্ষমতা সবসময় দৃশ্যমান হয় না। অনেক সময় ক্ষমতা সবচেয়ে কার্যকর হয় তখনই, যখন তা নিজেকে নিরপেক্ষ বলে দাবি করে। সময়ের ক্ষেত্রেও তাই। রাষ্ট্র কখনো বলেনি যে সে ইচ্ছাকৃতভাবে মানুষকে অপেক্ষা করাচ্ছে; বরং প্রশাসনিক যুক্তি, সীমাবদ্ধতা, এবং ভবিষ্যৎ পরিকল্পনার ভাষায় এই অপেক্ষাকে স্বাভাবিক করে তুলেছে। কিন্তু এই স্বাভাবিকীকরণই ছিল সহিংসতার মূল উৎস — কারণ যা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, তার বিরুদ্ধে প্রশ্ন তোলা কঠিন হয়ে যায়।
এই উপসংহারে এসে তাই সহিংসতার ধারণাকে আবারও বিস্তৃত করা প্রয়োজন। আমাদের বুঝতে হবে যে সহিংসতা মানে কেবল তাৎক্ষণিক ক্ষতি নয়; সহিংসতা মানে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা। যখন রাষ্ট্র বারবার বলে—’পরে’, ‘আগামীকাল’, ‘পরবর্তী ধাপে’ — তখন সে মানুষের ভবিষ্যৎ সময়কে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই নিয়ন্ত্রণের ফলেই নাগরিকের জীবন একটি স্থায়ী অন্তর্বর্তী অবস্থায় আটকে পড়ে।১৫
এই অন্তর্বর্তী অবস্থার ইতিহাস লিখতে গেলে আমাদের প্রচলিত ঐতিহাসিক পদ্ধতিও প্রশ্নের মুখে পড়ে। কারণ ইতিহাস সাধারণত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে — কিছু ঘটেছে, তাই তা গুরুত্বপূর্ণ। কিন্তু অপেক্ষার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো — কিছু ঘটেনি। এই ‘না-ঘটা’ই এখানে মূল ঘটনা। ফাইল এগোয়নি, সিদ্ধান্ত আসেনি, পুনর্বাসন সম্পন্ন হয়নি—এই অনুপস্থিতিগুলোই মানুষের জীবনের গতিপথ নির্ধারণ করেছে। আর্কাইভে এই অনুপস্থিতিগুলো ধরা পড়ে ফাঁকা জায়গায়, অসম্পূর্ণ নথিতে, এবং বারবার পিছিয়ে দেওয়া তারিখে।১৬
এই কারণে অপেক্ষার রাজনীতির ইতিহাস কেবল একটি নতুন বিষয় নয়; এটি একটি নতুন পদ্ধতির দাবি করে। এখানে ইতিহাসবিদকে শুধু নথির উপস্থিতি নয়, তার অনুপস্থিতিও পড়তে হয়। যে ফাইল বন্ধ হয়নি, যে আবেদন নিষ্পত্তি হয়নি, যে প্রতিশ্রুতি পূরণ হয়নি—এই অসম্পূর্ণতাগুলিই হয়ে ওঠে ঐতিহাসিক প্রমাণ। এই পদ্ধতি ইতিহাসকে আরও নৈতিকভাবে দায়বদ্ধ করে তোলে, কারণ এটি আমাদের বাধ্য করে সেই অভিজ্ঞতাগুলোর দিকে তাকাতে, যেগুলো রাষ্ট্র কখনো সম্পূর্ণভাবে স্বীকার করেনি।
এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল সম্ভবত এটি — স্বাধীনতার ধারণাকে নতুন করে ভাবা। স্বাধীনতা যদি কেবল আইনি সার্বভৌমত্ব হয়, তবে এই অপেক্ষা তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু স্বাধীনতা যদি দৈনন্দিন জীবনের সময় ব্যবহারের ক্ষমতা হয়, তবে এই অপেক্ষা স্বাধীনতার সীমাবদ্ধতাকেই প্রকাশ করে। স্বাধীন ভারতের প্রথম দশকে অনেক মানুষ আইনত স্বাধীন হলেও, সময়ের দিক থেকে তারা রাষ্ট্রের কাছে বন্দী ছিলেন। এই বন্দিত্ব কোনো কারাগারে ঘটেনি; এটি ঘটেছে ফাইলের স্তূপে, লাইনের ভিড়ে, এবং ভবিষ্যতের প্রতিশ্রুতিতে।১৭
এই উপসংহারে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাই না। বরং আমরা একটি প্রশ্ন রেখে যেতে চাই— আমরা কি ইতিহাসে ‘সময়’-কে সত্যিই নিরপেক্ষ বলে ধরে নিতে পারি? যদি না পারি, তাহলে আমাদের historiography-কে কীভাবে বদলাতে হবে? অপেক্ষার রাজনীতিকে গুরুত্ব দিলে হয়তো আমরা স্বাধীনতার ইতিহাসকে আর উৎসবের ধারাবাহিকতা হিসেবে পড়তে পারব না; আমাদের পড়তে হবে সেই দীর্ঘ, ক্লান্তিকর সময়গুলোকেও, যেখানে সাধারণ নিম্নবর্গের মানুষ কেবলই অপেক্ষা করেছে।
এই অপেক্ষার ইতিহাস আমাদের বর্তমানের দিকেও তাকাতে বাধ্য করে। আজও নাগরিকত্ব, পুনর্বাসন, কল্যাণ প্রকল্প, এবং ন্যায়বিচারের ক্ষেত্রে অপেক্ষা একটি সাধারণ অভিজ্ঞতা। এই ধারাবাহিকতা দেখায় যে অপেক্ষা কোনো অতীতের বিচ্যুতি নয়; এটি আধুনিক রাষ্ট্রের একটি স্থায়ী বৈশিষ্ট্য। অতএব, ১৯৪৭–১৯৫৭-এর ইতিহাস পড়া মানে কেবল অতীত বোঝা নয়; এটি বর্তমানকে চেনবারও একটি উপায়। এই প্রবন্ধের শেষে তাই কোনো সমাধান নয়, বরং একটি অনিশ্চয়তা রেখে যাওয়া জরুরি। কারণ অপেক্ষার রাজনীতিকে পুরোপুরি বোঝা মানে ইতিহাসের আরামদায়ক ভাষা থেকে বেরিয়ে আসা। এই বেরিয়ে আসা সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। ইতিহাস যদি সত্যিই নিপীড়িত অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে চায়, তবে তাকে সময়ের সহিংসতাকেও স্বীকার করতে হবে। হয়তো তখনই আমরা বুঝতে পারব—সময় কখনোই নিরপেক্ষ ছিল না, এবং সেই সূত্রে ইতিহাসও কখনো নিরপেক্ষ থাকতে পারে না।
টীকা
১. Bipan Chandra et al., India Since Independence (New Delhi: Penguin, 2008), pp. 35–62.
২. Craig Jeffrey, Timepass: Youth, Class, and the Politics of Waiting in India (Stanford: Stanford University Press, 2010), pp. 11–18.
৩. Michel Foucault, Discipline and Punish: The Birth of the Prison, trans. Alan Sheridan (New York: Vintage, 1977), pp. 26–27.
৪. Gyanendra Pandey, Remembering Partition: Violence, Nationalism and History in India (Cambridge: Cambridge University Press, 2001), pp. 4–9.
৫. Achille Mbembe, “Necropolitics,” Public Culture Vol. 15, No. 1 (2003): 21–23.
৬. Partha Chatterjee, The Politics of the Governed (New York: Columbia University Press, 2004), pp. 38–42.
৭. Joya Chatterji, The Spoils of Partition: Bengal and India, 1947–1967 (Cambridge: Cambridge University Press, 2007), pp. 118–125.
৮. Benjamin Siegel, “Hunger and the Nation: Food Politics in Early Independent India,” Modern Asian Studies Vol. 45, no. 2 (2011): 372–376.
৯. Ramachandra Guha, India After Gandhi (New Delhi: Picador, 2007), p. 206.
১০. Michel Foucault, Discipline and Punish (New York: Vintage, 1977), pp. 26–27.
১১. Craig Jeffrey, Timepass: Youth, Class, and the Politics of Waiting in India (Stanford: Stanford University Press, 2010), pp. 14–19.
১২. Achille Mbembe, “Necropolitics,” 21–25.
১৩. Government of India, Ministry of Rehabilitation, Annual Report, 1952–53 (New Delhi: Government Press, 1953), pp. 41–45.
১৪. Vazira Fazila-Yacoobali Zamindar, The Long Partition and the Making of Modern South Asia (New York: Columbia University Press, 2007), pp. 132–138.
১৫. Michel Foucault, Society Must Be Defended, trans. David Macey (New York: Picador, 2003), pp. 241–243.
১৬. Ann Laura Stoler, Along the Archival Grain (Princeton: Princeton University Press, 2009), pp. 20–26.
১৭. Partha Chatterjee, Lineages of Political Society (New York: Columbia University Press, 2011), pp. 57–63.
খুবই সময়োচিত লেখা। ইতিহাসকে অন্য ভাবে ভাবার একটি অনবদ্য প্রয়াস। লেখিকার কাছে অনুরোধ রইলো এইরকম আরও Thought Provoking লেখা লেখার জন্য!
ধন্যবাদ । ভবিষ্যতে অবশ্যই এই ধরনের আরও লেখা লেখার চেষ্টা করবো।
বেশ অন্যরকম একটি লেখা! পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ । ভবিষ্যতে অবশ্যই এই ধরনের আরও লেখা লেখার চেষ্টা করবো।
খুব সুন্দর একটি লেখা! বেশ অন্য রকম একটি লেখা! লেখিকাকে অনুরোধ করবো যাতে এই রকম লেখা উনি আরও লেখেন!
ধন্যবাদ আপনার মূল্যবান মতামত-এর জন্য, অবশ্যই চেষ্টা করবো ভবিষ্যতে এইরকম আরও লেখা লেখার।
প্রাঞ্জল লেখা! এবং একটি অন্য রকম দৃষ্টিকোণ থেকে লেখা! লেখিকাকে ধন্যবাদ এইরকম একটি লেখা আমাদের উপহার দেওয়ার জন্য।
ধন্যবাদ !
ভালো লেখা।
ধন্যবাদ !
ধন্যবাদ