সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

সম্পাদকীয়

মার্চ ১, ২০২৬

বিজ্ঞানের দর্পণে ইতিহাসের সন্ধান

বিগত কয়েক দশকে ইতিহাস রচনার প্রয়োগ ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ইতিহাস চর্চার জগতে আজ আমরা এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আধুনিক ইতিহাস চর্চা এখন অনেক বেশি জনমুখী ও অন্তর্ভুক্তিকর। নিম্নবর্গীয় ইতিহাস থেকে শুরু করে খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, এমনকি জলবায়ু পরিবর্তনের ইতিহাসও আজ গবেষকদের মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, তাদের লড়াই এবং প্রান্তিক স্বরগুলো আজ ইতিহাসের পাতায় মর্যাদার সাথে স্থান করে নিচ্ছে।

তবে বর্তমান সময়ে ইতিহাস চর্চার সামনে কিছু বড় চ্যালেঞ্জও এসে দাঁড়িয়েছে। তথ্যের সহজলভ্যতার এই যুগে অনেক সময় ভ্রান্ত ইতিহাস বা ‘বিকৃতি’ সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথাকথিত ‘তথ্য’ অনেক ক্ষেত্রে আমাদের প্রকৃত ইতিহাসকে আবৃত করে ফেলছে। এই পরিস্থিতিতে একজন নিষ্ঠাযুক্ত ইতিহাস গবেষক বা সচেতন পাঠকের দায়িত্ব হল তথ্যকে যুক্তি ও প্রমাণের কষ্টিপাথরে যাচাই করে নেওয়া।

এই যুক্তি ও প্রমাণ খুঁজতে গিয়ে বিজ্ঞানের সাহায্য প্রয়োজন হয়।

ইতিহাস চর্চার সঙ্গে বিজ্ঞানের দু’ভাবে অধিক্রমণ হয়। একদিকে আছে বিজ্ঞানের ইতিহাস—বিজ্ঞানের বিভিন্ন বিষয় কীভাবে তৈরি হল, কোন সামাজিক পরিবেশে তত্ত্ব বা প্রযুক্তিগুলি জন্ম নিল, কীভাবে বিতর্ক ও সংশোধনের মধ্য দিয়ে জ্ঞান প্রক্রিয়া এগিয়ে গেল। অন্যদিকে আছে বিজ্ঞানভিত্তিক ইতিহাস চর্চা— ইতিহাস লেখার পদ্ধতিতেই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করা; আধুনিক প্রযুক্তিবিদ্যার সাহায্যে প্রমাণ যাচাই, তথ্যের উৎস বিশ্লেষণ করা যায়। অনুমান ও উপসংহারের মধ্যে স্পষ্ট সীমারেখা টানা প্রয়োজন।   

বিজ্ঞানের ইতিহাস মূলত বিষয়ভিত্তিক ইতিহাস; বিজ্ঞানের ইতিহাস চর্চা আমাদের শেখায় কীভাবে মানব সভ্যতা অজ্ঞানতা থেকে জ্ঞান ও বোধের পথে এগিয়েছে। আর্যভট্ট থেকে হকিং, আল-খোয়ারিজমি থেকে রামানুজন—প্রতিটি যুগে বৈজ্ঞানিক চিন্তা কীভাবে সমাজ, ধর্ম ও রাজনীতির সঙ্গে সংঘাত ও সমন্বয় করেছে, তা জানা জরুরি। এই চর্চা আমাদের বুঝতে সাহায্য করে, বিজ্ঞানের ইতিহাস কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটের ফসল। এখানে বিজ্ঞান নিজেই ইতিহাসের বিষয়বস্তু। এই প্রসঙ্গে সমরেন্দ্রনাথ সেন-এর বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘বিজ্ঞানের ইতিহাস’ বা ইরফান হাবিবের ‘Technology in Medieval India C. 650-1750’-এর উল্লেখ করা যায়।

পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক ইতিহাস চর্চায় বিজ্ঞান বিষয় নয়; পদ্ধতি। ইতিহাসবিদ এখানে আচরণ করেন একজন গবেষকের মতো— আগের পদ্ধতিতেই তথ্য সংগ্রহ করেন, বিকল্প ব্যাখ্যা পরীক্ষা করেন, এবং ব্যক্তিগত বিশ্বাসকে সরিয়ে রেখে তথ্য অনুযায়ী সিদ্ধান্ত নেন। তথ্য পরীক্ষার ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি ঐতিহ্যবাহী ইতিহাস রচনায় বিপ্লব এনেছে। কয়েকটি উদাহরণ দেওয়া যায়। ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে ভারতীয় উপমহাদেশে বহু জনগোষ্ঠীর মিশ্রণ ঘটেছে। রেডিওকার্বন ডেটিং সভ্যতার কালনির্ণয়ে নতুন মাত্রা যোগ করেছে। প্যালিওক্লাইমেটোলজি ব্যাখ্যা করছে কীভাবে জলবায়ু পরিবর্তন সিন্ধু সভ্যতার পতন ঘটিয়েছে। 

বিজ্ঞানমনস্কতা ইতিহাসকে আখ্যানমূলক বা ‘গ্র্যান্ড ন্যারেটিভ’ থেকে মুক্ত করে প্রচলিত উপাদান যেমন দলিল-প্রমাণের সাথে সাথে আজকের আধুনিক বিজ্ঞানের সহায়তায় আরও বাস্তবসম্মত ভিত্তির ওপর দাঁড় করায়। তার অর্থ, এতদিনের ব্যবহৃত তথ্য প্রমাণাদি থাকবে, সঙ্গে আধুনিক বিজ্ঞানকেও যুক্ত করতে হবে। আজকের যুগে ইতিহাস চর্চার ক্ষেত্রে ভিন্ন আঙ্গিকে বিজ্ঞানের ব্যবহার গুরুত্বপূর্ণ।

তবুও সমস্যা আছে। বিজ্ঞানের ইতিহাস যদি শুধু ‘মহান মানুষের মহান আবিষ্কার’ হয়ে ওঠে, তবে তা সমাজ ও ক্ষমতার বাস্তব ঐতিহাসিক কাঠামো আড়াল করে। আবার ইতিহাস যদি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যতিরেকে লেখা হয়, তবে তা মতাদর্শ বা আবেগের হাতিয়ার হয়ে উঠতে পারে। কোনো বিষয়কে সপ্রমাণ করা কঠিন হয়ে যেতে পারে। এই বিষয়ে ভারতের পরিযানগুলি নিয়ে বর্তমান চর্চা ও সিদ্ধান্তগুলি উল্লেখ্য। 

বিজ্ঞানের ইতিহাস আমাদের শেখায়, জ্ঞান চূড়ান্ত নয়, পরিবর্তনশীল ও মানবিক। আর বিজ্ঞানভিত্তিক ইতিহাস আমাদের শেখায় যে অতীত ব্যাখ্যার ক্ষেত্রেও প্রচলিত দীর্ঘ পরীক্ষিত উপাদানের সঙ্গে প্রযুক্তির প্রমাণের শাসন মানতে হয়। এই যুগে, যখন তথ্যের আধিক্য আর ভুয়ো কাহিনি পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে, তখন ইতিহাসকে বিজ্ঞানসম্মত রাখা এবং বিজ্ঞানকে ঐতিহাসিক দৃষ্টিতে দেখা, দুটিই বুদ্ধিবৃত্তিক সততার অপরিহার্য শর্ত।

ইতিহাস শুধু অতীত নয়, ভবিষ্যতের দিকনির্দেশনাও বটে। তাই ইতিহাসবিদের দায়িত্ব বৈজ্ঞানিক তথ্যকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করা, যাতে বিজ্ঞানভিত্তিক ইতিহাস যেন নতুন ধরনের নির্ধারণবাদে পরিণত না হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।