গান্ধির প্রতিপক্ষ
গান্ধিহত্যা কেন? এই প্রশ্ন উঠলে প্রথমেই যে টেক্সট-এর কথা মনে আসতে বাধ্য সেটি হল—৮ নভেম্বর, ১৯৪৮ সালে আদালতে আত্মপক্ষ সমর্থনে নাথুরাম গোডসের প্রদত্ত জবানবন্দি। ইংরেজিতে লিখিত ৯২ পৃষ্ঠার ওই জবানবন্দি নাথুরাম লাল কেল্লার আদালতে বিচারক আত্মা চরণের সামনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে পাঠ করেছিলেন। মামলার নিষ্পত্তি হওয়ার পরেও দীর্ঘ দু-দশক এই নথিটির প্রকাশ নিষিদ্ধ ছিল। ১৯৬৮ সালে নাথুরামের অনুজ গোপাল গোডসে এই বিষয় নিয়ে একটি মামলা দায়ের করলে বোম্বে হাইকোর্ট নথিটির উপর নিষেধাজ্ঞা তুলে দেয় এবং টেক্সট-টি প্রথমবার জনপরিসরে লভ্য হয়। জবানবন্দিতে গোডসে মোহনদাস করমচাঁদ গান্ধির বিরুদ্ধে নিজের অভিযোগগুলি যথাসম্ভব যুক্তি সহকারে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেগুলি, তাঁর মতে, গান্ধিজির হত্যা একপ্রকার অনিবার্য করে তুলেছিল।
নাথুরাম গোডসের এই বয়ান বহুচর্চিত—তাঁর উত্থাপিত যুক্তিগুলির পক্ষে ও বিপক্ষে বহুবিধ আলোচনা হয়েছে। পাশাপাশি, আমাদের একথাও মনে রাখতে হবে, গোডসের জবানবন্দি প্রাথমিকভাবে দাঁড়িয়ে আছে কৌশলগত অপ্রকৃতভাষণের উপর—নাথুরাম হত্যার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সাভারকর সহ অন্যান্য সহযোগীদের এই অপরাধের দায় থেকে মুক্ত করতে চেয়েছেন। হত্যাকাণ্ডের পেছনে একটি যৌথ ও দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অস্তিত্ব নাথুরাম জোরালোভাবে অস্বীকার করছেন। তাঁর এহেন দাবি যে অসত্য—তা প্রথমবার লালকেল্লায় আত্মা চরণের আদালতে এবং দ্বিতীয়বার জীবনলাল কাপুর কমিশনের রিপোর্টে প্রমাণিত হয়েছে। এছাড়াও, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হল এই জবানবন্দি নাথুরাম গোডসের স্বাক্ষরিত হলেও এটি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির লিখিত রূপ নয়, যেকোনো আইনি নথির মতোই এটিও নাথুরামের সঙ্গে আইনজীবীদের দীর্ঘ আলোচনার ফসল। প্রকৃত প্রস্তাবে নথিটি একটি যৌথ নির্মাণ।
নাথুরামের ভাষ্যটি এমনভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছিল যাতে নাথুরামের অপরাধকে যথাসম্ভব লঘু ও ন্যায়সঙ্গত করে জনসমক্ষে হাজির করা যায়, যার ফলে নাথুরামের স্বপক্ষে এবং গান্ধিজির বিরুদ্ধে জনমত গড়ে তোলা সহজতর হয়। পরবর্তীকালে সিমলার ইস্ট পাঞ্জাব হাইকোর্ট-এ আপিলের মামলার বিচারক জি ডি খোসলা নিজের স্মৃতিকথায় লিখছেন, নাথুরামের বয়ান আদালত কক্ষে উপস্থিত সাধারণ মানুষদের এতখানি প্রভাবিত ও আবেগমথিত করেছিল যে, কক্ষে উপস্থিত শ্রোতৃমণ্ডলীর উপর যদি নাথুরাম গোডসের বিচারের ভার থাকত, তাহলে সেদিন নাথুরাম নিশ্চয়ই সসম্মানে ছাড়া পেয়ে যেতেন। যাই হোক, আদতে নাথুরামের অভিযোগগুলির ভিত্তি কী, সেগুলি কতটা ভুল, কতটা ঠিক আমরা সেই আলোচনায় ঢুকব না, এই নিবন্ধের অভিমুখ সেদিকে নয়। ইতিমধ্যে প্রকাশিত এমন উৎকৃষ্ট গ্রন্থের সন্ধান গ্রন্থতালিকায় দেওয়া রইল। আমরা সে পথে না হেঁটে ইতিহাসে কিছুটা পিছিয়ে গিয়ে আরেকটু বড়ো প্রেক্ষাপটে গান্ধিহত্যার কিছু মোটিভ খোঁজার চেষ্টা করব, নাথুরামের জবানবন্দি পেরিয়ে মহাত্মা গান্ধির বিরুদ্ধে তাঁর শত্রুশিবিরের মূলগত ক্রোধের প্রকৃত কারণ ঠিক কোনগুলি ছিল, গান্ধির প্রকৃত শত্রু কারা, কীভাবে কোন পরিস্থিতিতে তাঁদের ক্ষোভ বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে পুঞ্জীভূত হল—তা বোঝার চেষ্টা করব।
এক
৮ আগস্ট, ১৯৪৭। ভারতের স্বাধীনতা ও রক্তাক্ত দেশভাগের আর মাত্র ক’টা দিন বাকি। এয়ার ইন্ডিয়ার প্রপেলার বিমান ডিএন-৪৩৮ বোম্বের জুহু এরোড্রোম থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করল। তখন জুহু এরোড্রাম ছিল বোম্বের একমাত্র বাণিজ্যিক বিমানঘাঁটি, সান্তা ক্রুজ থেকে সাধারণ যাত্রী পরিষেবা চালু হতে তখনও বছরখানেক দেরি। ৮ তারিখের উড়ানে উপবিষ্ট যে তিনজন যাত্রী আমাদের আগ্রহের বিষয়, তাঁরা হলেন নাথুরাম বিনায়ক গোডসে, নারায়ণ দত্তাত্রেয় আপ্তে এবং এই দুজনেরই গুরু, হিন্দুত্ববাদের জনক স্বয়ং দামোদর বিনায়ক সাভারকর। এই তিনজনেই জাতিগতভাবে মহারাষ্ট্রীয় চিৎপাবন ব্রাহ্মণ এবং তিনজনেই ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’র সদস্য। তিনজনেই চলেছেন দিল্লিতে ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’ নামের একটি নবগঠিত সংগঠনের প্রথম অধিবেশনে যোগ দিতে। সংগঠনটির প্রতিষ্ঠাতা আলোয়ার রাজ্যের নবনিযুক্ত দেওয়ান বা প্রধানমন্ত্রী ড. নারায়ণ ভাস্কর খারে। আর সংগঠনটির পৃষ্ঠপোষক আলোয়ারের মহারাজা স্বয়ং। মহারাজার উপস্থিতি যে এই নতুন সংগঠনটিকে বাড়তি গুরুত্ব দান করেছে, সে বিষয়ে সন্দেহ নেই। ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’-এর ঘোষিত উদ্দেশ্যগুলি ছিল হিন্দু আত্মপরিচয়ের প্রচার ও প্রসার, দেশজুড়ে হিন্দু মন্দিরগুলির সংস্কার সাধন এবং আসন্ন দেশভাগের সময় আরও বেশি করে হিন্দুদের রাজনৈতিকভাবে সঙ্ঘবদ্ধ করা। বিগত কয়েক দশক ধরে পরাধীন ভারতবর্ষে অখিল ভারতীয় হিন্দু মহাসভা ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ যথাক্রমে রাজনৈতিক ও সামাজিক পরিসরে যে হিন্দুত্ব কেন্দ্রিক ধর্মীয় পরিচয়ের রাজনীতির চর্চা করে এসেছে, তারই এক নবতম সম্প্রসারণ ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’। বস্তুত, যারা দিল্লিতে এই নতুন সংগঠনটির প্রথম অধিবেশনে যোগ দিতে চলেছেন, তারা প্রত্যেকেই হিন্দু মহাসভা বা সঙ্ঘের প্রাজ্ঞ সদস্য অথবা কোনো না কোনোভাবে হিন্দু মহাসভা বা সঙ্ঘের রাজনীতির সঙ্গে যুক্ত। উদ্যোক্তা ড. খারে তখনও অবধি হিন্দু মহাসভার সদস্যপদ না নিলেও তিনি এই বৃত্তে এক সম্মানিত নাম। দীর্ঘ ছয় বছর ধরে মহাসভার সভাপতি হিসাবে গুরুদায়িত্ব সামলানোর পর সাভারকর শারীরিক অসুস্থতার কারণে ১৯৪৩ সালে ওই পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। শারীরিক কারণে দীর্ঘদিন সাভারকর বোম্বের বাইরে যাওয়ার কোনো আমন্ত্রণ গ্রহণ করেননি, তবু বহুদিন পর দিল্লির এই সমাবেশে যোগ দিতে রাজি হয়েছেন। এক নতুন রাজনৈতিক সমীকরণের নির্মাণ কি সত্যিই এতখানি জরুরি হয়ে উঠেছিল যে প্রায় তিন বছরের সাংগঠনিক সন্ন্যাস ত্যাগ করে দিল্লি অধিবেশনের সভাপতিত্ব করতে সাভারকর রাজি হলেন? এই নিবন্ধে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব।
সাভারকর ছাড়া অধিবেশনে পরবর্তী যে ব্যক্তিটির উপস্থিতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তিনি নাথুরাম গোডসে। সংগঠনে নাথুরামের উত্থান উল্কাসম। ১৯৩৯ থেকে ১৯৪৮—হিন্দু মহাসভার সাধারণ কর্মী হিসাবে যাত্রা শুরু করে মাত্র ন’বছরে তিনি জাতীয় স্তরের কর্মকর্তা হয়ে উঠেছিলেন। অন্যদিকে, নারায়ণ আপ্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময়ে ব্রিটিশ সরকারের ‘রয়াল ইন্ডিয়ান এয়ারফোর্স’-এর একজন নিয়োগকারী হিসাবে কাজ করেছেন এবং তিনিই মহাসভা ও সঙ্ঘের অনুগামী যুবকদের সামরিকীকরণ প্রকল্পের অন্যতম ব্যবস্থাপক। যদিও নারায়ণ আপ্তে সাভারকর বা গোডসের মতো হিন্দু মহাসভার কার্যকরী সমিতির সদস্য নন, তা সত্ত্বেও তিনি ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনালিস্ট ফ্রন্ট’-এর সভায় বিশেষভাবে আমন্ত্রিত। নিজেদের জাতিগত, শ্রেণিগত ও মতাদর্শগত সাদৃশ্যের কারণে এঁরা তিনজনেই হিন্দুত্ববাদের পুনরুত্থানবাদী রাজনীতিতে বিশ্বাস করেন এবং তিনজনেই জাতীয় কংগ্রেস তথা মহাত্মা গান্ধির রাজনৈতিক দর্শনের বিরোধী। দিল্লি পৌঁছে আপ্তে এবং গোডসের দেখা হবে তাঁদের বহুদিনের পরিচিত বন্ধু ডাক্তার দত্তাত্রেয় সদাশিব পারচুরে-র সঙ্গে। ডাক্তার পারচুরে ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’-র গোয়ালিয়র শাখার সভাপতি, সেখানকার হিন্দুত্ববাদী সামরিক সংগঠন ‘হিন্দু রাষ্ট্র সেনা’-র প্রতিষ্ঠাতা ও প্রধান এবং পরবর্তীকালে নাথুরাম গোডসের হাতে গান্ধিহত্যার অস্ত্রের জোগানদার। ডাক্তার পারচুরেও দিল্লি এসেছেন একই সভায় যোগ দিতে, অন্য সকলের মতো দেশের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাহেন্দ্রক্ষণে নতুন একটি সংগঠনের নীতি ও কর্তব্য নিয়ে আলোচনা করতে।
এখানে প্রশ্ন উঠবে, ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’-র মতো পুরোদস্তুর রাজনৈতিক সংগঠন এতদিন ধরে কার্যকর থাকা সত্ত্বেও স্বাধীনতার প্রাক্কালে আবার নতুন একটি রাজনৈতিক সংগঠন তৈরি করা প্রয়োজন হল কেন? প্রথমত, ১৯৪৭-এ দাঁড়িয়ে হিন্দু মহাসভাকে কিছু পুরানো ও অনাবশ্যক রাজনৈতিক বোঝা নিয়ে চলতে হচ্ছিল। একসময় রাজনৈতিক ক্ষমতা দখলের উদ্দেশ্যে বেশ কিছু প্রদেশে হিন্দু মহাসভা মুসলিম লিগের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেছিল। ১৯৪৩ থেকে ১৯৪৭ অবধি সময়ে বাংলা, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিন্ধু প্রদেশে হিন্দু মহাসভা মুসলিম লিগের সঙ্গে অংশীদারিত্বে প্রাদেশিক সরকারের শাসনক্ষমতা লাভ করেছিল। এই সিদ্ধান্তগুলি আসন্ন দেশভাগের আবহে ও তীব্রভাবে মেরুকৃত সাম্প্রদায়িক পরিবেশে হিন্দুদের একাংশের মধ্যে মহাসভার জনপ্রিয়তা হ্রাস করেছিল। এছাড়াও ‘৪২-এর ঐতিহাসিক আগস্ট আন্দোলনে অংশগ্রহণ না করার মতো বিতর্কিত সিদ্ধান্তও মহাসভার পক্ষে যায়নি। ফলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এমন একটি মঞ্চ দরকার ছিল যেখানে এইসব পুরানো বিতর্ক ও ভুলগুলির বোঝা পরিত্যাগ করে নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি, হিন্দু সামন্তপ্রভুদের দ্বারা শাসিত রাজ্যগুলির সঙ্গে সমন্বয়ের তাগিদও এই নতুন মঞ্চ তৈরির পেছনে কাজ করেছিল। ভারতের অগণিত ছোটো-বড়ো হিন্দু রাজ্য ও তাদের শাসকবর্গের স্বার্থরক্ষায় এদের প্রতিনিধিত্বমূলক একটি স্বাধীন সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন সাভারকররা। তাই কৌশলগত কারণে ‘৪৭-এর আগস্টে ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’-এর জন্ম। এই নতুন দলের সঙ্গে হিন্দু মহাসভার মতাদর্শগত ফারাক ছিল না, সদস্যরা মহাসভা ও ফ্রন্ট—দুই দলের সঙ্গেই যুক্ত ছিলেন, এবং হিন্দু রাষ্ট্র প্রকল্পের বাস্তবায়ন ছিল এই দুই গোষ্ঠির ঈপ্সিত উদ্দেশ্য।
ড. এন বি খারে ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’-এর প্রতিষ্ঠাতা হলেও ঠিক আগস্ট মাসেই আলোয়ারের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হওয়ায় তাঁর পক্ষে দিল্লির অধিবেশনে যোগ দেওয়া সম্ভব হয়নি। একই কারণে অধিবেশনে যোগ দিতে পারেননি আলোয়ারের মহারাজা তেজ সিংহ বাহাদুরও। তাঁদের অনুপস্থিতিতেই সাভারকরের সভাপতিত্বে ১১ আগস্ট অবধি অধিবেশন চলে। অধিবেশনে ‘হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’ যে সিদ্ধান্তগুলি নেয়, সেগুলি এইরকম—
এক) আসন্ন স্বাধীনতা দিবসের সমস্ত উৎসব উদযাপন বয়কট করা, বিপরীতে ১৫ আগস্টকে জাতীয় শোকের দিন হিসাবে পালন করা ও আত্মানুসন্ধানে রত হওয়া,
দুই) তেরঙ্গা জাতীয় পতাকাকে বর্জন করা এবং ‘ভগওয়া ঝান্ডা’-কে ভারতের প্রকৃত জাতীয় পতাকার মর্যাদা দেওয়া,
তিন) পাকিস্তান রাষ্ট্রকে রাজনৈতিক ও নৈতিক স্বীকৃতি না দেওয়া, অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য পুনরায় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং জাতীয় কংগ্রেসের কাছে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করার দাবি জানানো,
চার) ১৫ আগস্ট দেশব্যাপী দেশভাগ-বিরোধী জনসভার কর্মসূচি গ্রহণ করা ও মাউন্টব্যাটেন পরিকল্পনার বিরোধিতা করা।
এর পাশাপাশি, সাভারকর তাঁর বক্তৃতায় দেশের বিভাজনের নিন্দা করেন ও সংবিধান সভার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বলেন, যেহেতু কংগ্রেস সরকার ইসলামি রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে মেনে নিয়েছে ও সেকুলার রাষ্ট্রের ধারণার সঙ্গে ইতিমধ্যেই আপোষ করে ফেলেছে, তাই অনতিবিলম্বে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা সরকারের পক্ষে যৌক্তিক কাজ হবে। একইভাবে, সাভারকরও গেরুয়া ঝান্ডার পরিবর্তে তেরঙ্গাকে জাতীয় পতাকার মর্যাদা দিতে রাজি হন, তবু নতুন প্রশাসনের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে গৃহীত পতাকাটির প্রতি প্রকাশ্যে অসম্মান প্রদর্শন ঠিক হবে না বলে মত দেন।
বহু বছর ধরে বহু মানুষের কৃচ্ছসাধনের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে নবীন, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হতে চলছে, তার রাষ্ট্রভাবনার সঙ্গে নিজেদের মতাদর্শগত বিরোধের জায়গাটি ‘হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’ স্পষ্টভাবে ঘোষণা করে দিল।
ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে ত্যাগস্বীকার করেনি হিন্দু মহাসভা, বরং তারা স্বাধীনতা আন্দোলনের বিরোধী শক্তি হিসাবে কাজ করে এসেছে। স্বাধীনতা লাভের পরেও তারা শুধুমাত্র হিন্দুদের, আরও নির্দিষ্ট করে বললে উচ্চবর্ণ ও অভিজাত হিন্দুদের স্বার্থরক্ষাকারী শক্তি হিসাবে কাজ করতে চান—একথা আরও একবার বুঝিয়ে দিল ‘হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’। কিন্তু তাদের জন্য পরিতাপের বিষয়, ক্ষমতা হস্তান্তরের সময় যখন এল, হিন্দু মহাসভা ব্রিটিশদের কাছ থেকে সরকারে অংশ নেওয়ার জন্য কোনো ডাক পেল না। মুসলিমপ্রধান পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর অবশিষ্ট ভারতে হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হিসাবে উঠে এল। কিন্তু বিগত প্রাদেশিক নির্বাচনগুলির ফলাফলের ভিত্তিতে ব্রিটিশ প্রশাসন ভারতবর্ষের জনসাধারণের প্রধান প্রতিনিধি হিসাবে একমাত্র জাতীয় কংগ্রেসকে বেছে নিল।
দুই
জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন লড়াইয়ের ফলে দেশ স্বাধীনতা পেলে নতুন রাষ্ট্রটি কোন কোন নীতির উপর ভিত্তি করে গঠিত হবে তার রূপরেখা সর্বপ্রথম কবে গৃহীত হল? এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও ষোল বছর আগে, ভারতীয় জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে।
১৯৩১-এর মার্চ মাসের শেষে করাচিতে জাতীয় কংগ্রেসের অধিবেশন হচ্ছে, গোটা দেশ তখন শোকে মুহ্যমান। মাত্র এক সপ্তাহ আগে লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংহ, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুর ফাঁসি হয়েছে। এমত পরিস্থিতিতে, সর্দার বল্লভভাই প্যাটেলের সভাপতিত্বে এবং মহাত্মা গান্ধি, জওহরলাল নেহরু ও মৌলানা আবুল কালাম আজাদ প্রভৃতি শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে করাচি অধিবেশন শুরু হল। অধিবেশনের শুরু হয় গান্ধিজির খসড়া প্রস্তাব দিয়ে। এই প্রস্তাবেতিন শহিদের বীরত্ব ও আত্মত্যাগের প্রশংসা করা হয় এবং দেশের সামনে চূড়ান্ত লক্ষ্য যে ‘পূর্ণ স্বরাজ’ তা স্পষ্টভাবে ঘোষণা করা হয়। এছাড়াও এই অধিবেশনে তাঁদের কাঙ্খিত স্বাধীন রাষ্ট্রের চরিত্র যে ধর্মনিরপেক্ষ হবে তা জানানো হয়। এছাড়াও কংগ্রেস নেতৃবৃন্দ স্বাধীন রাষ্ট্রের মৌলিক অধিকার এবং অর্থনৈতিক নীতি সম্পর্কিত একটি প্রস্তাব গ্রহণ করে, যা দলটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসূচিকে স্পষ্টভাবে ব্যক্ত করে। এটিই ‘করাচি প্রস্তাব’ নামে খ্যাত।
করাচি প্রস্তাব বিশেষ কারণে স্মরণীয়, কারণ এই প্রথম সাধারণ ভারতীয় নাগরিকের জন্য স্বরাজের অর্থ কী হতে পারে তার একটা প্রাথমিক রূপরেখা দেওয়ার চেষ্টা হয়। প্রস্তাবগুলির কিছু গুরুত্বপূর্ণ দিক ছিল—
বাকস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সভা-সমিতি-সমাবেশ করার স্বাধীনতা ও সংগঠন তৈরির স্বাধীনতার মতো মৌলিক নাগরিক অধিকার; আইনের চোখে সকল নাগরিকের সমতা; সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন; অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা; নাগরিকদের উপর খাজনা ও করের উল্লেখযোগ্য হ্রাস; জীবনধারণের উপযোগী মজুরি ও কাজের সীমিত সময়সীমা বেঁধে দেওয়া, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা, নারী ও কৃষকদের সুরক্ষা, দেশের প্রধান প্রধান শিল্প, খনি ও পরিবহনের উপর সরকারি মালিকানা বা নিয়ন্ত্রণ, এবং সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান। এছাড়াও কংগ্রেস করাচি অধিবেশনের মঞ্চ থেকে অস্পৃশ্যতা প্রথার উপর একটি আঘাত হেনেছিল। প্রস্তাবের ৪ নম্বর ধারায় ঘোষণা করা হয়, ‘দেশের প্রতিটি নাগরিক জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে আইনের চোখে সমান’৷ ৬ নম্বর ধারায় রাষ্ট্রীয় বা স্থানীয় তহবিল দ্বারা রক্ষণাবেক্ষণ করা অথবা সাধারণ জনগণের ব্যবহারের জন্য ব্যক্তিবর্গের দ্বারা উৎসর্গীকৃত কূপ, জলাশয়, রাস্তাঘাট, বিদ্যালয় এবং জনস্বার্থের স্থানগুলোতে সমস্ত নাগরিকের সমান অধিকার ও দায়িত্ব সুনিশ্চিত করা হয়; এবং ১০ নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন সম্পাদনের বিধান দেওয়া হয়।
অর্থাৎ স্বাধীনতার পর যে গণতান্ত্রিক নীতিগুলি স্বাধীন ভারতের সংবিধানে স্থান পেতে চলেছে তার সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল করাচি অধিবেশন থেকে। করাচি প্রস্তাবের মধ্যে দিয়ে জাতীয় কংগ্রেস আগামী বহু দশকের জন্য ভারতের রাজনৈতিক দর্শনের একটি আধুনিক ও গণতান্ত্রিক ভিত্তি স্থাপন করল।
গান্ধিহত্যার নেপথ্য কারণ খুঁজতে এসে করাচি অধিবেশনে গৃহীত প্রস্তাবগুলি নিয়ে এতগুলি শব্দ খরচ করার বিশেষ কারণ রয়েছে। ১৯৩১-এর করাচি প্রস্তাবের মধ্যে দিয়ে প্রস্ফুটিত আধুনিক দৃষ্টি আসলে মহাত্মা গান্ধি সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মনোভাবের প্রকাশ। তার সঙ্গে ১৯৪৭ সালে হিন্দু মহাসভার ছায়া সংগঠন ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’-এর সিদ্ধান্তগুলির তুলনা করলে দুটি সংগঠনের দৃষ্টিভঙ্গীর তফাত বোঝা যাবে।
ধর্মের ভিত্তিতে জাতিরাষ্ট্রগঠনের প্রতি হিন্দু মহাসভা তথা সাভারকরের সমর্থন বরাবর ছিল। ১৯২৩ সালে প্রকাশিত ‘A Marhatta’ ছদ্মনামে লেখা ইশতেহার-সদৃশ ‘Essentials of Hindutva’ গ্রন্থে সাভারকর প্রথমবার, তাঁর মতে, ভারতবর্ষে বসবাস করার ও প্রকৃত হিন্দু হওয়ার যোগ্যতাগুলি কী কী তা লিপিবদ্ধ করেছিলেন, যা পরবর্তীকালে ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদের আকর। ১৯৩৭-এ আমেদাবাদে হিন্দু মহাসভার উন্মুক্ত অধিবেশনে সভাপতির বক্তৃতায় সাভারকর বলেছেন—
‘India cannot be assumed today to be a unitarian and homogenous nation, but on the contrary, there are two nations in the main – the Hindus and the Muslims.’
আবার ১৯৪৫-এ সাভারকরের বক্তব্য –
‘I have no quarrel with Mr. Jinnah’s two nation theory. We, the Hindus, are a nation by ourselves, and it is a historical fact that the Hindus and Muslims are two nations.’
প্রকৃতপক্ষে, তাঁদের মূল হতাশার কারণ ‘মুসলিম পাকিস্তান’ গঠন হল বটে, কিন্তু বিপরীতে একটি ‘হিন্দু ভারত’ পাওয়া গেল না। তাঁদের স্বপ্ন ছিল পাকিস্তান গঠনের পর মুসলমানেরা এদেশ থেকে অপসারিত হবে, ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ট ভূখণ্ডে পরিণত হবে, তাই একবার ইংরেজরা ক্ষমতা হস্তান্তর করে ইংল্যান্ডগামী জাহাজে চড়ে বসলে এদেশকে কার্যত ‘হিন্দু রাষ্ট্র’-এ রূপান্তরিত করতে আর প্রতিবন্ধকতা থাকবে না। এই নবনির্মিত হিন্দু রাষ্ট্রে জাতীয় পতাকা হবে ভগওয়া অর্থাৎ গেরুয়া ঝান্ডা। অবশিষ্ট মুসলিম জনগোষ্ঠীর যারা তখনও এদেশে থেকে যাবেন, তাদের অধিকার খর্ব করা হবে। সমস্ত নাগরিকের মৌলিক অধিকার তাদের ধর্মপরিচয়ের ভিত্তিতে নিয়ন্ত্রিত হবে। সর্বোপরি, হিন্দু মহাসভা সহ হিন্দু জাতীয়তাবাদী দলগুলি দেশের হিন্দু উচ্চবর্ণ ও হিন্দু রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শাসনতন্ত্র পরিচালনা করবে।
কার্যত তা হল না। দেশভাগের সিদ্ধান্ত পাকা হল, ব্রিটিশ সরকার দ্বারা ক্ষমতা হস্তান্তরের দিনও সমাগত, মুসলিম সমাজের প্রতিনিধি হিসাবে মুসলিম লিগও তাঁদের সাম্প্রদায়িক রাজনীতির পুরস্কার হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ পেতে চলল। কিন্তু একের পর এক প্রাদেশিক নির্বাচনে দুর্ভাগ্যজনক ফল করার ফলে হিন্দু মহাসভাকে আপামর হিন্দু সমাজের প্রতিনিধি হিসাবে গণ্য করা হল না। ফলত হিন্দু রাষ্ট্র নামক ‘ইউটোপিয়া’ রূপায়নের লক্ষ্মণ দেখা গেল না। ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র গঠনের পথে বাধা হয়ে দাঁড়াল কংগ্রেস এবং তাদের নেতা ‘মুসলিম তোষণকারী’ গান্ধি এবং তাঁর অনুগামী জওহরলাল।
ফলে একটু খেয়াল করলেই আমরা দেখতে পাব, গান্ধিজি যেদিন থেকে হিন্দুরাষ্ট্রের বিপরীতে জাতিধর্মবর্ণনির্বিশেষে সকলের সমানাধিকার থাকবে এমন এক আধুনিক রাষ্ট্রের ধারণা প্রচার করতে শুরু করেছিলেন, তখন থেকেই তাঁর বিরুদ্ধে হিন্দু রক্ষণশীল গোষ্ঠীর ক্রোধও প্রকাশ পেতে শুরু করে। কংগ্রেস করাচি প্রস্তাব পেশ করছে ১৯৩১-এ, গান্ধিজি ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদী ধর্মের মূল ভিত্তি বর্ণভেদ প্রথার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন (যদিও তাঁর অবস্থান আম্বেদকরের মতো র্যাডিক্যাল নয়), আর তাঁর উপর প্রথমবার প্রাণঘাতী আক্রমণ হয় ১৯৩৪-এ। ১৯৩৪-এ পুণে কর্পোরেশন প্রেক্ষাগৃহে হরিজন যাত্রা প্রচার উপলক্ষ্যে বক্তৃতা দিতে যাওয়ার পথে গান্ধিজির গাড়ির ওপরে গ্রেনেড হামলা হয়, সেটিই ছিল গান্ধিজির উপর এই গোষ্ঠীর প্রথম আঘাত। পুণের ঘটনার পরেও ১৯৪৮ পর্যন্ত গান্ধিজির উপর হিন্দুত্ববাদী গোষ্ঠীর আরও পাঁচটি প্রাণঘাতী হামলার কথা নথিবদ্ধ আছে, যার মধ্যে চারটি আক্রমণ কোনো না কোনো কারণে ব্যর্থ হয়। যা গুরুত্বপূর্ণ তা হল সর্বমোট এই ছ’টি হামলার মধ্যে চারটির সঙ্গেই নাথুরাম গোডসে ও তাঁর কোনো না কোনো সঙ্গীর যোগ ছিল। হিন্দু রাষ্ট্র গঠনের জঙ্গি সমর্থকেরা নিরস্ত্র গান্ধিজির উপর তিনের দশক থেকে যে আক্রমণ শুরু করেছিল, তা শেষমেশ পরিণতি পায় ১৯৪৮-এর ৩০ জানুয়ারি বিড়লা ভবনে, নাথুরামের গোডসের হাতেই।
ক্ষমতা হস্তান্তরের দিন যত এগিয়ে আসছিল, গান্ধিজির বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছিল সঙ্ঘ-মহাসভা। ঠিক এই সময়, আরেক স্বাভাবিক মিত্রপক্ষকে গান্ধি-বিরোধিতায় পাশে পেয়ে গেলেন এই গোষ্ঠী। তাদের ভালো করে চিনে নেওয়া যাক।
তিন
স্বাধীনতা পেতে তখনও বছরখানেক দেরি। ১৯৪৬ সালের ১২ এপ্রিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে মহাত্মা গান্ধি একটি চিঠি লিখলেন। ক্রিপস সেইসময় ব্রিটিশ ক্যাবিনেটের একটি প্রতিনিধি দলের সদস্য হিসাবে ভারতে এসেছেন, সেই দল ভারতবর্ষের আসন্ন ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করবে। প্রসঙ্গত, এই সেই স্ট্যাফোর্ড ক্রিপস যাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ সালের মার্চ মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতে পাঠিয়েছিলেন। ক্রিপস মিশনের উদ্দেশ্য ছিল বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকারের প্রতি ভারতের পূর্ণ সামরিক ও রাজনৈতিক সমর্থন আদায় করা। বিনিময়ে যুদ্ধ শেষ হওয়ার পরে ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস অর্থাৎ স্বায়ত্তশাসনের মর্যাদা দেওয়া হবে। ভারতের রাজনৈতিক দলগুলি বিভিন্ন কারণে প্রস্তাবগুলি অস্বীকার করে ও মিশন ব্যর্থ হয়। যাই হোক, স্যার ক্রিপসকে ১২ এপ্রিল ১৯৪৬-এর চিঠিতে গান্ধিজি লিখছেন—
‘সমগ্র ভারত যখন স্বাধীন হবে, তার চূড়ান্ত ফলাফল ভালো হতে পারে, সেটাই হওয়া উচিত। তাই দেশীয় রাজ্যগুলির বাসিন্দাদের উপেক্ষা করে তাদের ক্ষুব্ধ করা মোটেই ঠিক কাজ হবে না। প্রকৃতপক্ষে, রাজ্যের সাধারণ মানুষরাই রাজ্যের সবকিছু, তাদের বাদ দিয়ে রাজন্যবর্গের কোনো মূল্য নেই। রাজন্যবর্গ তাঁদের এই কৃত্রিম পদমর্যাদার জন্য ভারত সরকারের কাছে ঋণী বটে, কিন্তু তাঁদের অস্তিত্ব আসলে নিজ নিজ রাজ্যের জনসাধারণের উপর নির্ভরশীল।’
স্ট্যাফোর্ড ক্রিপসকে লেখা চিঠিতে আভাস পাওয়া যাচ্ছে আসন্ন ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষিতে রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলি (Princely states) সম্বন্ধে গান্ধিজির ভাবনাচিন্তা কী রকম ছিল। একথা স্পষ্ট যে গান্ধিজি স্বাধীনতা বলতে শুধু ভারত থেকে ব্রিটিশ শাসকের বিদায় ও দেশীয় শাসকদের হাতে ক্ষমতা প্রদান ভাবছেন না। স্বাধীনতার যে ধারণা তিনি লালন করেন, তাতে স্বাধীন দেশের ক্ষমতার অংশীদারত্ব থাকবে দেশের সাধারণ মানুষের হাতে, রাজন্যবর্গের হাতে নয়। তাঁর লক্ষ্য, ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলে স্বাধীন ভারত একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে, সে আর তার সামন্ততান্ত্রিক অতীতে ফিরে যাবে না। কয়েকমাস পরে ২৬ নভেম্বর ১৯৪৬-এ ‘হরিজন’ পত্রিকায় প্রকাশিত গান্ধিজির একটি লেখায় তাঁর অবস্থান আরও স্পষ্টভাবে বোঝা যায়।
‘জনগণ স্বাধীনতা চায় আর তারা তা অর্জনের জন্য লড়াই করছে। রাজন্যবর্গ এই স্বাধীনতা চাননি বা তার জন্য লড়াইও করেননি, বরং তাঁরা বিদেশি শক্তির সাহায্য নিয়ে ক্ষমতায় টিকে আছেন, যদিও তাঁরা দাবি করেন যে তাঁরা প্রজাদের স্বাধিকার খর্ব করতে চান না। রাজন্যবর্গ যদি নিজেদের পদমর্যাদার প্রতি সৎ হন, তাহলে আধিপত্যের এই জনমুখী প্রয়োগকে তাঁদের স্বাগত জানানো উচিত, যাতে তাঁরা জনসাধারণের সার্বভৌমত্বের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন।’
অর্থাৎ গান্ধিজি চাইছেন রাজ্যের শাসনক্ষমতা সামন্তপ্রভুর হাত থেকে রাজ্যের সাধারণ প্রজাদের হাতে যাক, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ঠিক যেমনটি হওয়া উচিত। এখানে রাজন্যবর্গের হাত থেকে রাজ্যের জনগণের হাতে শাসনক্ষমতা হস্তান্তরের বিষয়টি সমাধান করতে গান্ধিজি আমদানি করছেন ট্রাস্টিশিপ বা তত্ত্বাবধায়কের ধারণাটিকে। গান্ধিজি যেহেতু কোনোভাবেই শ্রেণিসংগ্রাম উস্কে দেওয়ায় পক্ষে নন, এই ধরনের সঙ্কটে তাঁর প্রদত্ত সমাধানসূত্র ছিল দুই পক্ষের মধ্যে রক্তপাতহীন বোঝাপড়া। সে কারণেই রাজন্যবর্গের প্রতি তাঁর আবেদন ছিল যে তাঁরা তাঁদের অতিরিক্ত ও উদ্বৃত্ত ব্যক্তিগত সম্পত্তি জনস্বার্থে পরিত্যাগ করবেন, মেনে নেবেন যে তাঁরা আর ওই সম্পত্তির মালিক নন। পরিবর্তে তাঁরা জনগণের হয়ে ওই সম্পত্তির ট্রাস্টি বা তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করবেন, অর্থাৎ দেখভাল করবেন এবং এই স্বার্থত্যাগের কারণে রাজ্যের জনগণের কাছ থেকে আগের মতোই মর্যাদা পাবেন। দেশের সরকার ক্ষতিপূরণ হিসাবে তাঁদের মাসিক পেনশন দেবে। ২০ অক্টোবর ১৯৪৭-এ জয়পুরের প্রধানমন্ত্রী ও পরবর্তীকালে রাজস্থান রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হীরালাল শাস্ত্রীকে এক চিঠিতে গান্ধিজি লিখছেন-
‘In free India, the whole country belongs to the people. Not even the smallest portion of it is the private property of the Princes. They can retain their claim only by becoming trustees of the people and that is why they would be required to give evidence of popular support for every action of theirs.’
আর রাজন্যবর্গ যদি এই সমাধানসূত্র মানতে অস্বীকার করেন, তাহলে তাদের বিরুদ্ধে অহিংস সত্যাগ্রহে নামা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। ৯ সেপ্টেম্বর ১৯৪৫-এ দ্য হিন্দু সংবাদপত্র ‘তত্ত্বাবধায়ক’ বিষয়টি নিয়ে গান্ধিজিকে উদ্ধৃত করে একটি সংবাদ প্রকাশ করে। তারা লেখে—
‘He (Gandhiji) said that he did not want to accentuate class-struggle. The owners should become trustees. They might insist that they should become trustees yet they might choose to remain owners. We shall then have to oppose and fight them. Satyagraha will then be our weapon. Even if we want a classless society we should not engage in a civil war. Non-violence should be depended upon to bring a classless society.’
শ্রেণিসংগ্রাম ছাড়া শ্রেণিহীন সমাজের নির্মাণ আদৌ সম্ভব কিনা, তা নিয়ে মতানৈক্য থাকবে। স্বাধীনতার সাত দশক পরেও আজকের ভারতবর্ষে শাসক ও শাসিতের মধ্যেকার ব্যাবধান প্রতিদিন যেভাবে বেড়ে চলেছে তা নিজের চোখে দেখলে গান্ধিজি ‘ট্রাস্টিশিপ’ নিয়ে কী বলতেন তা জানতে কৌতূহল হয়। কিন্তু মূল কথাটা হল, সেদিন গান্ধিজি সামন্তপ্রভুদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে জাতিধর্মনির্বিশেষে রাজ্যের আপামর সাধারণ মানুষের মধ্যে সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে চেয়েছিলেন। স্বভাবতই, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিদায়ে যে সকল রাজন্যবর্গ ক্ষমতাকেন্দ্র হিসাবে নিজেদের পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছিলেন, তাঁদের গান্ধিজির এই অবস্থানে খুশি হওয়ার কথা নয়, কারণ গান্ধিজির এই নীতি সরাসরি রাজন্যবর্গ ও রাজ্যের অভিজাত শ্রেণির রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের চরম পরিপন্থী। বস্তুত, ঠিক এই কারণে দেশব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের পাশাপাশি গান্ধিজির সঙ্গে দেশের রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির এক অঘোষিত যুদ্ধ চলছিল, যে লড়াই শুরু হয়েছিল তিনের দশক থেকে এবং ক্ষমতা হস্তান্তরের দিনগুলিতে যা তীব্রতর হয়ে ওঠে।
হস্তান্তরের দিন যত এগিয়ে আসছিল, রাজন্যবর্গ পরিচালিত রাজ্যের ভবিষ্যৎ বিষয়ে গান্ধিজির নিজের অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠছিল। ৮ এপ্রিল ১৯৪৭-এ ব্রিটিশ আমলা ও ব্যক্তিগত বন্ধু স্যার ম্যালকম ডার্লিং-কে এক দীর্ঘ সাক্ষাৎকারে গান্ধিজি বলেন-
‘…তাই আমি রাজন্যবর্গকে বলছি যে তাঁদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কংগ্রেস সবসময় তাঁদের সঙ্গে একটি বোঝাপড়ায় আসার পক্ষে। কংগ্রেস অহিংসার নীতি গ্রহণ করেছে। রাজাদের শুধু স্বেচ্ছায় জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে কংগ্রেস তাঁদের বিষয়টি মর্যাদার সঙ্গে বিবেচনা করবে। আমরা রাজন্যবর্গের বিলুপ্তি ঘটাতে চাই না। সর্বোপরি, তারাও তো ভারতের নাগরিক, তাই নয় কি? রাজাদের কেবল নিজেদের সংশোধন করতে হবে এবং তাঁদের প্রজাদের সেবকে পরিণত হতে হবে। কংগ্রেস তাঁদের সাহায্য করার জন্য পাশে থাকবে। আর তাঁরা যদি নিজেদের পথ সংশোধন না করেন, তবে নিজেদের ধ্বংস তাঁরা নিজেরাই ডেকে আনবেন।’
যদিও গান্ধিজি মুখে বলছেন কংগ্রেস রাজন্যবর্গের বিলুপ্তি ঘটাতে চায় না, কিন্তু তাঁর এই চূড়ান্ত প্রস্তাব রাজন্যবর্গের মৃত্যুঘণ্টা ছাড়া আর কী? বস্তুত, গান্ধিজি ভারতের রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলিতে সামন্ততন্ত্রের বৈধতা অবসানের লক্ষ্যে যে ডিসকোর্সটি তৈরি করেছিলেন, তার উপর দাঁড়িয়েই স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল ও তাঁর যোগ্য সহযোগী ভি পি মেনন একের পর এক রাজন্যবর্গ পরিচালিত রাজ্যকে ভারতের অঙ্গীভূত করেন।
এর বিপরীতে, অখিল ভারতীয় হিন্দু মহাসভা রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলিকে ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত। ১৯৩৭-এ অনুষ্ঠিত প্রাদেশিক আইনসভা নির্বাচনে একমাত্র সিন্ধু প্রদেশ ছাড়া সারা দেশে হিন্দু মহাসভা শোচনীয়ভাবে পরাজিত হয়, জাতীয় কংগ্রেস অধিকাংশ আসন অধিকার করে নেয়। জনগণের কাছ থেকে অস্বীকৃত হয়ে হিন্দু মহাসভা আরও বেশিমাত্রায় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি পথ বেছে নেয়। এই কাজে হিন্দু রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলি ছিল তাদের স্বাভাবিক শ্রেণি-মিত্র ও কৌশলগত অংশীদার। ১৯৩৭ থেকে ১৯৪৭—এই দশ বছর সময়কালে হিন্দু মহাসভা ও হিন্দু রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থ ও প্রাসঙ্গিকতা রক্ষার প্রয়োজনে পরস্পরের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠে। ১৯৪৪-এর এপ্রিল মাসে সাভারকরের নেতৃত্বে হিন্দু মহাসভা তিনটি বড়োমাপের সমাবেশের আয়োজন করে, যাতে দেশের নানা প্রান্ত থেকে রাজন্যবর্গ অংশ নেন। স্বাধীন ভারতে রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির অবস্থা কী হবে; এই সমাবেশগুলিতে তা নিয়ে আলোচনা হয়। বরোদায় অনুষ্ঠিত সমাবেশ থেকে ড. বালকৃষ্ণ শিবম মুঞ্জে সভাপতির ভাষণে বলেন-
‘যেসব রাজন্যবর্গ এই রাজ্যগুলো শাসন করছেন, তাঁরা অতীতের হিন্দু সাম্রাজ্যের প্রতিনিধি এবং স্বভাবতই মর্যাদা ও আত্মত্যাগের সমস্ত ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করেন। তাঁরাই বিগত প্রায় ৫০০ বছর ধরে তাঁদের বিরুদ্ধে বিদেশী প্রতিপক্ষদের হাত থেকে হিন্দু সাম্রাজ্যকে রক্ষা করার জন্য সংগ্রাম করে চলেছেন, দুর্দশা ভোগ করেছেন… অতএব, হিন্দু মহাসভা সমস্ত হিন্দুদের প্রতি আহ্বান জানাচ্ছে, তারা যেন তাদের হিন্দু রাজাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেন—কারণ এই হিন্দু রাজারাই রাজনৈতিক বিশ্বে অতীতের হিন্দু গৌরব ও হিন্দু সাফল্যের মূর্ত প্রতীক, এবং এঁরাই আমাদের জন্য আগামী দিনের আশার আলো।’
হিন্দু রাজন্যবর্গ সম্বন্ধে গান্ধিজির মতামত ও বালকৃষ্ণ মুঞ্জের ভাষণ মিলিয়ে পড়লে বোঝা যাচ্ছে, দুটি অবস্থান পরস্পরবিরোধী। গান্ধিজি যখন তাঁর একের পর লেখায়-বক্তৃতায় রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলিকে তাদের সামন্ততান্ত্রিক অবস্থান ত্যাগ করে নিজ রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আবেদন করছেন, তখন হিন্দু মহাসভার মুখপত্র Hindu Outlook-এ আলোয়ারের মহারাজা স্যার তেজ সিংহ প্রভাকর বাহাদুরের এই লেখাটি (১১ মার্চ, ১৯৪৭) প্রকাশিত হচ্ছে-.
‘It is the forefathers of the present rulers who have saved India from Muslim domination. The same task lies ahead and we call upon the Hindu Princes to play their rightful role and save the Hindu nation from extinction.’
স্পষ্টত, আলোয়ারের মহারাজার বক্তব্যে যেন স্বয়ং দামোদর সাভারকরের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। সাভারকর, নাথুরাম গোডসে সহ গোটা চিৎপাবন ব্রাহ্মণ সমাজ যেমন ব্রিটিশের অপসারণের পর পেশোয়া রাজ্যের পুনরুত্থানের স্বপ্ন দেখতেন, তেজ সিংহ বাহাদুরের এই বক্তব্য তার সঙ্গেও সাযুজ্যপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে জেনেছি, হিন্দু রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির স্বার্থরক্ষায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর শেষ প্রচেষ্টা ছিল আলোয়ারের দেওয়ান ড. এন বি খারের উদ্যোগে ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’-এর প্রতিষ্ঠা, যা স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যেই মুখ থুবড়ে পড়বে।
জয়পুরের মহারাজাকে সাভারকর ১৯৪৪-এর ১৯ জুলাই এই চিঠি লিখছেন—
‘মহামান্য, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা অন্যান্য রাজন্যবর্গের কাছ থেকে ব্যক্তিগতভাবে শুনে থাকবেন যে সম্পূর্ণত আমারই নেতৃত্বে হিন্দু মহাসভা সংগঠন হিসাবে সুস্পষ্টভাবে হিন্দু রাজ্যগুলির পাশে দাঁড়ানোর নীতি গ্রহণ করেছে। কংগ্রেসপন্থী, কমিউনিস্ট, মুসলিম ও অন্যান্য কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি প্রকাশ্যেই ঘোষণা করেছিল যে তাদের লক্ষ্য হিন্দু রাজ্যগুলিকে সমূলে উৎপাটন করা, রাজ্যগুলিকে বিব্রত করা তথা প্রজাদের সঙ্গে রাজন্যদের সম্পর্ক নষ্ট করার প্রতিটি প্রচেষ্টাকে উৎসাহিত করা। হিন্দু মহাসভা এদের সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে হিন্দু রাজ্যগুলির মর্যাদা, স্থিতিশীলতা ও ক্ষমতা রক্ষা করার নীতি গ্রহণ করেছে। আজ প্রতিটি হিন্দু রাজ্যে হিন্দু সভাই হল একমাত্র সংগঠন যারা হিন্দু রাজ্যগুলিকে রক্ষা করার মৌলিক নীতির উপর ভিত্তি করে অবস্থান নেয় ও এই কাজ হিন্দু হিসাবে নিজেদের কর্তব্য বলে মনে করে। হিন্দু মহাসভা ঘোষণা করেছে যে হিন্দু রাজ্যগুলি হল হিন্দু শক্তির কেন্দ্র। বিভিন্ন রাজ্যে আমার সফরের মাধ্যমে যে নীতিটি কার্যকর করা হয়েছিল তা ছিল প্রতিটি হিন্দু রাজ্যে সফলভাবে হিন্দু সংগঠকদের সংস্থা তৈরি করা, রাজ্য এবং রাজণ্যের প্রতি যাদের আনুগত্য হবে প্রশ্নাতীত।’
হিন্দু রাজ্যগুলিতে বসবাসকারী সাধারণ মানুষজনের গণতান্ত্রিক অধিকারের ভাবনা সাভারকর বা মুঞ্জের পরিকল্পনাতে ছিল না। দেশের আসন্ন রাজনৈতিক পটপরিবর্তন থেকে তাঁদের পাখির চোখ ছিল একটা—হিন্দু রাজ্যের সামন্তপ্রভুদের ক্ষমতাকেন্দ্রে স্থিতাবস্থা বজায় রাখা। বিনিময়ে হিন্দু রাজ্যগুলি মহাসভাকে রাজনৈতিক প্রাসঙ্গিকতা ও আর্থিক পৃষ্ঠপোষকতা দেবে। ফলস্বরূপ, গণতান্ত্রিক ভারতবর্ষের স্বপ্ন দেখা এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির বৈধতাকে খর্ব করে চলা মোহনদাস করমচাঁদ গান্ধি, মহাসভা ও হিন্দু রাজ্য—উভয়ের কাছেই অন্যতম প্রধান শত্রু হিসাবে চিহ্নিত হবেন, তা নিয়ে সন্দেহের অবকাশ থাকা উচিত নয়।
ভারতের বুকে ছোটো ছোটো এলাকায় কমবেশি কয়েকশো বছর ধরে রাজত্ব করে আসা রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলি তাঁদের ক্ষমতার অচলায়তন বজায় রাখার ব্যাপারে সুনিশ্চিত ছিলেন। এমনকী ব্রিটিশও ১৮৫৭-এ মহাবিদ্রোহের সময়টুকু ছাড়া রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলিকে বিরক্ত করেনি, নির্ধারিত করটুকু পেলেই তারা খুশি থাকত। রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির লালিত স্বপ্ন ও দীর্ঘ প্রস্তুতি ক্ষমতা হস্তান্তরের দিনগুলিতে এসে চরম ধাক্কা খেল গান্ধিজির নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস কাছ থেকে, যা রাজন্যবর্গ ও তাদের চারপাশে আমলাতন্ত্র নিয়ে গড়া ওঠা রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তুতন্ত্রকে এক লহমায় তছনছ করে দিয়েছিল। ব্রিটিশদেরও কোনোদিন যা করার পরিকল্পনা ছিল না, মহাত্মা গান্ধি সেই কাজটি সম্পন্ন করলেন।
রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলির প্রতিহিংসার মনোভাব গান্ধিহত্যার অন্যতম জোরালো মোটিভ। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধের ঘটনাক্রম কীভাবে এই মোটিভের প্রাসঙ্গিকতা বাড়িয়ে তোলে, তা একবার দেখে নেওয়া যাক।
চার
আরেকবার ফিরে আসি ১৯৪৭ সালের আগস্ট মাসের ঘটনায়। ‘অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট’-এর প্রথম অধিবেশনে যোগ দিতে ৮ আগস্ট বোম্বে থেকে দিল্লি পৌঁছেছেন সাভারকর, সঙ্গে তাঁর দুই শিষ্য—নাথুরাম গোডসে ও নারায়ণ আপ্তে। আরেক শিষ্য ড. দত্তাত্রেয় সদাশিব পারচুরে এসে পৌঁছেছেন গোয়ালিয়র থেকে। এঁদের প্রত্যেকেই আর মাত্র কয়েকমাস পরে গান্ধিহত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হবেন। আমাদের পক্ষে জানা সম্ভব নয়, হিন্দু ন্যাশনাল ফ্রন্ট-এর ঘোষিত অ্যাজেন্ডার বাইরে ষড়যন্ত্রকারীরা নিজেদের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু প্রায় বিশ বছর পরে ১৯৬৬ সালে গঠিত জীবনলাল কাপুর কমিশনের পেশ করা রিপোর্ট থেকে আমরা জানতে পারব, সেদিন গান্ধিহত্যার ষড়যন্ত্রকারীদের মধ্যে সাভারকর ছিলেন একজন এবং সম্ভবত প্রধানতম ষড়যন্ত্রী। সেক্ষেত্রে ‘৪৭-এর আগস্টে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে ষড়যন্ত্রকারীদের এই একত্র সমাবেশ নিতান্ত কাকতালীয় নয়। সেই মুহূর্তে যারাই হিন্দু ন্যাশনাল ফ্রন্ট-এর দিল্লি অধিবেশনে যোগ দিয়েছিলেন তারা সকলেই নীতিগতভাবে কমবেশি গান্ধিবিরোধী। এই অধিবেশনে মহাসভার সদস্যরা ছাড়াও যোগ দিয়েছিলেন হিন্দু রাজন্যবর্গ পরিচালিত রাজ্যের প্রতিনিধিরা। সভায় উপস্থিত ছিল গোয়ালিয়র, যোধপুর, জয়শলমীর, ভরতপুর, বরোদা, ভোপাল, কোটা, ধোলপুর প্রভৃতি রাজ্যের প্রতিনিধি। সন্দেহ নেই, এক অভূতপূর্ব অস্তিত্বের সঙ্কট সেদিন তাঁদের একত্রিত করেছিল। অবশ্য বলে রাখা দরকার, যদিও কংগ্রেসের দেশীয় রাজ্য নীতি নিয়ে এঁরা সকলেই বিরক্ত, শঙ্কিত ও ক্রুদ্ধ, কিন্তু গান্ধিহত্যার ষড়যন্ত্রে এঁরা সকলে যোগ দিয়েছিলেন এমনকী এই হত্যায় তাঁদের সকলের সমর্থন ছিল, এমনটি ভাবা অবান্তর। উপস্থিত রাজন্যবর্গ পরিচালিত রাজ্যগুলি রাজনৈতিক ক্ষমতা হারিয়ে ফেলার সঙ্কটে আক্রান্ত হলেও তারা সকলে হত্যার ষড়যন্ত্রে অপরাধী নয়। বরং রাজপুতানার যে রাজন্যবর্গ পরিচালিত রাজ্যটি অভ্যন্তরীণ অস্থিরতার কারণে সেবার দিল্লির অধিবেশনে যোগ দিতে পারেনি, সেই রাজ্যটির দিকে সরাসরি অভিযোগের আঙুল তোলা যেতে পারে।
রাজ্যটি আলোয়ার। আলোয়ারের প্রসঙ্গ এই নিবন্ধে একাধিকবার এসেছে। আলোয়ারের প্রধানমন্ত্রী ড. এন বি খারের উদ্যোগেই অল ইন্ডিয়া হিন্দু ন্যাশনাল ফ্রন্ট-এর জন্ম। হিন্দু ন্যাশনাল ফ্রন্ট-এর অধিবেশনেই আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লি হাজির হয়েছিলেন সাভারকার-গোডসেসহ হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্রথম সারির নেতারা। এস্থলে রাজন্যবর্গ পরিচালিত রাজ্য আলোয়ারের কথা আলাদাভাবে বলা দরকার। ১৯৩৭-এ মহারাজ জয় সিংহ প্রভাকর নিঃসন্তান অবস্থায় প্যারিসে মারা গেলে ব্রিটিশ প্রশাসন জয় সিংহের দুঃসম্পর্কের ভাই বা আত্মীয় তেজ সিংহ প্রভাকরকে আলোয়ারের সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচিত করে। স্বাভাবিক কারণেই তেজ সিংহ ব্রিটিশ অনুগত ছিলেন। ১৯৪৩ সালে ব্রিটিশ সরকার তাঁকে দক্ষ প্রশাসক হিসাবে নাইট উপাধিতে ভূষিত করেন। একইসঙ্গে তেজ সিংহ হিন্দু মহাসভার সাম্প্রদায়িক রাজনীতির কট্টর সমর্থক ছিলেন। দেশভাগের ঠিক আগে মহারাজ তাঁর রাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে খারেকে নিযুক্ত করার পর আলোয়ারে সাম্প্রদায়িক পরিস্থিতির দ্রুত অবনতি হয়। রাজ্যের অহিন্দু ও মুসলিম প্রজাবৃন্দের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। দেশভাগের সময় আলোয়ার রাজ্যের সশস্ত্র বাহিনী স্থানীয় ‘মেও মুসলিম’ সম্প্রদায়ের উপর সহিংসতা ও জোরপূর্বক ধর্মান্তকরণ চালায়, যার ফলে লক্ষাধিক মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছিল।
গান্ধিহত্যার মাত্র দুদিন পরে ফেব্রুয়ারি মাসের দু-তারিখে গোয়েন্দা পুলিশের একটি দল আলোয়ার রওনা হয়। গান্ধিহত্যা তদন্তে পুলিশের নজর দ্রুত আলোয়ার রাজ্যের উপর পড়ার কারণ বহুবিধ। প্রথমত, অক্টোবর ১২, ১৯৪৭-এ নারায়ণ ভাস্কর খারে খোলাখুলি গান্ধিজিকে ব্রহ্ম-শাপ বা ব্রাহ্মণের অভিশাপ দিয়েছিলেন। নারায়ণ খারের ক্রোধের কারণ ছিল, গান্ধিজি, খারের মতে, ভারতবর্ষে হিন্দু ও হিন্দুরাষ্ট্র বিরোধী কাজ করছেন; দেশভাগ ও হিন্দুদের রক্তপাতের জন্য তিনি দায়ী যার ফলে পৃথিবী থেকে তাঁর নিষ্ক্রমণ অনিবার্য; কেননা ব্রাহ্মণের অভিশাপ বিফলে যায় না। প্রসঙ্গত, নারায়ণ ভাস্কর খারেও একজন মহারাষ্ট্রীয় চিৎপাবন ব্রাহ্মণ; গান্ধিহত্যা ষড়যন্ত্রের প্রতিপদে আমরা চিৎপাবন ব্রাহ্মণদের সাক্ষাৎ পেয়েছি। নাথুরাম গোডসে, নারায়ণ আপ্তে এবং স্বয়ং দামোদর সাভারকর একই গোষ্ঠীভুক্ত।
আলোয়ারে দ্রুত পুলিশ পাঠানোর দ্বিতীয় কারণ নাথুরাম গোডসের গুলিচালনার প্রায় দু’ঘণ্টা আগেই আলোয়ারের এক সাধুবাবা ঘোষণা করে দিয়েছিলেন যে গান্ধিজি মৃত। ৩০ জানুয়ারি ১৯৪৮-এ গান্ধিহত্যার আগেই সাধুবাবার কাছে খবর ছিল যে সেদিন গান্ধিজিকে গুলি করা হবে। এই সাধুর আসল নাম গোপী কৃষ্ণ ব্যাস, তিনি ওম বাবা নামে অধিক পরিচিত ছিলেন। আরেকটি জরুরি তথ্য হল, ১৯ জানুয়ারি দিল্লির হিন্দু মহাসভা ভবনে ওম বাবা ও মদনলাল পাহ্বা দুজনে ভবনের তিন নম্বর ঘরে রাত কাটিয়েছেন। তার আগে ১৩ জানুয়ারি বিড়লা ভবনে গান্ধিজির সর্বধর্ম প্রার্থনাসভায় গোলমাল করার জন্য দিল্লি পুলিশ ওম বাবাকে গ্রেফতার করেছিল। ধৃত ওম বাবা জেল-হেফাজতে অনশন শুরু করায় পুলিশ তাঁকে ছেড়ে দেয়। এহেন ওম বাবা ও গান্ধিহত্যার ষড়যন্ত্রকারী দলের অন্যতম সদস্য মদনলাল পাহ্বা ১৯ তারিখ রাতে, অর্থাৎ যেদিন মদনলাল বিড়লা ভবনে গান্ধিজিকে হত্যার উদ্দেশ্যে গান কটন (বিপজ্জনক বিস্ফোরক পদার্থ) স্ল্যাবে বিস্ফোরণ ঘটাবেন ও পুলিশের হাতে ধরা পড়বেন, তার ঠিক আগের রাতে হিন্দু মহাসভা ভবনের তিন নম্বর ঘরে একত্রে রাত্রিবাস করেছেন। উল্লেখ করা প্রয়োজন, ১৯৪৮ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় বিড়লা হাউসের প্রার্থনা সভার ব্যাক-দেয়ালে একটি গান কটন স্ল্যাব বিস্ফোরণ ঘটানো হয়। পরিকল্পনা ছিল, বিস্ফোরণের ফলে তৈরি হওয়া আতঙ্ক ও হুড়োহুড়ির সুযোগ নিয়ে অন্য সহযোগীরা গান্ধীকে গুলি করবেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হয় এবং জনতা ও পুলিশ ঘটনাস্থল থেকেই মদনলাল পাহ্বাকে গ্রেপ্তার করে।
এই ঘটনার ঠিক ১০ দিন পর, অর্থাৎ ৩০ জানুয়ারি ১৯৪৮ সালে, একই স্থানে নাথুরাম গোডসে গান্ধিকে গুলি করে হত্যা করেন।
গান্ধিহত্যার তদন্ত চলাকালীন ১৯৪৮-এর ৭ মার্চ দিল্লি পুলিশের ডিএসপি যশবন্ত সিং তাঁর উর্ধ্বতন ইনস্পেক্টর জেনারেল ডি ডাবলিউ মেহরাকে একটি গোপন রিপোর্টে জানাচ্ছেন—
‘দিল্লির হিন্দু মহাসভা ভবনের এক কর্মী রাম সিং-এর খোঁজ পাওয়া গেছে। রাম সিং জানাচ্ছেন যে চার-পাঁচজন লোক, তার মধ্যে একজন হিন্দু পাঞ্জাবি ও বাকি চারজন মারাঠা, ভবনের তিন নম্বর ঘর ভাড়া নিয়েছিলেন (হিন্দু পাঞ্জাবিটিকে আমরা সহজেই চিনে নিতে পারি, মদনলাল পাহ্বা। বাকি চারজন মারাঠা কে কে হতে পারেন, সেটাও আমরা ষড়যন্ত্রকারীদের গতিবিধি পর্যালোচনা করে ইতিমধ্যেই জেনে নিয়েছি, এই চারজন মারাঠা হলেন নাথুরাম গোডসে, নারায়ণ আপ্তে, বিষ্ণু কারকারে এবং চতুর্থজন সম্ভবত দিগম্বর বাড়্গে)। রাম সিং দেখেন এই লোকগুলি দীর্ঘক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করছেন, তবে আলোচনার বিষয়বস্তু কী তা তিনি বুঝতে পারেননি। পরদিন ২০ তারিখ সকাল ৮টায় সকলে বিদায় নেন। আবার দুপুর বারোটার সময় সকলে ফিরে আসেন এবং অল্প সময় পর একটি গাড়ি করে বিদায় নেন। এঁদের মধ্যে একজন ফিরে আসেন রাত আটটা নাগাদ এবং রাম সিং-এ একটি চিরকুট দেন, মহাসভা সদস্য জনৈক ইন্দ্র প্রকাশকে দেওয়ার জন্য। চিরকুটে পুণের একটি ঠিকানা হিন্দিতে লেখা ছিল। অবশ্য ইন্দ্র প্রকাশ সেসময় হিন্দু মহাসভা ভবনে ছিলেন না।’
এস্থলে ইন্দ্র প্রকাশের সামান্য পরিচিতি দেওয়া প্রয়োজন। ইন্দ্র প্রকাশ একাধারে হিন্দু মহাসভার সদস্য, গুরুত্বপূর্ণ পদাধিকারী, প্রচারক, মহাসভার ইতিহাসকার ও লেখক। গত শতাব্দীর তিন, চার ও পাঁচের দশকের বিভিন্ন সময়ে তিনি অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যাধক্ষ্য ও সভাপতির দায়িত্ব সামলেছেন। এছাড়াও ইন্দ্র প্রকাশ মহাসভার দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনা ‘ডেইলি হিন্দু’ ও ‘হিন্দু আউটলুক’ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৯৩৮ সালেই তাঁর লেখা হিন্দু মহাসভার ইতিহাস (A Review of the History and Works of the Hindu Mahasabha) প্রকাশিত হয়েছে। ১৯৪২ সালে প্রকাশ পেয়েছে তাঁর লেখা হিন্দু মহাসভার মতাদর্শ সম্পর্কিত একটি তাত্ত্বিক গ্রন্থ, ‘Where We Differ?: The Congress and the Hindu Mahasabha’। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, ১৯৫১ সালে ইন্দ্র প্রকাশ হিন্দু মহাসভার আরেক সদস্য ড. এন বি খারের রাজনৈতিক জীবনী লিখবেন, যার নাম ‘He fought Gandhism’। অর্থাৎ গান্ধি ও তাঁর মতাদর্শকে তীব্রভাবে অশ্রদ্ধা করা ড. খারে ও ইন্দ্র প্রকাশ একই বিচারধারার পদাতিক ছিলেন। এ হেন ইন্দ্র প্রকাশকে ষড়যন্ত্রকারীদের মধ্যে কে চিরকুটটি দিয়েছিল, চিরকুট দেওয়ার উদ্দেশ্য কী ছিল, সেখানে লিখিত পুণের ঠিকানাটিই বা কার, এই প্রশ্নগুলির সদুত্তর মেলেনি, কারণ ডিএসপি যশবন্ত সিংহ আর এই সূত্রগুলির গভীরে ঢুকে তদন্ত করেননি। কেন করেননি? তিনি কি তাঁর উর্ধ্বতন পুলিশ আধিকারিকদের কাছ থেকে অনুকূল আদেশ পাননি? এর উত্তর আজ আর জানা সম্ভব নয়।
কিন্তু যেটুকু জানা সম্ভব তাও কম চমকপ্রদ নয়। যশবন্ত সিংহ তাঁর গোপন রিপোর্টে আরও লিখছেন—
‘হিন্দু মহাসভা ভবনের কর্মী রাম সিং-এর কাছ থেকে আরও জানতে পারা যাচ্ছে যে বোমা বিস্ফোরণের দু-তিনদিন আগে একটি ঘরে দিল্লির হিন্দুত্ববাদী হিন্দি ভাষার পত্রিকা ‘সিংহনাদ’-এর সম্পাদক শ্যাম লাল ভার্মা, জনৈক অধ্যাপক রাম সিংহ এবং আলোয়ারের প্রধানমন্ত্রী ড. নারায়ণ ভাস্কর খারে ও তাঁর স্ত্রী একটি সভায় মিলিত হন। তাঁদের মধ্যে কী আলোচনা হল তা অবশ্য মহাসভা কর্মী রাম সিং জানে না। …’
আরও জানা যায় ড. খারে ও তাঁর স্ত্রী বিদায় নেওয়ার দিন-দুয়েক পর শ্যাম লাল ভার্মা আবার হিন্দু মহাসভা ভবনে এসেছিলেন এবং ভবনের তিন নম্বর ঘরে ওম বাবার সঙ্গে দেখাও করেছিলেন। শুধু তাই নয়, শ্যাম লাল ভার্মা ও ওম বাবা ২৮ জানুয়ারি দুজনে একত্রে আলোয়ারে যান এবং আলোয়ারের পুর কমিশনার গিরিধারী শর্মার বাড়িতে রাত্রিবাস করেন। গান্ধিহত্যার দিন অর্থাৎ তিরিশ জানুয়ারি শ্যাম লাল আলোয়ারের মহারাজের সঙ্গে দেখা করেছিলেন।
অর্থাৎ আলোয়ার রাজ্য এবং তীব্র গান্ধিবিরোধী ড. নারায়ণ খারের সঙ্গে গান্ধিহত্যার ষড়যন্ত্রকারী দলের একটি যোগসূত্র প্রতিষ্ঠিত হল। তাও যদি এই যোগসূত্রটি খানিকটা দুর্বল মনে হয়, তাহলে আরও একটি স্বাধীন সূত্র গান্ধিহত্যা ষড়যন্ত্রে ড. খারের যোগকে স্পষ্ট করে। এক্ষেত্রে সূত্রটি পুরানো দিল্লির শাল ব্যবসায়ী হর লালের। হর লালের আরেকটি পরিচয় সে ছিল পুলিশের সংবাদদাতা। হর লাল গান্ধিহত্যার বেশ কিছুদিন আগে দিল্লি পুলিশকে জানিয়েছিল যে সে তাঁর ব্যবসার অংশীদার রামগোপালকে বলতে শুনেছে যে আর কয়েকদিনের মধ্যেই মহাত্মা গান্ধিকে হত্যা করা হবে। আলোয়ারের প্রধানমন্ত্রী ড. খারে নাকি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করছেন এবং শীঘ্রই জানা যাবে যে গান্ধিজিকে গুলি করে হত্যা করা হয়েছে।
দু-দুটি স্বাধীন সূত্র গান্ধিহত্যার তদন্তকে ড. খারের কাছে পৌঁছে দিলেও কোনো অজ্ঞাত কারণে তদন্তকারী গোয়েন্দা পুলিশের দলটি সূত্রগুলিকে যথেষ্ট অভিনিবেশ সহকারে বিচার করেনি। যদিও গান্ধিহত্যার পর সন্দেহজনক কাজকর্মের ভিত্তিতে আলোয়ারের মহারাজা স্যার তেজ সিংহ বাহাদুর ও তাঁর প্রধানমন্ত্রী ড. এন বি খারেকে কিছুদিন গৃহবন্দি করে রাখা হয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণাভাবে দুজনকেই মুক্ত করে দেওয়া হয়।
গান্ধিহত্যা মামলায় ড. খারেকে মুক্ত করে দেওয়া হলেও বিশ বছর পরে জীবনলাল কাপুর কমিশনের সামনে আবার বৃদ্ধ খারেকে তলব করা হয়। সেসময় তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি নাথুরাম গোডসে চিনতেন কিনা। খারে জানান, নাথুরামের সঙ্গে তাঁর খুব সামান্যই পরিচয় ছিল। খারে বলেন, তিনি যখন একবার বড়োলাটের প্রতিনিধি দলের সদস্য হিসাবে পুণে গিয়েছিলেন, সেসময় নাথুরাম গোডসে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তিনি জানতেন না যে নাথুরাম গোডসে হিন্দু রাষ্ট্র দলের নেতা, শুধু জানতেন যে তিনি ‘অগ্রণী’ পত্রিকার সম্পাদক।
যদিও গান্ধিহত্যা মামলা চলাকালীন নাথুরামকে ড. নারায়ণ ভাস্কর খারের সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এক জায়গায় বলছেন—
‘আমি ড. খারেকে চিনি, তিনি আলোয়ারের প্রধানমন্ত্রী। শেষবার আমার সঙ্গে ড. খারের দেখা হয়েছিল এক বছর আগে, যখন তিনি পুণেতে এসেছিলেন। তবে তার আগে বহুবার তাঁর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাঁকে চিনি কারণ তিনি হিন্দু সভার একজন নেতা।’
অর্থাৎ ড. খারের সঙ্গে নাথুরামের পরিচয় আর যাই হোক ‘সামান্য’ নয়। নাথুরামের বয়ানকে সত্য বলে ধরে নিলে নারায়ণ খারের মন্তব্যের অসঙ্গতি বোঝা যায়। হত্যা মামলার সময় নাথুরাম ও খারেকে বসিয়ে একই প্রশ্নে পালটা জেরা (ক্রস-এক্সামিনেশন) করলে তাঁদের বক্তব্যের অসঙ্গতিগুলি বেরিয়ে আসত। তা করা হয়নি। শুধু নাথুরামের সম্বন্ধেই নয়, খারে কমিশনকে দত্তাত্রেয় পারচুরের সম্পর্কেও মিথ্যে বলেছেন। ড. খারে বলেছেন যে তিনি ১৯৫২ সালের আগে কোনোদিন ডা. দত্তাত্রেয় পারচুরের সঙ্গে সাক্ষাৎ করেননি। প্রথম লোকসভা নির্বাচনের প্রাক্কালে গোয়ালিয়রে গিয়ে ডাক্তার পারচুরের সঙ্গে তাঁর প্রথমবার সাক্ষাৎ হয়। অথচ এই মিথ্যাও উন্মোচিত হয়েছিল অনেক আগেই। ১৫ ফেব্রুয়ারি, ১৯৪৮-এ ডাক্তার পারচুরের জ্যেষ্ঠপুত্র নীলকণ্ঠের প্রদত্ত বয়ান থেকে জানা যাচ্ছে—
‘ড. এন বি খারে গতবছর দশেরার দিন (২৪ অক্টোবর, ১৯৪৭) বিজয়া লক্ষ্মী উৎসবে যোগ দিতে (গোয়ালিয়র) এসেছিলেন এবং সেখানকার সভায় বক্তৃতা দিয়েছিলেন। প্রদত্ত ভাষণে খারে হিন্দু রাষ্ট্র সঙ্ঘের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।’
প্রসঙ্গত, এর কয়েক সপ্তাহ পরেই ডাক্তার পারচুরে বোম্বে যাবেন এবং সেখানে সাভারকর ও বিষ্ণু কারকারের সঙ্গে দেখা করবেন।
পাঠক লক্ষ্য করবেন, গান্ধিহতা ষড়যন্ত্রের কুশীলবেরা হত্যাকাণ্ডের আগে মাত্র কয়েক মাসের মধ্যে নানা শহরে নিজেদের মধ্যে ঘন ঘন দেখা করছেন। যেন অনেকগুলি পরিকল্পিত ও সুনির্দিষ্ট বৃত্তাকার-উপবৃত্তাকার পথে আমরা তাঁদের চলাচল করতে দেখছি, যেগুলি প্রায়শই একে অপরকে ছেদ করে যাচ্ছে, কিন্তু সবগুলি বৃত্তপথের একেবারে কেন্দ্রে রয়েছে একটিই উদ্দেশ্য, একটিই বিচারধারা—যে বিচারধারা আটাত্তর বছরের এক অসুস্থ বৃদ্ধকে বিনাশ করতে চায়।
একটু দূর থেকে দেখলে সবগুলি ঘটনার মধ্যে যোগসূত্র ও কার্যকারণগুলি লক্ষ্য করা যায়, একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের নীল নকশা চোখের সামনে ভেসে ওঠে। একইসঙ্গে প্রশ্ন উঠে আসে, গ্রেফতার হওয়া মানুষজনের পারস্পরিক বয়ানের উল্লেখযোগ্য অসঙ্গতি থাকা সত্ত্বেও সূত্রগুলিকে আরও তৎপরতার সঙ্গে ধাওয়া করে পরিণতির দিকে নিয়ে যাওয়া হল না কেন? এইসব সমাপতন এবং বয়ানের অসঙ্গতির অনেকগুলি ১৯৬৬ সালে কাজ শুরু করা জীবনলাল কাপুর কমিশনের চোখে ধরা পড়লেও বেশ কিছু তথ্যের গোলমাল কমিশনের নজর এড়িয়ে গেল। কেন? হত্যাকাণ্ডের প্রায় বিশ বছরের পরেও সমস্ত প্রয়োজনীয় নথি কাপুর কমিশনের হস্তগত ছিল তো?
প্রাপ্ত নথিপত্র বিচার করে কাপুর কমিশন সাভারকরকে হত্যাকাণ্ডের অন্যতম দোষী সাব্যস্ত করলেও ড. খারেকে ‘বেনিফিট অফ ডাউট’ দেয়। কমিশন ড. খারে সম্বন্ধে চূড়ান্ত রিপোর্টে লেখেন—
‘ড. খারের অতীত কর্মকাণ্ড ও আরএসএস-সহ হিন্দু মহাসভার জঙ্গি নেতাদের প্রতি তাঁর উৎসাহ-প্রদান এমন পরিস্থিতি তৈরি করেছিল যা তীব্র গান্ধি-বিরোধী কার্যকলাপের পক্ষে অনুকূল ছিল এবং এইসব কার্যকলাপের মধ্যে দিয়ে এমন প্ররোচনা দেওয়া হচ্ছিল যেন মহাত্মা গান্ধির অপসারণ হিন্দু রাজত্বের জন্য এক স্বর্ণযুগ বয়ে আনবে। তবে এইসব প্রমাণের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্তে উপনীত হতে পারে না যে, মহাত্মা গান্ধীকে হত্যা করার ষড়যন্ত্রের উদ্দেশ্য সফল করতে নাথুরাম গোডসের মতো ব্যক্তিদের কোনো সক্রিয় বা কৌশলগত প্রোৎসাহন দেওয়া হয়েছিল। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, এমন একটি গান্ধী-বিরোধী পরিবেশ তৈরি করা হচ্ছিল, যা মহাত্মা গান্ধীকে হত্যা করতে চাওয়া ব্যক্তিদের সরাসরি প্ররোচনা না দিলেও তাদের পক্ষে অত্যন্ত অনুকূল ছিল।’
ড. খারেকে ‘বেনেফিট অফ ডাউট’ দিলেও, আমরা জানি যে, কমিশন দামোদর সাভারকরকে দোষী সাব্যস্ত করেছিল। ১৯৬৯ সালের ৩০ সেপ্টেম্বর কাপুর কমিশন তার রিপোর্ট জমা করে যা পরের বছর ৩০ জুলাই তারিখে লোকসভায় পেশ করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কমিশনের চূড়ান্ত রায় ছিল—
‘এই সমস্ত তথ্য একত্রিত করলে সাভারকার এবং তাঁর গোষ্ঠীর দ্বারা পরিকল্পিত হত্যা ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো তত্ত্বের পক্ষে দাঁড়ানো অসম্ভব।’
কাপুর কমিশনের কাজ শুরু হওয়ার পরপরই ১৯৬৬ সালের ২৬ জানুয়ারি সাভারকর প্রায়োপবেশনে অর্থাৎ উপবাসের মাধ্যমে স্বেচ্ছামৃত্যু বরণ করেন। ১৯৭০-এর ২৪ মার্চ নাগপুরে ছিয়াশি বছরের বৃদ্ধ নারায়ণ ভাস্কর খারের মৃত্যু হয়। অন্যদিকে আলোয়ারের মহারাজা অতিদীর্ঘ জীবন পেয়েছিলেন। গান্ধিহত্যার তদন্ত চলাকালীন ১৯৪৮-র মার্চ মাসেই মহারাজ তেজ সিংহ বাহাদুর আলোয়ারের ভারতভুক্তির চুক্তিতে সই করেন। প্রসঙ্গত, মূলত গান্ধিহত্যার তদন্তের সূত্র ধরেই সর্দার প্যাটেল মহারাজাকে আরও বেশি করে কোণঠাসা করার সুযোগ পান। তিনি মহারাজাকে চাপে ফেলে আলোয়ার রাজ্যটিকে দ্রুত পার্শ্ববর্তী ভরতপুর, ঢোলপুর ও কারৌলির সঙ্গে একীভূত অবস্থায় ‘মৎস ইউনিয়ন’ গঠন করে ভারতের অন্তর্ভুক্ত করতে বাধ্য করেন। এই ‘মৎস ইউনিয়ন’ কিছু মাস পরে বৃহত্তর রাজস্থান রাজ্যের অংশ হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৪৮-এর ৭ মার্চ মহারাজা আলোয়ার নিজের প্রধানমন্ত্রী খারেকে আলোয়ারে সাম্প্রদায়িক কাজকর্মে যুক্ত থাকার অপরাধে পদ থেকে বহিষ্কার করেন। ১৯৪৮-এ রাজ্য হারানোর অব্যবহিত পরে মহারাজা তেজ সিংহ আলোয়ার ত্যাগ করে লুটিয়েন্স দিল্লিতে অবস্থিত আলোয়ার হাউসে নির্ভৃত বসবাস শুরু করেন। সেখানেই দীর্ঘ জীবন কাটানোর পর ২০০৯ সালে ৯৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহারাজা আলোয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে গান্ধিহত্যার সঙ্গে জড়িত ভারত-ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে।
নির্বাচিত গ্রন্থতালিকা
১। 1969 Report of Jeevan Lal Kapur Commission of Inquiry into Conspiracy to Murder of Mahatma Gandhi, Volume 1 & 2, Internet Archive, (https://archive.org/details/6026201-1969-Report-of-Jeevan-Lal-Kapur-Commission-of-Inquiry-Into-Conspiracy-to-Murder-Mahatma-Gandhi)
২। Appu Esthose Suresh and Priyanka Kotamraju, The Murderer, The Monarch and The Fakir: A New Investigation of Mahatma Gandhi’s Assassination, (HarperCollins India, 2021).
৩। Teesta Setlavad, Beyond Doubt: A Dossier on Gandhi’s Assassination, (Tulika Books, 2015).
৪। Dhirendra K. Jha, Gandhi’s Assassin, The Making of Nathuram Godse and His Idea of India, (Penguin Random House India, 2024).
৫। Dr. Koenraad Elst, Why I Killed the Mahatma: Uncovering Godse’s Defence, (Rupa Publications, 2018).
৬। সৌম্য বসু, ‘গান্ধী হত্যা কেন? নাথুরাম গোডসের জবানবন্দির প্রত্যুত্তর’ (প্ল্যাটফর্ম, ২০২৬)৷