ল্যাটিন ভাষা: ধ্রুপদী মহিমা থেকে আধুনিক উত্তরাধিকার
ভূমিকা
পূর্বতন একটি নিবন্ধে আমরা সংস্কৃতের সঙ্গে ল্যাটিনের তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখিয়েছিলাম যে কোনোটিই ‘কৃত্রিম’ ভাষা নয়, বরং উভয়ই জৈবিক ভাষাগত বিবর্তনের ফলে সৃষ্ট মানকীকৃত সাহিত্যিক রূপ। এই প্রবন্ধে আমরা ল্যাটিন ভাষার সম্পূর্ণ যাত্রাকে অনুসরণ করব। তার ইন্দো-ইউরোপীয় উৎস থেকে শুরু করে আদি ল্যাটিনের উদ্ভব, ধ্রুপদী ল্যাটিনের মানকীকরণ, তার জটিল ব্যাকরণিক কাঠামো, সাহিত্যিক অবদান এবং শেষে রোমান্স ভাষাগুলিতে তার রূপান্তর। বিশেষত, আমরা দেখাব কীভাবে ধ্রুপদী ল্যাটিন একটি স্বাভাবিক ভাষাগত বিবর্তনের ফসল ছিল, যেখানে সাহিত্যিক ও বাগ্মীরা কথ্য ভাষার বৈচিত্র্য থেকে একটি মানক সাহিত্যিক রূপ তৈরি করেছিলেন।
ল্যাটিনতো শুধু এক প্রাচীন ভাষা নয়, এটি সেই ভাষা, যার সুরে গড়ে উঠেছিল প্রাচীন ইউরোপের চিন্তা, আইন ও সাহিত্য। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে রোম নগরীর ছোট্ট অঞ্চল থেকে যাত্রা শুরু করে ল্যাটিন ধীরে ধীরে এই সাম্রাজ্যের সঙ্গেই বিস্তৃত হয়, পৌঁছে যায় ভূমধ্যসাগর পেরিয়ে পশ্চিম ইউরোপ ও উত্তর আফ্রিকায়। রোমান সাম্রাজ্য বিলীন হয়েছে বহু আগেই, কিন্তু ল্যাটিনের ছাপ আজও রয়ে গেছে—রোমান্স ভাষাগুলির মাতৃস্বরূপে, বিজ্ঞান ও শিক্ষার ভাষায়, এমনকি ইউরোপীয় সংস্কৃতির মননেও। আজ ল্যাটিন কথ্য ভাষা নয়, তবুও এর প্রভাব সর্বত্র। চিকিৎসা, জীববিজ্ঞান ও আইনশাস্ত্রে ল্যাটিন পরিভাষা এখনো অপরিহার্য। গির্জা ও অ্যাকাডেমিক পরিমণ্ডলেও এই ভাষা বেঁচে আছে এক বিশেষ মর্যাদায়। তাই ল্যাটিন কেবল অতীতের একটি ভাষা নয়, একে বলা চলে পশ্চিমের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের প্রাণস্রোত।
ধ্রুপদী ল্যাটিন মোটামুটি খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে তার পূর্ণতা লাভ করে। মার্কাস টুলিয়াস সিসিরো, পুবলিয়াস ভার্জিলিয়াস মারো (ভার্জিল), কুইন্টাস হোরাটিয়াস ফ্ল্যাকাস (হোরেস) এবং পুবলিয়াস ওভিডিয়াস নাসো (ওভিড)-এর মতো লেখকরা ল্যাটিন ভাষার সবচেয়ে পরিশীলিত ও মার্জিত রূপটি তৈরি করেন, যা পরবর্তী যুগে সাহিত্যিক মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই ধ্রুপদী রূপটি ছিল সাহিত্যিক অভিজাত ও শিক্ষিত শ্রেণির ভাষা, যা ‘অমার্জিত ল্যাটিন’ (Vulgar Latin) নামে পরিচিত রোমান সাম্রাজ্যের সাধারণ মানুষের কথ্য ভাষা থেকে সচেতনভাবে পৃথক ছিল।
১. উৎপত্তি ও ঐতিহাসিক বিবর্তন
১.১. ইন্দো-ইউরোপীয় ভিত্তি ও আদি ল্যাটিন
ল্যাটিন ভাষার মূল উৎপত্তি ইন্দো-ইউরোপীয় (Indo-European) ভাষা পরিবারের ইতালিক (Italic) শাখায়। প্রায় ৪০০০-৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে প্রোটো-ইন্দো-ইউরোপীয় (PIE) ভাষা—সম্ভবত পন্টিক-ক্যাস্পিয়ান স্তেপ অঞ্চলে—থেকে যে ভাষাগত বিস্তার ঘটে, তার থেকেই পরবর্তীতে ল্যাটিন, গ্রিক, সংস্কৃত, জার্মানিক ভাষাসমূহ, স্লাভিক ভাষাসমূহ এবং অন্যান্য শত শত ভাষার উদ্ভব ঘটে। ইন্দো-ইউরোপীয় ভাষার সাধারণ বৈশিষ্ট্যগুলি, যেমন বিভক্তিমূলক ব্যাকরণ (Inflectional Morphology), ত্রিলিঙ্গ ব্যবস্থা (তিনটি লিঙ্গ: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ), বহুকারক ব্যবস্থা এবং জটিল ক্রিয়াপদীয় রূপতত্ত্ব ল্যাটিনে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে ইন্দো-ইউরোপীয় জনগোষ্ঠী ইতালি উপদ্বীপে প্রবেশ করে এবং তাদের ভাষা স্থানীয় ভূমধ্যসাগরীয় ভাষার সঙ্গে মিশ্রিত হয়ে প্রোটো-ইতালিক (Proto-Italic) ভাষার জন্ম দেয়। এই প্রোটো-ইতালিক ভাষা থেকেই পরবর্তীকালে ল্যাটিন, ফালিস্কান (Faliscan), ওস্কান (Oscan), এবং আম্ব্রিয়ান (Umbrian) ভাষার উদ্ভব ঘটে। প্রাথমিকভাবে ল্যাটিন ছিল লাতিয়াম অঞ্চলের একটি স্থানীয় ভাষা, যা পরে রোম নগরীর ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
আদি ল্যাটিন (Old Latin বা Archaic Latin) খ্রিস্টপূর্ব ৭৫০ থেকে ১০০ অব্দ পর্যন্ত বিস্তৃত কালপর্বকে বোঝায়। এই যুগের ল্যাটিনের সবচেয়ে প্রাচীন লিখিত প্রমাণ হলো খ্রিস্টপূর্ব ৭ম শতাব্দীর ‘প্রিনেস্টি ফিবুলা’ (Praeneste Fibula) — একটি সোনার ব্রোচ যাতে ‘MANIOS MED FHEFHAKED NUMASIOI’ লেখা রয়েছে, যার অর্থ ‘ম্যানিয়াস আমাকে নুমেরিয়াসের জন্য তৈরি করেছেন’ (Manius made me for Numerius)। এছাড়া খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর ‘ডুয়েনোস শিলালিপি’ (Duenos Inscription) এবং ‘লাপিস নিগার’ (Lapis Niger) আদি ল্যাটিনের গুরুত্বপূর্ণ নিদর্শন। এই যুগে ল্যাটিনের বানান ও ধ্বনিতে তখনও স্থিরতা আসেনি, আর বাক্যগঠনও ছিল কথ্য ভাষার মতো সরল। তবে এই পর্যায়েই গড়ে ওঠে ল্যাটিন ব্যাকরণের মৌল কাঠামো, যা পরবর্তীতে ধ্রুপদী ল্যাটিনে পরিশীলিত রূপ পায়।
১.২. ধ্রুপদী ল্যাটিনের উত্থান
ধ্রুপদী ল্যাটিনের স্বর্ণযুগ (Golden Age) খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী (আনুমানিক খ্রিস্টপূর্ব ৭৫ অব্দ থেকে খ্রিস্টাব্দ ১৪ অব্দ পর্যন্ত) সময়কালকে বোঝায়। এই সময়ে রোমান প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরের সঙ্গে সঙ্গে ল্যাটিন ভাষা তার সাহিত্যিক পূর্ণতা লাভ করে। এই যুগকে ‘সিসেরোনিয়ান যুগ’ (Ciceronian Age) এবং ‘অগাস্টান যুগ’ (Augustan Age) নামেও চিহ্নিত করা হয়।
ধ্রুপদী ল্যাটিনের মানকীকরণ (Standaradization) একটি সচেতন সাহিত্যিক প্রচেষ্টার ফল। মার্কাস টুলিয়াস সিসিরো (খ্রিস্টপূর্ব ১০৬-৪৩) ছিলেন এই মানকীকরণের অন্যতম প্রধান স্থপতি। তাঁর গদ্যসমূহ, বিশেষত তাঁর দার্শনিক রচনা (‘De Re Publica’, ‘De Officiis’) এবং ভাষণসমূহ (‘In Catilinam’, ‘Pro Caelio’) ল্যাটিন গদ্যের জন্য একটি শৈলীগত মানদণ্ড স্থাপন করে, যা পরবর্তী দুই সহস্রাব্দ ধরে অনুকরণীয় ছিল। সিসিরো সচেতনভাবে গ্রিক দার্শনিক পরিভাষাকে ল্যাটিনে অনুবাদ করেন এবং ল্যাটিন ভাষাকে দর্শন ও বিমূর্ত চিন্তার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করেন।
গায়াস জুলিয়াস সিজার (খ্রিস্টপূর্ব ১০০-৪৪) তাঁর সামরিক স্মৃতিকথা ‘গলিক যুদ্ধের ভাষ্য’-এ (‘Commentarii de Bello Gallico’) সরল, স্পষ্ট এবং প্রত্যক্ষ গদ্যের আদর্শ উপস্থাপন করেন। সিজারের ভাষা অলংকারমুক্ত কিন্তু অসাধারণ কার্যকর, যা সামরিক এবং ঐতিহাসিক লেখার জন্য একটি নতুন মডেল তৈরি করে।
পুবলিয়াস ভার্জিলিয়াস মারো (ভার্জিল, খ্রিস্টপূর্ব ৭০-১৯) তাঁর মহাকাব্য ‘Aeneid’ রচনার মাধ্যমে ল্যাটিন কাব্যভাষাকে নতুন উচ্চতায় নিয়ে যান। গ্রিক মহাকবি হোমারের ‘Iliad’ এবং ‘Odyssey’-র সমকক্ষ একটি রোমান জাতীয় মহাকাব্য সৃষ্টির লক্ষ্যে রচিত ‘Aeneid’ ল্যাটিন ভাষার সামর্থ্যকে তার চূড়ান্ত প্রকাশে নিয়ে আসে। এছাড়াও তাঁর ‘Eclogues’ এবং ‘Georgics’ কাব্যভাষার সূক্ষ্মতা এবং দক্ষতার নিদর্শন।
কুইন্টাস হোরাটিয়াস ফ্ল্যাকাস (হোরেস, খ্রিস্টপূর্ব ৬৫-৮) তাঁর ‘Odes’, ‘Satires’, এবং ‘Epistles’-এ ল্যাটিন লিরিক কবিতাকে এক অনন্য শিখরে নিয়ে যান। তাঁর কবিতায় গ্রিক ছন্দের দক্ষ ব্যবহার এবং দার্শনিক গভীরতা ল্যাটিন কাব্যভাষাকে সমৃদ্ধ করে।
পুবলিয়াস ওভিডিয়াস নাসো (ওভিড, খ্রিস্টপূর্ব ৪৩-খ্রিস্টাব্দ ১৭/১৮) পৌরাণিক রূপান্তরের কাহিনিসমূহের একটি বিশাল সংকলন ‘Metamorphoses’ এবং তাঁর ‘প্রেমের শিল্প’-এর (‘Ars Amatoria) মতো কাজের মাধ্যমে ল্যাটিন কাব্যের নমনীয়তা ও বর্ণনাত্মক শক্তি প্রদর্শন করেন।
আবার ল্যাটিন ভাষার মানকীকরণ শুধু সাহিত্যিকদের কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না; ব্যাকরণবিদ ও ভাষাতাত্ত্বিকরাও ভাষার নিয়ম সংহিতাবদ্ধ করতে শুরু করেন। মার্কাস তেরেন্তিয়াস ভারো (খ্রিস্টপূর্ব ১১৬-২৭) তাঁর ‘ল্যাটিন ভাষা সম্পর্কে’ (‘De Lingua Latina’) গ্রন্থে ল্যাটিন ব্যাকরণ ও শব্দতত্ত্বের বিস্তৃত বিশ্লেষণ উপস্থাপন করেন।
ধ্রুপদী ল্যাটিন মূলত শিক্ষিত অভিজাত শ্রেণির ভাষা ছিল — সাহিত্য, আইন, দর্শন, রাজনৈতিক ভাষণ এবং সরকারী দলিলপত্রে এই মানকীকৃত রূপটি ব্যবহৃত হত। এটি সাধারণ মানুষের কথ্য ভাষা, অমার্জিত (Vulgar) ল্যাটিন থেকে সচেতনভাবে পৃথক ছিল। এই বিভাজন গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে অমার্জিত ল্যাটিন থেকেই রোমান্স ভাষাগুলির জন্ম হয়, যেখানে ধ্রুপদী ল্যাটিন একটি ‘হিমায়িত’ (Frozen) সাহিত্যিক রূপ হিসেবে টিকে থাকে।
১.৩. উত্তর-ধ্রুপদী এবং অমার্জিত ল্যাটিন
খ্রিস্টাব্দ ১ম ও ২য় শতাব্দীর সময়কালকে ‘রৌপ্য যুগ’ (Silver Age) বলা হয়। এই সময়ে ল্যাটিন সাহিত্য স্বর্ণযুগের তুলনায় কিছুটা ভিন্ন শৈলীগত প্রবণতা প্রদর্শন করে—বাক্যের গঠন আরও জটিল, শব্দচয়ন আরও অলংকৃত এবং কখনো কখনো ভাবাবেগপূর্ণ হয়ে ওঠে। পুবলিয়াস কর্নেলিয়াস ট্যাসিটাস (আনুমানিক খ্রিস্টাব্দ ৫৬-১২০) তাঁর ঐতিহাসিক রচনা ‘Annales’ এবং ‘Historiae’-তে ঘনসন্নিবিষ্ট, তীক্ষ্ণ এবং কখনো কখনো প্রায় কাব্যিক গদ্য ব্যবহার করেন। লুসিয়াস আন্নায়ুস সেনেকা (খ্রিস্টপূর্ব ৪-খ্রিস্টাব্দ ৬৫), স্তোয়িক দার্শনিক, তাঁর নৈতিক চিঠিপত্র এবং দার্শনিক রচনায় সংক্ষিপ্ত, তীক্ষ্ণ বাক্যের (sententiae) ব্যবহার করেন। প্লিনি দ্য ইয়াঙ্গার (খ্রিস্টাব্দ ৬১-১১৩) তাঁর চিঠিপত্রের সংকলন ‘Epistulae’-তে সমসাময়িক রোমান জীবনের একটি বিস্তৃত চিত্র তুলে ধরেন।
তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাগত ঘটনা হলো অমার্জিত বা কথ্য ল্যাটিন (Vulgar Latin বা Sermo Vulgaris) এবং ধ্রুপদী লিখিত ল্যাটিনের মধ্যে ক্রমবর্ধমান দূরত্ব। ‘Vulgar’ শব্দটি এসেছে লাতিন ‘vulgus’ থেকে, যার অর্থ ‘সাধারণ জনগণ’ — এটি কোনো অবমাননাকর অর্থে ব্যবহৃত হয় না। অমার্জিত ল্যাটিন ছিল রোমান সাম্রাজ্যের সৈনিক, ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ নাগরিকদের দৈনন্দিন কথ্য ভাষা। এই ভাষা ধ্রুপদী মানদণ্ডকে অনুসরণ করত না এবং আঞ্চলিক বৈচিত্র্যে পূর্ণ ছিল।
অমার্জিত ল্যাটিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে বলতে হবে এইগুলির কথা:
ধ্বনিগত সরলীকরণ: দীর্ঘ ও হ্রস্ব স্বরের পার্থক্য ধীরে ধীরে হারিয়ে যায়; পরিবর্তে উচ্চারণের স্থান (high/low, front/back) গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দ্বিস্বরধ্বনি (diphthongs) একক স্বরে পরিণত হয় (যেমন ae > e)।
কারক ব্যবস্থার ভাঙন: ধ্রুপদী ল্যাটিনের ছয়টি কারক ব্যবস্থা ধীরে ধীরে সরলীকৃত হতে থাকে। Accusative Case ধীরে ধীরে সমস্ত কর্ম ও বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং অন্যান্য কারকগুলি অব্যয় (prepositions)-এর সাহায্যে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, Genitive Case-এর পরিবর্তে de + Ablative ব্যবহৃত হতে থাকে।
ক্রিয়াপদের সরলীকরণ: জটিল Synthetic forms (একক শব্দে প্রকাশিত রূপ) ক্রমশ Analytic forms (সহায়ক ক্রিয়া + মূল ক্রিয়া) দ্বারা প্রতিস্থাপিত হয়। Perfect Tense-এর পরিবর্তে habere (রাখা) + Past Participle ব্যবহার করা শুরু হয় (যেমন: habeo factum > “আমি করেছি”), যা পরবর্তীতে রোমান্স ভাষার Perfect Tense-এ রূপান্তরিত হয়।
শব্দক্রম: ধ্রুপদী ল্যাটিনের নমনীয় SOV (Subject-Object-Verb) ক্রম ধীরে ধীরে আরও স্থির SVO (Subject-Verb-Object) ক্রমে পরিণত হয়, যা কারক-বিকারের অবলুপ্তির সঙ্গে সম্পর্কিত।
অমার্জিত ল্যাটিন রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রূপ ধারণ করে। গলিয়ায় (আধুনিক ফ্রান্স), হিস্পানিয়ায় (স্পেন ও পর্তুগাল), ইতালিয়ায়, ডাসিয়ায় (রোমানিয়া) এবং অন্যান্য অঞ্চলে কথিত ল্যাটিন স্থানীয় সাবস্ট্রেট ভাষা দ্বারা প্রভাবিত হয় এবং বিচ্ছিন্নভাবে বিবর্তিত হতে থাকে। খ্রিস্টাব্দ ৩য়-৭ম শতাব্দীর মধ্যে এই আঞ্চলিক রূপগুলি ক্রমশ পৃথক হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত স্বতন্ত্র রোমান্স ভাষায় রূপান্তরিত হয়—ফরাসি, স্পেনীয়, পর্তুগিজ, ইতালীয়, রোমানীয়, কাতালান, প্রোভেঁসাল এবং অন্যান্য।
২. ধ্রুপদী ল্যাটিনের ব্যাকরণ ও ধ্বনিতত্ত্ব
২.১. ধ্বনিতত্ত্ব ও উচ্চারণ
ধ্রুপদী ল্যাটিনের উচ্চারণ আধুনিক রোমান্স ভাষাগুলির উচ্চারণ থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন ছিল। আধুনিক পণ্ডিতরা প্রাচীন ব্যাকরণবিদদের বর্ণনা, শ্লোক-ছন্দের বিশ্লেষণ, শিলালিপির বানান-ভিন্নতা এবং রোমান্স ভাষাগুলিতে ধ্বনিগত বিবর্তনের তুলনামূলক অধ্যয়নের মাধ্যমে ধ্রুপদী ল্যাটিনের উচ্চারণ পুনর্গঠন করেছেন। এ বিষয়ে যদিও পাতার পর পাতা লেখা যায় কিন্তু এখানে আমরা বিস্তারিত বর্ণনা থেকে বিরত রইলাম পাঠককুলের বিরক্তি বৃদ্ধির আশঙ্কায়। কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হল কেবল।
স্বরধ্বনি (Vowels): ধ্রুপদী ল্যাটিনে দশটি স্বরধ্বনি ছিল—পাঁচটি হ্রস্ব (a, e, i, o, u) এবং পাঁচটি দীর্ঘ (ā, ē, ī, ō, ū)। স্বরের দৈর্ঘ্য কেবল উচ্চারণগত নয়, অর্থগত পার্থক্যও সৃষ্টি করত। উদাহরণস্বরূপ, mālum (দীর্ঘ ā, অর্থ আপেল) এবং mălum (হ্রস্ব ă, অর্থ মন্দ); līber (দীর্ঘ ī, অর্থ মুক্ত) এবং lĭber (হ্রস্ব ĭ, অর্থ বই); vēnit (দীর্ঘ ē, অর্থ তিনি এসেছেন/এসেছিলেন) এবং vĕnit (হ্রস্ব ĕ, অর্থ তিনি আসেন/আসছেন)। এই দীর্ঘ-হ্রস্ব পার্থক্য ছিল ধ্রুপদী ল্যাটিন ছন্দ-ব্যবস্থার ভিত্তি, কিন্তু অমার্জিত ল্যাটিনে এটি ধীরে ধীরে হারিয়ে যায় এবং রোমান্স ভাষাগুলিতে তা অনুপস্থিত।
দ্বিস্বরধ্বনি (Diphthongs): ধ্রুপদী ল্যাটিনে তিনটি প্রধান দ্বিস্বরধ্বনি ছিল: ae [ai] (যেমন Caesar [kaisar], caelum [kailum] আকাশ), au [au] (যেমন aurum [aurum] সোনা, laudare [laudare] প্রশংসা করা), এবং oe [oi] (যেমন poena [poina] শাস্তি, coeptus [koiptus] শুরু করা)। পরবর্তীকালে এই দ্বিস্বরধ্বনিগুলি একক স্বরে পরিণত হয়—ae > [e], au প্রায়ই [o]-তে সরলীকৃত হয় (কিছু রোমান্স ভাষায়), এবং oe > [e]।
ব্যঞ্জনধ্বনি (Consonants): ধ্রুপদী ল্যাটিনের ব্যঞ্জনধ্বনি ব্যবস্থা তুলনামূলকভাবে সরল ছিল। কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
- C সর্বদা [k] উচ্চারিত হত, স্বর নির্বিশেষে। তাই Caesar [kaisar], Cicero [kikero], centum [kentum] একশত। ইতালীয় বা ফরাসিতে যেমন ce বা ci নরম [s] বা [tʃ] হয়, ধ্রুপদী ল্যাটিনে তা ছিল না।
- V (যা লেখায় প্রায়ই U হিসেবেও লেখা হত) [w] উচ্চারিত হত, [v] নয়। তাই veni, vidi, vici উচ্চারিত হবে weni widi wiki হিসেবে, অর্থাৎ কিনা, আমি এসেছি, দেখেছি, জয় করেছি।
- G সর্বদা কঠোর [g] উচ্চারিত হত, যেমন genus [genus], gens [gens] ‘গোত্র’।
- I যখন দুটি স্বরের মধ্যে থাকত বা শব্দের শুরুতে স্বরের আগে থাকত, তখন তা ব্যঞ্জনধ্বনি [j] হিসেবে উচ্চারিত হত, যেমন iam [jam] ইতিমধ্যে, maior [major] বড়ো।
- QU সর্বদা [kw] উচ্চারিত হত, যেমন quis [kwis] কে, equus [ekwus] ঘোড়া।
- Double consonants প্রকৃতই দ্বিগুণ দৈর্ঘ্যে উচ্চারিত হত, যেমন annus [an:us] বছর বনাম anus [anus] বৃদ্ধা নারী।
স্বরাঘাত (Stress/Accent): ধ্রুপদী ল্যাটিনে স্বরাঘাত স্থাপনের নিয়ম ছিল নির্দিষ্ট। দুই অক্ষরবিশিষ্ট শব্দে প্রথম অক্ষরে স্বরাঘাত পড়ত (ámō আমি ভালোবাসি)। তিন বা তার বেশি অক্ষরে, যদি শেষের আগের অক্ষরটি ‘ভারী’ হয় (অর্থাৎ দীর্ঘ স্বর বা ব্যঞ্জন-সমাপ্ত), সেখানে স্বরাঘাত পড়ত (amā́vī আমি ভালোবেসেছিলাম); অন্যথায় তার আগের অক্ষরে (ámabit সে/সে ভালোবাসবে)। এই স্বরাঘাত ব্যবস্থা রোমান্স ভাষাগুলিতে ধ্বনিগত বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২.২. রূপতত্ত্ব: নামপদের বিভক্তি
ধ্রুপদী ল্যাটিন একটি অত্যন্ত বিভক্তিমূলক (Highly Inflected) ভাষা, যেখানে শব্দের রূপ (শেষ প্রত্যয়) বাক্যে তার ব্যাকরণগত ভূমিকা নির্দেশ করে। এই কারণে ল্যাটিন বাক্যে শব্দক্রম তুলনামূলকভাবে স্বাধীন — কারক-প্রত্যয় দ্বারাই অর্থ স্পষ্ট হয় বলে শব্দের অবস্থান পরিবর্তনেও অর্থের তেমন পরিবর্তন হয় না।
কারক (Cases): ল্যাটিনে ছয়টি প্রধান কারক ছিল:
১. Nominative (প্রথমা/কর্তৃকারক): বাক্যের কর্তা বা সমাপিকা ক্রিয়ার উদ্দেশ্য চিহ্নিত করে। উদাহরণ: Puer puellam amat (বালক বালিকাকে ভালোবাসে) — puer (বালক) Nominative।
২. Genitive (দ্বিতীয়া/সম্বন্ধ কারক): সম্পর্ক, অধিকার, বা উৎস নির্দেশ করে। উদাহরণ: Liber pueri (বালকের বই) — pueri (বালকের) Genitive।
৩. Dative (তৃতীয়া/সম্প্রদান কারক): পরোক্ষ কর্ম বা সুবিধাভোগী নির্দেশ করে। উদাহরণ: Magistra puero librum dat (শিক্ষিকা বালককে বই দেন) — puero (বালককে) Dative।
৪. Accusative (দ্বিতীয়া/কর্ম কারক): প্রত্যক্ষ কর্ম বা গতির দিক নির্দেশ করে। উদাহরণ: Puer puellam amat — puellam (বালিকাকে) Accusative।
৫. Ablative (পঞ্চমী/অপাদান কারক): স্থান, সময়, মাধ্যম, কারণ, বিচ্ছেদ ইত্যাদি বহুবিধ সম্পর্ক নির্দেশ করে। উদাহরণ: Cum amico (বন্ধুর সঙ্গে), gladio (তলোয়ার দিয়ে), Romā (রোম থেকে)।
৬. Vocative (সম্বোধন কারক): সম্বোধনে ব্যবহৃত হয়। উদাহরণ: Marce! (হে মার্কুস!)। বেশিরভাগ ক্ষেত্রে এটি Nominative-এর মতোই, তবে দ্বিতীয় বিকারের -us শেষবিশিষ্ট শব্দে এটি -e হয়।
লিঙ্গ (Gender): ল্যাটিনে তিনটি ব্যাকরণগত লিঙ্গ ছিল—Masculine (পুংলিঙ্গ), Feminine (স্ত্রীলিঙ্গ), এবং Neuter (নপুংসক লিঙ্গ)। লিঙ্গ প্রাকৃতিক লিঙ্গের সঙ্গে সর্বদা সামঞ্জস্যপূর্ণ ছিল না—যেমন agricola (কৃষক) Masculine হলেও প্রথম বিকারে থাকায় এর রূপ Feminine-এর মতো দেখায়।
বচন (Number): দুটি বচন—Singular (একবচন) এবং Plural (বহুবচন)। প্রোটো-ইন্দো-ইউরোপীয় ভাষায় যে Dual (দ্বিবচন) ছিল তা ল্যাটিনে প্রায় সম্পূর্ণ বিলুপ্ত (কেবল duo, ambo ইত্যাদি কয়েকটি শব্দে অবশিষ্ট)।
বিভক্তি (Declensions): ল্যাটিনে পাঁচটি প্রধান বিভক্তি ছিল, যা মূল স্বরধ্বনির ভিত্তিতে শ্রেণিবদ্ধ:
প্রথম বিভক্তি (First Declension): মূলত -a স্বরান্ত; প্রধানত Feminine বিশেষ্য। উদাহরণ: puella (বালিকা)।
Singular: puella, puellae, puellae, puellam, puellā
Plural: puellae, puellārum, puellīs, puellās, puellīs
দ্বিতীয় বিভক্তি (Second Declension): মূলত -us/-er (Masculine/Neuter) স্বরান্ত। উদাহরণ: dominus (প্রভু)।
dominus (Masculine):
Singular: dominus, dominī, dominō, dominum, dominō
Plural: dominī, dominōrum, dominīs, dominōs, dominīs
Neuter (bellum):
Singular: bellum, bellī, bellō, bellum, bellō
Plural: bella, bellōrum, bellīs, bella, bellīs
তৃতীয় বিভক্তি (Third Declension): সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ; তিনটি লিঙ্গই অন্তর্ভুক্ত। উদাহরণ: rex (রাজা)।
Rex (Masculine):
Singular: rex, rēgis, rēgī, rēgem, rēge
Plural: rēgēs, rēgum, rēgibus, rēgēs, rēgibus
corpus (দেহ):
Singular: corpus, corporis, corporī, corpus, corpore
Plural: corpora, corporum, corporibus, corpora, corporibus
চতুর্থ বিভক্তি (Fourth Declension): মূলত -us (Masculine/Feminine) বা -u (Neuter)। উদাহরণ: manus (হাত—F), exercitus (সৈন্যবাহিনী—M), cornū (শিং—N)।
পঞ্চম বিভক্তি (Fifth Declension): মূলত -es। অধিকাংশই Feminine। উদাহরণ: rēs (বস্তু, বিষয়)।
rēs:
Singular: rēs, reī, reī, rem, rē
Plural: rēs, rērum, rēbus, rēs, rebus
বিশেষণ (Adjectives): বিশেষণগুলিও বিভক্তিযুক্ত এবং তারা যে বিশেষ্যকে বিশেষিত করে তার লিঙ্গ, বচন এবং কারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। দুটি প্রধান শ্রেণি: প্রথম-দ্বিতীয় বিভক্তি বিশেষণ (যেমন bonus, bona, bonum ‘ভালো’) এবং তৃতীয় বিভক্তি বিশেষণ (যেমন fortis, forte ‘শক্তিশালী’)।
২.৩. রূপতত্ত্ব: ক্রিয়াপদের বিভক্তি
ল্যাটিন ক্রিয়াপদ ব্যবস্থা অত্যন্ত জটিল এবং সুসংগঠিত। প্রতিটি ক্রিয়া নিম্নলিখিত বিষয়গুলির জন্য বিভক্ত হয়:
ব্যক্তি (Person): প্রথম (আমি/আমরা), দ্বিতীয় (তুমি/তোমরা), তৃতীয় (সে/তারা)।
বচন (Number): একবচন, বহুবচন।
কাল (Tense): ছয়টি প্রধান কাল:
- Present (বর্তমান): amō ‘আমি ভালোবাসি’
- Imperfect (অসম্পূর্ণ অতীত): amābam ‘আমি ভালোবাসছিলাম’
- Future (ভবিষ্যৎ): amābō ‘আমি ভালোবাসব’
- Perfect (পূর্ণ অতীত): amāvī ‘আমি ভালোবেসেছি’
- Pluperfect (অতীত পূর্ণ): amāveram ‘আমি ভালোবেসেছিলাম’
- Future Perfect (ভবিষ্যৎ পূর্ণ): amāverō ‘আমি ভালোবেসে থাকব’
ভাব (Mood): তিনটি প্রধান ভাব:
- Indicative (নির্দেশক): বাস্তব তথ্য বা প্রশ্ন
- Subjunctive (সম্ভাবনামূলক): ইচ্ছা, সন্দেহ, সম্ভাবনা, উদ্দেশ্য, অধীনস্থ ধারা
- Imperative (আদেশসূচক): আদেশ বা অনুরোধ
বাচ্য (Voice): দুটি বাচ্য:
- Active (কর্তৃবাচ্য): কর্তা কাজ করে
- Passive (কর্মবাচ্য): কর্তা কাজের লক্ষ্য
বাহুল্যবোধে আমরা এগুলোর বিষয়ে আলোচনা বিস্তারিত বা দীর্ঘায়িত করলাম না। বাক্যতত্ত্ব বিষয়টাকেও বাদ দিয়ে আমরা বরং সরাসরি সাহিত্যের ইতিহাস নিয়ে খানিকটা কথা বলি।
৩. সাহিত্যিক মহিমা ও উত্তরাধিকার
৩.১. সাহিত্যের স্বর্ণযুগ
ধ্রুপদী ল্যাটিন সাহিত্য পশ্চিমা সাহিত্যের ভিত্তি এবং প্রায় দুই সহস্রাব্দ ধরে অনুকরণীয় মডেল। খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী এবং খ্রিস্টাব্দ ১ম শতাব্দীর প্রথম দশকে রোমান সাহিত্য তার চূড়ান্ত শিখরে পৌঁছায়।
বাগ্মিতা (Oratory): মার্কাস টুলিয়াস সিসিরো (খ্রিস্টপূর্ব ১০৬-৪৩) রোমান বাগ্মিতার অপ্রতিদ্বন্দ্বী মাস্টার। তাঁর ৫৮টি ভাষণ (অন্তত আংশিকভাবে) সংরক্ষিত রয়েছে, যার মধ্যে ‘ক্যাটিলাইনের বিরুদ্ধে’ (‘In Catilinam’), যেখানে তিনি একটি ষড়যন্ত্র প্রকাশ করেন এবং ‘কেলিয়াসের পক্ষে’ (‘Pro Caelio’) বিশেষভাবে বিখ্যাত। তাঁর দার্শনিক রচনা ‘প্রজাতন্ত্র সম্পর্কে’ (‘De Re Publica’), ‘কর্তব্য সম্পর্কে’ (‘De Officiis’), ‘দেবতাদের প্রকৃতি সম্পর্কে’ (‘De Natura Deorum’) এবং ‘ভালো এবং মন্দের সীমা সম্পর্কে’ (‘De Finibus Bonorum et Malorum’) গ্রিক দর্শনকে ল্যাটিন ভাষায় উপস্থাপন করে এবং দার্শনিক পরিভাষার একটি সম্পূর্ণ শব্দভাণ্ডার তৈরি করে। সিসিরো ল্যাটিন গদ্যের মান নির্ধারণ করেন যা পরবর্তী শতাব্দীগুলিতে — রেনেসাঁ থেকে ১৯শ শতাব্দী পর্যন্ত শিক্ষিত ইউরোপীয়দের কাছে অনুকরণীয় ছিল।
গায়াস জুলিয়াস সিজার (খ্রিস্টপূর্ব ১০০-৪৪), সেনাপতি এবং একনায়ক, তাঁর ‘গলিক যুদ্ধের ভাষ্য’ (‘Commentarii de Bello Gallico’) এবং ‘গৃহযুদ্ধের ভাষ্য’(‘Commentarii de Bello Civili’)-তে একটি সম্পূর্ণ ভিন্ন শৈলী প্রদর্শন করেন—সরল, সরাসরি, অলংকারমুক্ত গদ্য যা তথ্যকে স্পষ্টভাবে উপস্থাপন করে। সিজারের শৈলী সামরিক এবং প্রশাসনিক লেখার জন্য আদর্শ হয়ে ওঠে। তাঁর বিখ্যাত উক্তি “Veni, vidi, vici” (আমি এসেছি, দেখেছি, জয় করেছি) এই সংক্ষিপ্ত শক্তির নিদর্শন।
মহাকাব্য (Epic Poetry): পুবলিয়াস ভার্জিলিয়াস মারো (ভার্জিল, খ্রিস্টপূর্ব ৭০-১৯) তাঁর অমর মহাকাব্য ‘Aeneid’-এ রোমান জাতীয় মহাকাব্য রচনা করেন। ১২টি পুস্তকে বিভক্ত এই কাব্য ট্রয়ের পতনের পর ইনিয়াসের (Aeneas) যাত্রা এবং ইতালিতে রোমান জাতির ভিত্তি স্থাপনের কাহিনি বর্ণনা করে। ‘Aeneid’ হোমারের ‘Iliad’ এবং ‘Odyssey’-র সমকক্ষ হওয়ার উচ্চাভিলাষী প্রয়াস—প্রথম ছয়টি পুস্তক ‘Odyssey’-র মতো ভ্রমণকাহিনি, শেষ ছয়টি ‘Iliad’-এর মতো যুদ্ধকাহিনি। ভার্জিলের ভাষা অসাধারণ গীতিকাব্যধর্মী এবং আবেগময়। তাঁর বিখ্যাত উদ্বোধনী পঙ্ক্তি “Arma virumque cano” (অস্ত্র এবং বীরকে আমি গান করি) পশ্চিমা সাহিত্যের সবচেয়ে স্মরণীয় উদ্বোধনগুলির একটি। ভার্জিলের পূর্ববর্তী কাজ ‘মেষপালক-কাব্য’ (‘Eclogues’) এবং ‘কৃষিকাব্য’ (‘Georgics’) তাঁর কাব্যিক দক্ষতা প্রদর্শন করে। ‘Georgics’ কৃষিকাজের উপর একটি শিক্ষামূলক কবিতা হলেও এটি প্রকৃতি, শ্রম, এবং মানব জীবনের একটি গভীর ধ্যানে পরিণত হয়। মধ্যযুগে ভার্জিলকে প্রায় ভবিষ্যদ্বক্তা হিসেবে দেখা হত এবং দান্তে তাঁর ‘Divine Comedy’-তে ভার্জিলকে পথপ্রদর্শক হিসেবে অন্তর্ভুক্ত করেন।
লিরিক কবিতা (Lyric Poetry): কুইন্টাস হোরাটিয়াস ফ্ল্যাকাস (হোরেস, খ্রিস্টপূর্ব ৬৫-৮) গ্রিক লিরিক ছন্দকে (বিশেষত স্যাফো এবং আলকেয়াসের) ল্যাটিনে রূপান্তরিত করেন। তাঁর ‘Odes’ (চার পুস্তক) প্রেম, বন্ধুত্ব, রাজনীতি, দর্শন এবং মৃত্যুর উপর সূক্ষ্ম এবং সংযত কবিতার সংকলন। তাঁর বিখ্যাত উক্তি “Carpe diem” (দিনটি উপভোগ কর) আজও জনপ্রিয়। হোরেসের ‘Satires’ এবং ‘Epistles’ কাব্যিক চিঠি এবং নৈতিক আলোচনা যা স্তোয়িক এবং এপিকিউরীয় দর্শনের প্রভাব দেখায়। তাঁর ‘কাব্যের শিল্প’ (‘Ars Poetica’) সাহিত্য সমালোচনার একটি ভিত্তিমূলক রচনা।
পুবলিয়াস ওভিডিয়াস নাসো (ওভিড, খ্রিস্টপূর্ব ৪৩-খ্রিস্টাব্দ ১৭/১৮) তাঁর বর্ণনাত্মক দক্ষতা এবং কল্পনাশক্তির জন্য বিখ্যাত। তাঁর রূপান্তর(‘Metamorphoses’) ১৫টি পুস্তকে প্রায় ২৫০টি গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনির সংকলন, যেখানে প্রতিটি কাহিনি কোনো না কোনো রূপান্তর জড়িত — পশ্চিমা শিল্প ও সাহিত্যের জন্য পৌরাণিক কাহিনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। রেনেসাঁ শিল্পীরা — বতিচেল্লি থেকে টিশিয়ান — ওভিডের কাহিনি থেকে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর ‘প্রেমের শিল্প’ (‘Ars Amatoria’) এবং ‘প্রেমকাব্য’ (‘Amores’) রোমান্টিক এবং প্রায়ই রসিক কবিতা। দুর্ভাগ্যবশত, সম্রাট অগাস্টাস তাঁকে টমিস (আধুনিক রোমানিয়া)-এ নির্বাসিত করেন, যেখানে তিনি ‘দুঃখকাব্য’ (‘Tristia’) এবং ‘পন্টাস থেকে চিঠি’ (‘Epistulae ex Ponto’) রচনা করেন যেগুলি নির্বাসনের বেদনার মর্মস্পর্শী প্রকাশ।
অন্যান্য ধ্রুপদী কবি: গায়াস ভ্যালেরিয়াস ক্যাটুলাস (খ্রিস্টপূর্ব ৮৪-৫৪) তাঁর তীব্র ব্যক্তিগত লিরিক কবিতার জন্য বিখ্যাত, বিশেষত তাঁর প্রেমিকা ‘Lesbia’ (সম্ভবত ক্লোডিয়া মেটেলি)-র প্রতি তাঁর আবেগপূর্ণ কবিতা। টাইটাস লুক্রেটিয়াস কারুস (খ্রিস্টপূর্ব ৯৯-৫৫) তাঁর দার্শনিক মহাকাব্য ‘বস্তুর প্রকৃতি সম্পর্কে’ (‘De Rerum Natura’)-তে এপিকিউরীয় দর্শন এবং পরমাণুবাদ কাব্যিক আকারে উপস্থাপন করেন।
গদ্য সাহিত্য: গায়াস সালুস্তিয়াস ক্রিসপাস (স্যালাস্ট, খ্রিস্টপূর্ব ৮৬-৩৫) তাঁর ঐতিহাসিক মনোগ্রাফ ‘ক্যাটিলাইনের ষড়যন্ত্র’ (‘Bellum Catilinae’) এবং ‘যুগুর্থাইন যুদ্ধ’(‘Bellum Iugurthinum’)-এ সংক্ষিপ্ত, নাটকীয় শৈলী ব্যবহার করেন যা গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের দ্বারা প্রভাবিত।
টাইটাস লিভিয়াস (লিভি, খ্রিস্টপূর্ব ৫৯-খ্রিস্টাব্দ ১৭) তাঁর বিশাল ‘নগরীর প্রতিষ্ঠা থেকে’ (‘Ab Urbe Condita’) — ১৪২টি পুস্তকে রোমের সম্পূর্ণ ইতিহাস (যদিও কেবল ৩৫টি সম্পূর্ণ সংরক্ষিত) রচনা করেন, যা রোমান ইতিহাসের প্রধান উৎস।
৩.২. রোমান্স ভাষাগুলিতে ল্যাটিনের উত্তরাধিকার
ধ্রুপদী ল্যাটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হলো রোমান্স (Romance) ভাষা পরিবার—যে ভাষাগুলি কথ্য বা অমার্জিত ল্যাটিন থেকে বিবর্তিত হয়েছে। আজ প্রায় ৯০০ মিলিয়নেরও বেশি মানুষ রোমান্স ভাষায় কথা বলেন।
রোমান্স ভাষার জন্ম: রোমান সাম্রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে সৈনিক, বণিক, উপনিবেশকারী এবং প্রশাসকরা অমার্জিত ল্যাটিন ছড়িয়ে দেয়। প্রতিটি অঞ্চলে এই কথ্য ল্যাটিন স্থানীয় সাবস্ট্রেট ভাষা (পূর্ববর্তী স্থানীয় ভাষা) দ্বারা প্রভাবিত হয়:
- গলিয়া (ফ্রান্স): কেল্টিক ভাষা (Gaulish) দ্বারা প্রভাবিত; পরবর্তীতে ফ্রাঙ্কিশ (Germanic) প্রভাব → ফরাসি
- হিস্পানিয়া (ইবেরিয়ান উপদ্বীপ): ইবেরীয় এবং কেল্টিবেরীয় ভাষা দ্বারা প্রভাবিত → স্পেনীয়, পর্তুগিজ, গালিসীয়, কাতালান
- ইতালিয়া: ওস্কান, আম্ব্রিয়ান ইত্যাদি ইতালিক ভাষা; তবে সবচেয়ে কম বিচ্যুত → ইতালীয় (এবং আঞ্চলিক ভাষা যেমন সিসিলীয়, নেপলীয়, ভেনিসীয়)
- ডাসিয়া (রোমানিয়া): ডেসীয় এবং স্লাভিক প্রভাব → রোমানীয়
- রাইটিয়া (আল্পস অঞ্চল): রাইটিক ভাষা → রোমান্শ (সুইজারল্যান্ড)
এছাড়া প্রোভেঁসাল/ওসিতান (দক্ষিণ ফ্রান্স), সার্দিনীয় (সার্দিনিয়া দ্বীপ), ডালমেশীয় (বিলুপ্ত, ক্রোয়েশিয়া), আরাগোনীয়, আস্তুরীয়, লাদিন এবং আরও অনেক ছোট রোমান্স ভাষা ও উপভাষা রয়েছে।
৩.৩. আধুনিক জগতে ল্যাটিনের প্রভাব
যদিও ল্যাটিন আর কোনো জাতির মাতৃভাষা নয়, এর প্রভাব আধুনিক বিশ্বে সর্বব্যাপী।
বৈজ্ঞানিক পরিভাষা: বিজ্ঞানের প্রায় সমস্ত শাখা ল্যাটিন (এবং গ্রিক) পরিভাষা ব্যবহার করে:
- জীববিজ্ঞান: দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) — Homo sapiens (মানুষ), Canis lupus (নেকড়ে), Rosa rubiginosa (মিষ্টি ব্রায়ার গোলাপ)
- ঔষধবিজ্ঞান: শারীরিক অঙ্গের নাম — femur (উরুর হাড়), cerebrum (মস্তিষ্ক), ventriculus (পাকস্থলী); প্রেসক্রিপশন — bis in die (দিনে দুবার), pro re nata (প্রয়োজন অনুসারে)
- আইন: habeas corpus, mens rea, de facto, de jure, prima facie, corpus delicti
ইংরেজি ভাষায় প্রভাব: যদিও ইংরেজি জেনেটিক্যালি জার্মানিক ভাষা, কিন্তু এর শব্দভাণ্ডারের প্রায় ৬০% ল্যাটিন বা ল্যাটিন-উদ্ভূত (ফরাসির মাধ্যমে) শব্দ। নরম্যান বিজয়ের (১০৬৬) পর ফরাসি (যা ল্যাটিন থেকে উদ্ভূত) ইংরেজিতে বিপুল সংখ্যক শব্দ প্রদান করে। এছাড়া রেনেসাঁ ও পরবর্তীকালে সরাসরি ল্যাটিন থেকে হাজার হাজার শব্দ ধার নেওয়া হয়:
- সাধারণ শব্দ: animal, audio, bonus, campus, data, exit, habitat, index, junior, labor, major, minor, peninsula, senator, video।
- প্রত্যয়: tion, -ity, -ous, -al, -ent, -ant।
ক্যাথলিক চার্চ: ল্যাটিন ছিল রোমান ক্যাথলিক চার্চের আনুষ্ঠানিক এবং লিটার্জিক্যাল ভাষা ভ্যাটিকান দ্বিতীয় কাউন্সিল (১৯৬২-৬৫) পর্যন্ত, যখন স্থানীয় ভাষার ব্যবহার অনুমোদিত হয়। তবুও Vatican City State-এর আনুষ্ঠানিক ভাষা এখনও ল্যাটিন এবং পোপের সরকারী দলিল প্রায়ই ল্যাটিনে প্রকাশিত হয়। Ecclesiastical Latin (গির্জা ল্যাটিন) উচ্চারণে ধ্রুপদী ল্যাটিন থেকে ভিন্ন—এটি ইতালীয়-প্রভাবিত উচ্চারণ অনুসরণ করে।
শিক্ষা ও একাডেমিক ঐতিহ্য: ১৮শ শতাব্দী পর্যন্ত ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ল্যাটিন ছিল শিক্ষার মাধ্যম। আইজাক নিউটনের ‘Philosophiæ Naturalis Principia Mathematica’ (১৬৮৭) ল্যাটিনে লেখা। ল্যাটিন জানা ছিল শিক্ষিত ব্যক্তির চিহ্ন। আজও অনেক বিশ্ববিদ্যালয় ল্যাটিন মটো ব্যবহার করে:
- Harvard: ‘Veritas’ (সত্য)
- Yale: ‘Lux et veritas’ (আলো এবং সত্য)
- Oxford: ‘Dominus illuminatio mea’ (প্রভু আমার আলো)
সাধারণ প্রবাদ ও বাগধারা: অসংখ্য ল্যাটিন বাক্যাংশ আধুনিক ইংরেজি (এবং অন্যান্য ভাষায়) নিয়মিত ব্যবহৃত হয়। খেয়াল করে দেখুন এগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই ব্যবহার করি, যেমন—
- ad hoc (এই নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য)
- et cetera (ইত্যাদি)
- per capita (মাথা পিছু)
- vice versa (বিপরীতভাবে)
- alma mater (মাতৃ প্রতিষ্ঠান)
- curriculum vitae (জীবনবৃত্তান্ত)
- status quo (বর্তমান অবস্থা)
উপসংহার
ল্যাটিন ভাষার যাত্রা: ইন্দো-ইউরোপীয় মূল থেকে লাতিয়াম অঞ্চলের স্থানীয় ভাষা হিসেবে উদ্ভব, রোমান সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে তার প্রসার, ধ্রুপদী যুগে সাহিত্যিক পূর্ণতা এবং অবশেষে রোমান্স ভাষা পরিবারে রূপান্তর—ভাষাগত বিবর্তনের এক অনন্য সাক্ষ্য। এই দীর্ঘ ইতিহাস আমাদের দেখায় যে ভাষা একটি জীবন্ত, পরিবর্তনশীল সত্তা, যা সমাজের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাহিত্যিক শক্তি দ্বারা প্রভাবিত হয়।
ধ্রুপদী ল্যাটিনের মানকীকরণ ছিল একটি সচেতন সাহিত্যিক প্রক্রিয়া, যেখানে সিসিরো, ভার্জিল, হোরেস এবং অন্যান্য লেখকরা কথ্য ভাষার বৈচিত্র্য থেকে একটি পরিশীলিত, সংযত এবং ব্যাকরণগতভাবে সুশৃঙ্খল সাহিত্যিক রূপ তৈরি করেন। এই মানকীকৃত রূপটি রোমান অভিজাত শ্রেণির শিক্ষা, আইন, দর্শন এবং প্রশাসনের ভাষা হয়ে ওঠে। তবে এটি কখনোই জনসাধারণের দৈনন্দিন কথ্য ভাষা ছিল না — সাধারণ মানুষ অমার্জিত ল্যাটিনে কথা বলতেন, যা অধিকতর সরল, দ্রুত পরিবর্তনশীল এবং আঞ্চলিক বৈচিত্র্যে পূর্ণ ছিল।
ধ্রুপদী ল্যাটিনের ব্যাকরণিক জটিলতা—ছয়টি কারক, তিনটি লিঙ্গ, বহু-কালভিত্তিক ক্রিয়া ব্যবস্থা, subjunctive mood-এর সূক্ষ্ম ব্যবহার — এটিকে অত্যন্ত নমনীয় এবং অভিব্যক্তিপূর্ণ করে তোলে, কিন্তু একই সঙ্গে এটি হয়ে ওঠে শেখার পক্ষে চ্যালেঞ্জিং। এই ব্যাকরণিক শৃঙ্খলা ল্যাটিনকে আইনি এবং দার্শনিক চিন্তার জন্য আদর্শ মাধ্যম করে তোলে, যেখানে যথার্থতা এবং স্পষ্টতা অপরিহার্য।
রোমান সাম্রাজ্যের পতনের পর, ধ্রুপদী ল্যাটিন একটি ‘হিমায়িত’ (Frozen) সাহিত্যিক ভাষা হিসেবে টিকে থাকে — মধ্যযুগ, রেনেসাঁ এবং এমনকি আধুনিক যুগ পর্যন্ত বুদ্ধিজীবী এবং ধর্মীয় বৃত্তে ব্যবহৃত। অপরদিকে, কথ্য অমার্জিত ল্যাটিন ক্রমাগত বিবর্তিত হয়ে ফরাসি, স্পেনীয়, ইতালীয়, পোর্তুগিজ, রোমানীয় এবং অন্যান্য রোমান্স ভাষায় পরিণত হয়, যা আজ পৃথিবীর প্রায় ১০০ কোটি মানুষের মাতৃভাষা।
ল্যাটিনের স্থায়িত্ব এবং প্রভাব অবিশ্বাস্য। বিজ্ঞান, ঔষধ, আইন, ধর্মতত্ত্ব, এবং দর্শনে এর পরিভাষা আজও অপরিহার্য। পশ্চিমা ভাষাগুলি — এমনকি যেগুলি জেনেটিক্যালি ল্যাটিন নয়, যেমন ইংরেজি বা জার্মান — ল্যাটিন থেকে বিপুল সংখ্যক শব্দ, প্রত্যয় এবং ব্যাকরণিক নির্মাণ ধার করেছে। ল্যাটিন হলো পশ্চিমা সভ্যতার ‘নিঃশব্দ ভিত্তি’ — দৃশ্যমান নয়, কিন্তু সর্বত্র উপস্থিত।
এ প্রসঙ্গে আরো একটা কথা বলা দরকার। আমরা ল্যাটিনের ইতিহাস বললাম, ল্যাটিন ও সংস্কৃতের তুলনাও করলাম, কিন্তু একটা ব্যাপারের আলোচনা বাদ দিয়ে গেছি যেটা ল্যাটিন, সংস্কৃত, গ্রিক ইত্যাদি প্রাচীন ভাষাগুলোরসঙ্গে জড়িয়ে আছে। সেটা হলো ভাষার দ্বৈততা বা Diglossia। যেহেতু সে আলোচনা একটা আলাদা নিবন্ধ দাবী করে তাই পরে কখনো সে নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।
তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি
(ল্যাটিন ভাষার ইতিহাস, ব্যাকরণ ও সাহিত্য বিষয়ে গভীরভাবে জানতে গেলে প্রচুর পড়তে হবে সেটা বেশ বুঝেছি এই লেখাটা লিখতে গিয়ে। আমি অতটা গভীরে পড়াশোনা করে উঠতে পারিনি। প্রাথমিক যে বইগুলো দেখেছি সেগুলোর একটা তালিকা দিলাম বিষয় অনুসারে ভাগ করে। এই বইগুলোতে যেসব reference দেওয়া আছে সেগুলোর কিছু কিছু দেখেছি শুধু তথ্য যাচাই করার জন্য, তবে সেগুলোর আর নাম দিলাম না। পাঠক নিজেরাই দেখে নেবেন আশা করি।)
ল্যাটিন ভাষার সাধারণ ইতিহাস:
১. Clackson, James and Geoffrey Horrocks, ‘The Blackwell History of the Latin Language’; Wiley-Blackwell, 2007.
২. Palmer, Leonard R., ‘The Latin Language’; University of Oklahoma Press, 1954.
৩. Ostler, Nicholas, ‘Ad Infinitum: A Biography of Latin’; Walker & Company, 2007.
৪. Janson, Tore. ‘A Natural History of Latin’; Oxford University Press, 2004.
b
ধ্বনিতত্ত্ব ও উচ্চারণ:
৫. Allen, W. Sidney, ‘Vox Latina: A Guide to the Pronunciation of Classical Latin’; Cambridge University Press, 1978.
ব্যাকরণ:
৬. Gildersleeve, B.L. and Gonzalez Lodge, ‘Gildersleeve’s Latin Grammar’; Dover Publications, 2003.
৭. Wheelock, Frederic M., ‘Wheelock’s Latin’; HarperCollins, 7th edition, 2011.
অমার্জিত ল্যাটিন ও রোমান্স ভাষায় রূপান্তর:
৮. Herman, József, ‘Vulgar Latin’; Penn State University Press, 2000.
৯. Posner, Rebecca. ‘The Romance Languages’; Cambridge University Press, 1996.
ধ্রুপদী ল্যাটিন সাহিত্য:
১০. Conte, Gian Biagio, ‘Latin Literature: A History’; Johns Hopkins University Press, 1994.
১১. Kenney, E.J. and W.V. Clausen (eds.), ‘The Cambridge History of Classical Literature, Vol. II: Latin Literature’; Cambridge University Press, 1982.
১২. Quinn, Kenneth, ‘Latin Explorations: Critical Studies in Roman Literature’; Routledge & Kegan Paul, 1963.
সাহিত্যিক রচনা (এগুলো সত্যিই পড়িনি কিন্তু লেখায় উল্লেখ আছে বলে প্রাথমিক উৎস দিয়ে রাখলাম। উৎসাহী পাঠক পড়ে দেখতে পারেন।)
১৩. Cicero, Marcus Tullius. ‘Selected Works’ (various editions and translations).
১৪. Virgil. ‘The Aeneid’; translated by Robert Fagles. Penguin Classics, 2006.
১৫. Horace. ‘The Complete Odes and Epodes’; translated by David West. Oxford World’s Classics, 2008.
১৬. Ovid. ‘Metamorphoses’; translated by A.D. Melville. Oxford World’s Classics, 2008.
ইন্দো-ইউরোপীয় ভাষাগত প্রেক্ষাপট:
১৭. Fortson, Benjamin W. IV., ‘Indo-European Language and Culture: An Introduction’; Wiley-Blackwell, 2010.
১৮. Mallory, J.P. and D.Q. Adams, ‘The Oxford Introduction to Proto-Indo-European and the Proto-Indo-European World’; Oxford University Press, 2006.