রাতের রাজনীতি
অন্ধকার, শ্রম ও ‘অনৈতিকতা’ নির্মাণের ইতিহাস
১
রাত প্রায় দশটা। হুগলি নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে চলেছে একটি ছোটো ফেরি। দিনের আলোয় এই ফেরিঘাট ছিল কোলাহলপূর্ণ—ব্যবসা, যাত্রী, দরকষাকষি, হিসাবের কোলাহলে আলোকিত। কিন্তু এখানে রাত নামতেই দৃশ্য বদলে যায়। চারপাশে অন্ধকার, কেবল জলের শব্দ আর দূরের শহরের অস্পষ্ট আলো। ফেরির এক পাশে বসে থাকা মাঝিটি সারাদিনের পরিশ্রম শেষে আবার কাজে নেমেছে। তবে তার এই শ্রম দিনের নয়—অন্ধকার রাতের। আর এই রাতই তার কাজকে ইতিহাসের চোখে ভিন্ন অর্থ দেয়। দিনের আলোয় যে শ্রম ছিল স্বাভাবিক জীবিকা, রাতের অন্ধকারে সেই শ্রমই হয়ে ওঠে সন্দেহজনক। ইতিহাসে রাত যেন কেবল একটি সময় নয়—একটি নৈতিক সীমারেখা, একটি রাজনৈতিক নির্মাণ।

চিত্র: Urban Moonlight, Daily Art Magazine
ইতিহাসচর্চায় সাধারণত মানব জাতির ইতিহাস আলোর মধ্যে দাঁড়িয়ে লেখা হয়। দিনের ঘটনা, দৃশ্যমান ক্ষমতা, লিখিত আইন, প্রকাশ্য আন্দোলন— এসবই ইতিহাসের মূল উপাদান হিসেবে বিবেচিত হয়। অথচ রাতের অন্ধকারে সংঘটিত শ্রম, চলাচল, দেহের উপস্থিতি এবং নিঃশব্দ ভয় দীর্ঘদিন ধরে ইতিহাস আলোচনার প্রান্তে রয়ে গেছে। এই প্রবন্ধে আমরা দেখার চেষ্টা করব যে, রাত কোনো প্রাকৃতিক বা নিরপেক্ষ সময় নয়; বরং ইতিহাসে রাত নির্মিত হয়েছে একটি রাজনৈতিক পরিসর হিসেবে, যেখানে শ্রম, শরীর ও নৈতিকতাকে একত্রে শাসনের অধীনে আনা হয়েছে।
আমরা আমাদের আলোচনার জন্য ঔপনিবেশিক বাংলাকে বেছে নিয়েছি কারণ ঔপনিবেশিক বাংলায় এই নির্মাণ আমাদের কাছে বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে। ব্রিটিশ প্রশাসনের কাছে রাত ছিল এমন এক সময়, যেখানে দৃশ্যমানতা কম, নজরদারি দুর্বল এবং শৃঙ্খলা অনিশ্চিত। ফলে রাতকে বোঝার ভাষা হয়ে ওঠে ভয় ও আশঙ্কার ভাষা। উনিশ শতকের কলকাতা পুলিশ রিপোর্টগুলিতে রাতকে বারবার চিহ্নিত করা হয়েছে ‘disorderly activities’-এর সময় হিসেবে, যেখানে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে রাতের শ্রমিক, কুলি, ফেরিওয়ালা এবং রিকশাচালকদের চলাচলের উপর।[i] এখানে লক্ষণীয়—রাতের সঙ্গে অপরাধের এই সংযোগ বাস্তব পরিসংখ্যানের তুলনায় প্রশাসনিক উদ্বেগের ফলে বেশি মনে হয়।
এই উদ্বেগ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় নৈতিকতার একটি ভাষা। দিনের শ্রমকে দেখা হয় উৎপাদনশীলতা ও অর্থনীতির চোখে, আর রাতের শ্রমকে দেখা হতে থাকে সামাজিক বিচ্যুতি হিসেবে। ১৮৯১ সালের Bengal Municipal Administration Report-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রাতের সময় ‘নিম্নবর্গের অবাধ চলাচল’ শহরের নৈতিক ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।[ii] এখানে ‘নিম্নবর্গ’ শব্দটি কেবল শ্রেণিগত অবস্থান নয়, বরং একটি নৈতিক অবস্থানও নির্দেশ করে। ফলে শ্রম নিজেই দুই ভাগে বিভক্ত হয়—দিনের বৈধ শ্রম এবং রাতের সন্দেহজনক শ্রম।
এই প্রক্রিয়ায় মানুষের শরীর হয়ে ওঠে ইতিহাসের কেন্দ্রীয় উপাদান। রাতের অন্ধকারে যে শরীরগুলি কাজ করে—শ্রমিকের শরীর, নারীর শরীর, প্রান্তিক মানুষের শরীর—সেগুলি সহজেই নজরদারির লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে যায়। ঔপনিবেশিক সংবাদপত্র ও পুলিশি নথিতে নারীর রাতের উপস্থিতিকে প্রায়শই শ্রমের সঙ্গে নয়, বরং ‘অনৈতিকতা’-র সঙ্গে যুক্ত করা হয়েছে।[iii] ফলে রাত নারীর জন্য একটি দ্বিগুণ নিয়ন্ত্রণের ক্ষেত্র হয়ে ওঠে—একদিকে শারীরিক নিরাপত্তার অভাব, অন্যদিকে সামাজিক সন্দেহ। রাত এখানে একটি লিঙ্গায়িত সময়।
এই ঐতিহাসিক প্রক্রিয়াকে বোঝার জন্য সময়কে কেবল ঘড়ির কাঁটার হিসাব হিসেবে দেখলে চলবে না। ই. পি. থম্পসন দেখিয়েছেন, আধুনিক শাসনব্যবস্থায় সময় নিজেই একটি শৃঙ্খলার প্রযুক্তি—যা শ্রমকে নিয়ন্ত্রণ করে এবং দেহকে রাষ্ট্রীয় সময়ের নিয়মে বাঁধে।[iv] ঔপনিবেশিক বাংলায় এই সময়-শৃঙ্খলা দিনের আলোতে প্রতিষ্ঠিত হলেও, রাতের ক্ষেত্রে সেই শৃঙ্খলা ভেঙে পড়ে। এই ভাঙন থেকেই জন্ম নেয় প্রশাসনিক আতঙ্ক, এবং সেই আতঙ্ককে সামলাতেই রাতকে নৈতিকতার ভাষায় ব্যাখ্যা করা শুরু হয়।
মিশেল ফুকোর ক্ষমতা ও নজরদারির ধারণা এই প্রসঙ্গে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ফুকো দেখিয়েছেন যে ক্ষমতা কেবল আইন বা বলপ্রয়োগের মাধ্যমে কাজ করে না; বরং এটি কাজ করে জ্ঞান, ভাষা ও শ্রেণিবিভাগের মাধ্যমে।[v] ঔপনিবেশিক বাংলায় ‘রাত’, ‘অনৈতিকতা’ ও ‘শৃঙ্খলা’ এই তিনটি ধারণা একসঙ্গে যুক্ত হয়ে একটি শাসনভাষা তৈরি করেছিল। রাত তাই কেবল অন্ধকার সময় নয়—এটি এমন এক পরিসর, যেখানে ক্ষমতা সবচেয়ে স্পষ্টভাবে শরীর ও শ্রমকে চিহ্নিত করে।
এই প্রবন্ধ সেই ইতিহাসের দিকেই দৃষ্টি ফেরাতে চায়—যে ইতিহাস দিনের আলোয় লেখা হয়নি। রাতের শ্রমিক, ফেরিঘাটের মাঝি, অন্ধকারে চলাচলকারী নারী—তাদের উপস্থিতি ইতিহাসে প্রায়শই নীরব। কিন্তু এই নীরবতাই শাসনের অন্যতম শর্ত। ইতিহাস আজও মূলত দিনের আলোতেই লেখা হয়; ইতিহাসচর্চায় রাত এখনো উপেক্ষিত, সন্দেহের এবং নৈতিকতার ভারে চাপা পড়ে থাকা একটি সময় হিসেবেই রয়ে গেছে।
২
ঔপনিবেশিক বাংলায় রাতকে বোঝার জন্য প্রথমেই মনে রাখা জরুরি যে রাত কখনোই কেবল সূর্যাস্তের পরের সময় ছিল না। প্রশাসনিক নথিতে রাত ধীরে ধীরে একটি বিশেষ শ্রেণিবদ্ধ সময়ে পরিণত হয়, যেখানে নির্দিষ্ট কিছু কাজ, কিছু মানুষ এবং কিছু শরীরকে ‘স্বাভাবিক’ সময়ের বাইরে ঠেলে দেওয়া হয়। এই প্রক্রিয়ায় রাত কার্যত একটি সামাজিক ফিল্টার হিসেবে কাজ করে—যার মধ্য দিয়ে নির্দিষ্ট শ্রেণি ও পেশাকে আলাদা করে চিহ্নিত করা হয়।
রেলওয়ে, বন্দর ও ফেরিঘাট সংক্রান্ত ঔপনিবেশিক রিপোর্টগুলি এই শ্রেণিবিভাগের স্পষ্ট সাক্ষ্য দেয়। উনিশ শতকের শেষভাগে কলকাতা বন্দর এলাকায় রাতের শ্রমিকদের উপর নজরদারি বাড়ানো হয় এই যুক্তিতে যে রাতের কাজ ‘আইনের চোখ এড়িয়ে’ সংঘটিত হয়।[vi] এখানে শ্রমের প্রকৃতি নয়, বরং সময়ই হয়ে ওঠে সন্দেহের কারণ। দিনের আলোতে যে কাজ ছিল রাষ্ট্রের অর্থনীতির অংশ, রাতের অন্ধকারে সেই একই কাজ রাষ্ট্রের কাছে হয়ে ওঠে নিয়ন্ত্রণের সমস্যা।
এই নিয়ন্ত্রণের একটি বড় ক্ষেত্র ছিল চলাচল। রাতের চলাচলকে প্রশাসন বরাবরই দেখেছে বিশৃঙ্খলার সম্ভাব্য উৎস হিসেবে। ১৮৮০–৯০-এর দশকের কলকাতা পুলিশের নাইট পেট্রল সংক্রান্ত নথিতে দেখা যায়, রাতের টহলের প্রধান লক্ষ্য ছিল ‘unnecessary movement after dusk’[vii]-এর ওপরে নজর রাখা। কিন্তু ‘অপ্রয়োজনীয়’ চলাচল যে কী—তার সংজ্ঞা নির্ধারণ করত ক্ষমতা। শ্রমিকের কাজের প্রয়োজনে চলাচল, নারীর ব্যক্তিগত প্রয়োজনে চলাচল—এসব প্রায়শই অপ্রয়োজনীয় বলে চিহ্নিত হত। ফলে রাতের রাস্তাগুলি পরিণত হয় শাসনের পরীক্ষাগারে।
এই পরীক্ষাগারে শরীর হয়ে ওঠে পরীক্ষার প্রধান বিষয়। রাতের অন্ধকারে শরীরের উপস্থিতি নিজেই একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়। বিশেষ করে নিম্নবর্গীয় ও শ্রমজীবী শরীর রাষ্ট্রের চোখে বহন করত সম্ভাব্য অপরাধের চিহ্ন। মিউনিসিপ্যাল নথিতে বারবার উল্লেখ করা হয়েছে, রাতের সময় ‘idle bodies’ শহরের জন্য বিপজ্জনক।[viii] কিন্তু এই ‘idle’ শরীরগুলি বাস্তবে অলস ছিল না; বরং তারা ছিল এমন শ্রমে নিযুক্ত, যা দিনের শৃঙ্খলার সঙ্গে খাপ খায় না। ফলে অলসতা এখানে বাস্তব অবস্থা নয়, বরং একটি প্রশাসনিক লেবেল/মার্কার-এ পরিণত হয়েছিল।
এই লেবেলিং প্রক্রিয়া বিশেষভাবে তীব্র হয় যৌনতা ও নৈতিকতার ক্ষেত্রে। ঔপনিবেশিক বাংলায় রাতের সঙ্গে যৌনতার একটি প্রায় স্বয়ংক্রিয় সংযোগ তৈরি হয়। সুমন্ত ব্যানার্জি দেখিয়েছেন, উনিশ শতকের শেষভাগে কলকাতার পুলিশি ভাষায় ‘night women’ শব্দবন্ধটি ক্রমে একটি সাধারণ শ্রেণি হিসেবে ব্যবহৃত হতে থাকে—যার মধ্যে শ্রমজীবী নারী ও যৌনকর্মীদের মধ্যে কোনো স্পষ্ট পার্থক্য রাখা হয়নি।[ix] এর ফলে নারীর শ্রমকে রাত দৃশ্যমান করে না বরং যৌনতার ছায়ায় ঢেকে দেয়।
এই নৈতিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল গুজব এবং আতঙ্ক। রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাগুলি দ্রুত রূপ নিত অতিরঞ্জিত গল্পে। ঔপনিবেশিক সংবাদপত্রে প্রায়ই দেখা যায়, রাতের কোনো বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে পুরো একটি গোষ্ঠীকে জুড়ে দেওয়া হয়েছে। এই গুজবগুলি প্রশাসনের জন্য প্রচণ্ড কার্যকর ছিল—কারণ এগুলি সাধারণ মানুষের ভয় বাড়িয়ে ঔপনিবেশিক নজরদারিকে বৈধতা দিত।[x] ফলে সেই আমলে রাত কেবল নিয়ন্ত্রিত সময় নয়, বরং আতঙ্ক উৎপাদনের ক্ষেত্র হয়ে উঠেছিলো।
এখানে রাষ্ট্রের ক্ষমতা শুধু বাহ্যিক নিয়ন্ত্রণে সীমাবদ্ধ ছিল না; এটি ধীরে ধীরে মানুষের আত্ম-অনুশাসনে পরিণত হয়। মিশেল ফুকোর ‘governmentality’-র ধারণা আমাদের এই প্রক্রিয়াকে বুঝতে সাহায্য করে। ফুকোর মতে, আধুনিক ক্ষমতা এমনভাবে কাজ করে যাতে মানুষ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে।[xi] ঔপনিবেশিক বাংলায় রাতের ভয়, সামাজিক বদনাম ও নৈতিক সন্দেহ মানুষের মধ্যে এমন এক আত্মসংযম তৈরি করে, যার ফলে অনেকেই রাতের শ্রম বা চলাচল এড়িয়ে চলতে বাধ্য হয়।
এই আত্মসংযমের প্রভাব শ্রেণিভেদে সমান ছিল না। উচ্চবর্গের ক্ষেত্রে রাত ছিল ব্যক্তিগত অবকাশের সময়—আড্ডা, সাহিত্যচর্চা, ঘরোয়া মজলিশের সময়। কিন্তু নিম্নবর্গের বহু মানুষের ক্ষেত্রে রাত ছিল জীবিকার সময়, যা একই সঙ্গে ছিল বিপজ্জনক এবং নিন্দিত। এই দ্বৈততা রাতকে একটি শ্রেণিভিত্তিক সময়ে পরিণত করে। ইতিহাসে এই বিভাজন খুব কমই আলোচিত হয়েছে, কারণ ঐতিহাসিক দলিল মূলত উচ্চবর্গীয় অভিজ্ঞতাকেই সংরক্ষণ করেছে।
এইখানেই আসে আর্কাইভের প্রশ্ন। রাতের শ্রমিকদের কণ্ঠস্বর সরাসরি নথিতে খুব কমই পাওয়া যায়। তারা উপস্থিত থাকে কেবল প্রশাসনিক বর্ণনায়—অপরাধের সম্ভাবনা হিসেবে, সমস্যার উৎস হিসেবে। রণজিৎ গুহ যে ‘dominance without hegemony’-র কথা বলেছেন, রাতের ইতিহাস তার একটি উৎকৃষ্ট উদাহরণ।[xii] এখানে শাসন কার্যকর হয় সম্মতির মাধ্যমে নয়, বরং ভয়, নীরবতা এবং অদৃশ্যতার মাধ্যমে।
রাতের এই অদৃশ্যতা ইতিহাসচর্চার একটি মৌলিক সমস্যার দিককেও ইঙ্গিত করে। আমরা প্রায়শই ধরে নিই যে ইতিহাস মানে দৃশ্যমান ঘটনা ও উচ্চস্বরে ঘোষিত পরিবর্তন। কিন্তু রাত দেখায়—ক্ষমতার অনেক কাজই ঘটে নিঃশব্দে, দৈনন্দিন জীবনের স্তরে। শ্রমিক যখন দিনের কাজকে স্বাভাবিক বলে মেনে নেয়, নারী যখন বদনামের ভয়ে রাতে সীমিত চলাচল করে—তখন ক্ষমতা সবচেয়ে সফল হয়।
এই কারণে রাতের রাজনীতি কেবল অতীতের বিষয় নয়। এটি আমাদের শেখায় কীভাবে সময়, নৈতিকতা ও শ্রম একসঙ্গে জুড়ে গিয়ে সামাজিক শৃঙ্খলা তৈরি করে। ঔপনিবেশিক বাংলায় রাত ছিল এমন এক ক্ষেত্র, যেখানে রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সমাজের নৈতিকতা এবং ব্যক্তির জীবন একত্রে সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষের ইতিহাস লেখা মানে কেবল একটি উপেক্ষিত সময়কে দৃশ্যমান করা নয়, বরং ইতিহাস লেখার নিজস্ব আলোকিত পক্ষপাতকেও প্রশ্ন করা।
৩
রাতের ইতিহাস আমাদের একটি মৌলিক উপলব্ধির সামনে দাঁড় করায়—ক্ষমতা সবসময় আইন বা প্রকাশ্য নিষেধাজ্ঞার মাধ্যমে কাজ করে না; অনেক সময় তা কাজ করে সময়কে পুনর্বিন্যাস করার মাধ্যমে। ঔপনিবেশিক বাংলায় রাত ছিল এমন এক সময়, যেখানে শাসন দৃশ্যমানতার অভাবকে নিজের পক্ষে ব্যবহার করেছে। দিনের আলোর যুক্তি যেখানে উৎপাদনশীলতা ও শৃঙ্খলার সঙ্গে যুক্ত, রাত সেখানে পরিণত হয়েছে অনিশ্চয়তা ও নৈতিক সংশয়ের প্রতীক হিসেবে। এই রূপান্তর কোনো স্বাভাবিক সাংস্কৃতিক প্রবণতা নয়; এটি ছিল রাষ্ট্র, সমাজ ও জ্ঞানের সম্মিলিত নির্মাণ।
ঐতিহাসিক নথিগুলি দেখায়, প্রশাসনিক হস্তক্ষেপ রাতের ক্ষেত্রে কখনোই নিরপেক্ষ ছিল না। কারফিউ, নাইট পাস, টহল, এবং রাতের জন্য আলাদা নিয়মাবলি—এসবের মূল লক্ষ্য ছিল কেবল অপরাধ দমন নয়, বরং নির্দিষ্ট ধরনের জীবনযাপনকে সীমাবদ্ধ করা।[xiii] বিশেষত যেসব পেশা রাতের উপর নির্ভরশীল ছিল যেমন বন্দরশ্রমিক, পরিবহনকর্মী, পরিষেবা শ্রমিক, তাদের কাজ রাষ্ট্রের চোখে ক্রমশ নৈতিক প্রশ্নে পরিণত হয়। এই নৈতিকতা অর্থনীতির ভাষাকে সরিয়ে দিয়ে শাসনের ভাষাকে সামনে আনে।
এই প্রক্রিয়ায় সময় নিজেই সামাজিক অসমতার বাহক হয়ে ওঠে। দিনের সময় উচ্চবর্গীয় অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে ইতিহাসে সংরক্ষিত হয়েছে, অথচ রাতের অভিজ্ঞতা থেকে গেছে খণ্ডিত ও পরোক্ষ হিসেবে। আর্কাইভে রাতের মানুষরা উপস্থিত থাকেন মূলত প্রশাসনিক অভিযোগ, সন্দেহ বা পরিসংখ্যানের মাধ্যমে—নিজস্ব ভাষায় নয়।[xiv] ফলে ইতিহাসে যে নীরবতা তৈরি হয়, তা কেবল তথ্যের অভাবের জন্য নয়; বরং বলা যায়, এটি একটি কাঠামোগত ফল। ক্ষমতা এখানে কাজ করে নীরবতার মধ্য দিয়েই।
তাত্ত্বিকভাবে এই পরিস্থিতি আমাদের সময় ও ক্ষমতার সম্পর্ক নতুনভাবে ভাবতে বাধ্য করে। পিয়ের বুর্দিয়ুর ধারণায়, সামাজিক নিয়মাবলি দেহের মধ্যে অভ্যাস হিসেবে বসে যায়।[xv] ঔপনিবেশিক বাংলায় রাতের ভয়, বদনাম ও নিয়ন্ত্রণ ধীরে ধীরে মানুষের দৈনন্দিন সিদ্ধান্তে মিশে যায়—মানুষ কখন বেরোবে, কোথায় যাবে, কোন কাজ গ্রহণযোগ্য সবই নির্ধারিত হতে থাকে সময়ের নিরিখে। এই অভ্যাসগত নিয়ন্ত্রণই ক্ষমতার সবচেয়ে দীর্ঘস্থায়ী রূপ। এখানে রাষ্ট্র সরাসরি উপস্থিত না থেকেও কার্যকর থাকে।
এখানেই রাতের ইতিহাস একটি বিস্তৃত প্রশ্ন তোলে—ইতিহাস কি কেবল দৃশ্যমান পরিবর্তনের ধারাবাহিকতা, নাকি অদৃশ্য শাসনের নকশাও তার অংশ? রাত দেখায়, আধুনিক শাসনব্যবস্থায় নিয়ন্ত্রণের বড় অংশ ঘটে এমন স্তরে, যেখানে প্রতিরোধ স্পষ্ট নয়, কিন্তু প্রভাব গভীর। এই উপলব্ধি আমাদের কেবল ঔপনিবেশিক বাংলাকে নতুনভাবে পড়তে সাহায্য করে না; এটি ইতিহাসচর্চার পদ্ধতিগত সীমাবদ্ধতাকেও সামনে আনে।
অতএব, রাতের রাজনীতি নিয়ে আলোচনা কোনো প্রান্তিক বিষয় নয়। এটি সময়, শ্রম ও নৈতিকতার আন্তঃসম্পর্ক বোঝার একটি কেন্দ্রীয় পথ। যতদিন ইতিহাস মূলত দিনের আলোতে লেখা হবে, ততদিন এই অন্ধকার সময়ে গঠিত শাসনের কাঠামো আংশিকভাবেই বোঝা যাবে। রাতকে ইতিহাসের কেন্দ্রে আনা মানে কেবল একটি উপেক্ষিত সময়কে দৃশ্যমান করা নয়; বরং ক্ষমতার কাজ করার পদ্ধতিকে নতুনভাবে চিনতে শেখা।
প্রচ্ছদ চিত্র পরিচিতি: দ্য স্লিপিং জিপসি, হেনরি রুশো, ১৮৯৭
তথ্যসূত্র:
[i] Calcutta Police Report, Government of Bengal, (1866) 17–19.
[ii] Bengal Municipal Administration Report, Government Press, (1891) 42–44.
[iii] Sumanta Banerjee, Dangerous Outcast: The Prostitute in Nineteenth Century Bengal, Seagull Books, (1998) 73–78.
[iv] E. P. Thompson, “Time, Work-Discipline and Industrial Capitalism,” Past & Present, No. 38 (1967) 56–58.
[v] Michel Foucault, Discipline and Punish: The Birth of the Prison, Vintage Books, (1977) 195–200.
[vi] Report on the Administration of the Port of Calcutta, Government of India, (1885) 31–34.
[vii] Calcutta Police Night Patrol Instructions, Government of Bengal, (1894) 12–15.
[viii] Proceedings of the Calcutta Municipal Corporation, (1892) 58–60.
[ix] Sumanta Banerjee, Dangerous Outcast, 101–106.
[x] Swati Chattopadhyay, Representing Calcutta: Modernity, Nationalism, and the Colonial Uncanny, Routledge, (2005) 142–147.
[xi] Michel Foucault, Security, Territory, Population, Palgrave Macmillan, (2007) 87–92.
[xii] Ranajit Guha, Dominance without Hegemony, Harvard University Press, (1997) 23–27.
[xiii] Indian Police Commission Report, Government of India, (1902) 64–68.
[xiv] Gyan Prakash, Another Reason: Science and the Imagination of Modern India, Princeton University Press, (1999) 112–116.
[xv] Pierre Bourdieu, Outline of a Theory of Practice, Cambridge University Press, (1977) 72–75.
খুব সুন্দর লেখা। এ বিষয়ে আরও বিশদ জানার অনুরোধ রইল লেখকের কাছে।
অবশ্যই। এই বিষয়ে আমি আরও লেখা লিখবো অবশ্যই।
একদম অন্যরকম আঙ্গিক। ভালো লাগলো।
ধন্যবাদ ম্যাম!
একদমই নতুন একটা ভাবনার দিক মনে হলো আমার কাছে। লেখক যদি ভবিষ্যতে একটু বিস্তারিত উদাহরণ সহযোগে লেখেন, ভালো হয়।
অবশ্যই। এটি আমার নিজের গবেষণার বিষয়, অবশ্যই আমি আরও উদাহরণ দিয়ে লেখার চেষ্টা করবো!
ইতিহাসের একদম নতুন দিক, ইতিহাস চর্চা তে যে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে তা সত্যিই কল্পনার বাইরে ছিল, বিষয় টি নিয়ে ভবিষ্যতে আরও চর্চা হোক, ইতিহাসের এক নতুন দিক উন্মুক্ত হোক এই আশা রাখি
অবশ্যই চেষ্টা করবো!
দাদা তোমার লেখাটা একদম অন্য ধারার রচনা। আরো এরকম লেখা পাব এই আশায় রইলাম।
ধন্যবাদ
ইতিহাসের একদম নতুন দিক, ইতিহাস চর্চা তে যে এই বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে তা সত্যিই কল্পনার বাইরে ছিল, বিষয় টি নিয়ে ভবিষ্যতে আরও চর্চা হোক, ইতিহাসের এক নতুন দিক উন্মুক্ত হোক এই আশা রাখি
অবশ্যই চেষ্টা করবো এই বিষয়ে আরও লেখার।
একদম নতুন একটি ভাবনা ইতিহাসে, ইতিহাসের এক নতুন দিক দেখিয়েছেন, এটি নিয়ে চর্চা হোক, ইতিহাসের এক নতুন দিক শুরু হোক এই আশা রাখি