সূচী

ইতিহাস তথ্য ও তর্ক

স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ: প্রাচীন সভ্যতার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার নীরব সাক্ষী

স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ: প্রাচীন সভ্যতার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার নীরব সাক্ষী

কৃশানু নস্কর

এপ্রিল ১১, ২০২৬ ৮৯ 1

ভূমিকা

প্রাচীন সভ্যতার মানুষেরা কী খেতেন? তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের দীর্ঘদিনের চ্যালেঞ্জ। ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব আমাদের হাঁড়ি-পাতিল, শস্যের অবশেষ বা প্রাচীন লিপির মাধ্যমে কিছু ধারণা দিতে পারে, কিন্তু স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ এক্ষেত্রে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। এই বৈজ্ঞানিক পদ্ধতি প্রাচীন মানুষের হাড় ও দাঁতের রাসায়নিক গঠন বিশ্লেষণ করে তাদের খাদ্যাভ্যাস, স্থানান্তর এবং জীবনযাত্রা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করে। কিছুদিন আগে ফেসবুক ও হোয়াটস্যাপ গ্রুপে তেজস্ক্রিয় ও স্থিতিশীল আইসোটোপ এবং প্রাচীন ইতিহাসের গবেষণায় তাদের প্রয়োগ বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। সেই আলোচনার থেকে উদ্বুদ্ধ হয়েই এই প্রবন্ধের অবতারণা। তেজস্ক্রিয় আইসোটোপ অর্থাৎ ¹⁴Cকেন ও কিভাবে ইতিহাসের গবেষণায় সাহায্য করে তা আমরা মোটামুটি জানি। এই প্রবন্ধে আমরা দেখব কীভাবে স্থিতিশীল আইসোটোপ গবেষণা প্রাচীন সভ্যতার জীবনযাত্রা, বিশেষত খাদ্যাভ্যাস পুনর্গঠনে অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে।

স্থিতিশীল আইসোটোপ: সংজ্ঞা ও গুরুত্ব

আইসোটোপ কী?

মৌল পদার্থের পরমাণুর কেন্দ্রীণ বা নিউক্লিয়াসে থাকে দুটি প্রধান কণা, প্রোটন ও নিউট্রন (আরো অনেক কিছু থাকে কিন্তু বর্তমান আলোচনায় সেগুলো প্রাসঙ্গিক নয়)। প্রোটন সংখ্যাই স্থির করে সেটি কোন মৌলের পরমাণু।  কোনও মৌলের সব পরমাণুগুলো একই সংখ্যক প্রোটন ধারণ করলেও নিউট্রন সংখ্যায় ভিন্ন হতে পারে। এই ভিন্ন নিউট্রন সংখ্যাবিশিষ্ট একই মৌলের বিভিন্ন রূপকে আইসোটোপ বলা হয়। উদাহরণস্বরূপ, কার্বনের তিনটি প্রধান আইসোটোপ রয়েছে: কার্বন-১২ (¹²C6), কার্বন-১৩ (¹³C6) এবং কার্বন-১৪ (¹⁴C6)। অর্থাৎ, প্রতিটি কার্বন পরমাণুর প্রোটন সংখ্যা ছয় (৬) হলেও এদের নিউট্রন সংখ্যা যথাক্রমে ৬, ৭ ও ৮, যে কারণে এদের ভরসংখ্যা যথাক্রমে ১২, ১৩ ও ১৪। এদের মধ্যে ¹²C ও ¹³C স্থিতিশীল, অর্থাৎ এরা তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে পরিবর্তিত হয় না। অন্যদিকে ¹⁴C অস্থিতিশীল এবং সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়, যা রেডিওকার্বন ডেটিং-এ ব্যবহৃত হয়।

স্থিতিশীল আইসোটোপের বৈশিষ্ট্য

স্থিতিশীল আইসোটোপগুলো তেজস্ক্রিয় নয় এবং অনির্দিষ্টকাল ধরে একই অবস্থায় থাকে। জৈবরাসায়নিক প্রক্রিয়ায় এই আইসোটোপগুলোর আচরণে সূক্ষ্ম পার্থক্য দেখা যায়, যাকে বলা হয় আইসোটোপিক ভগ্নাংশীকরণ (isotopic fractionation)। ভারী আইসোটোপ (যেমন ¹³C) হালকা আইসোটোপের (যেমন ¹²C) তুলনায় কিছুটা ভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়।

প্রত্নতাত্ত্বিক গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থিতিশীল আইসোটোপগুলো হলো:

  • কার্বন: ¹²C ও ¹³C
  • নাইট্রোজেন: ¹⁴N ও ¹⁵N
  • অক্সিজেন: ¹⁶O, ¹⁷O ও ¹⁸O
  • স্ট্রনশিয়াম: ⁸⁶Sr ও ⁸⁷Sr

এবার তাহলে প্রশ্ন ওঠে যে, কেন স্থিতিশীল আইসোটোপ গবেষণা গুরুত্বপূর্ণ? আসলে স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ আমাদের ‘আপনি যা খান তাই আপনি’ (you are what you eat) এই জৈবরাসায়নিক নীতির সুবিধা নিতে দেয়। খাদ্যের আইসোটোপিক স্বাক্ষর ভোক্তার দেহে, বিশেষত হাড় ও দাঁতে, সংরক্ষিত হয়। হাজার বছর পরেও এই রাসায়নিক স্বাক্ষর অক্ষুণ্ণ থাকে, যা আমাদের প্রাচীন মানুষের খাদ্য উৎস ও পরিবেশ সম্পর্কে তথ্য দেয়।

জীবদেহে স্থিতিশীল আইসোটোপের উপস্থিতি

কার্বন আইসোটোপ (δ¹³C)

কার্বন সব জৈব পদার্থের মূল উপাদান। উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে বায়ুমণ্ডলীয় CO₂ থেকে কার্বন গ্রহণ করে। কিন্তু সব উদ্ভিদ একইভাবে কার্বন গ্রহণ করে না। সালোকসংশ্লেষের পথভেদে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়:

C উদ্ভিদ: বেশিরভাগ গাছ, যেমন ধান, গম, যব, বেশিরভাগ শাকসবজি ও ফলমূল। এরা ¹²C পছন্দ করে, তাই এদের δ¹³C মান -২২‰ থেকে -৩০‰ এর মধ্যে থাকে।

C উদ্ভিদ: ভুট্টা, জোয়ার, বাজরা, আখ এবং অনেক গ্রীষ্মমণ্ডলীয় ঘাস। এরা অধিক দক্ষতার সাথে CO₂ ব্যবহার করে এবং অপেক্ষাকৃত বেশি ¹³C ধারণ করে। এদের δ¹³C মান -৯‰ থেকে -১৬‰।

CAM উদ্ভিদ: ক্যাকটাস ও কিছু রসালো উদ্ভিদ, যাদের মান C₃ ও C₄ এর মাঝামাঝি।

যখন মানুষ বা প্রাণী এসব উদ্ভিদ খায়, তখন খাদ্যের কার্বন আইসোটোপ অনুপাত তাদের দেহকলায় প্রতিফলিত হয়। উদাহরণস্বরূপ, যদি কেউ প্রধানত ভুট্টা (C₄) খায়, তার হাড়ের কোলাজেনে δ¹³C মান অধিক হবে। ধান-গম (C₃) নির্ভর খাদ্যে এই মান কম হবে।

নাইট্রোজেন আইসোটোপ (δ¹N)

নাইট্রোজেন আইসোটোপ খাদ্যশৃঙ্খলে প্রোটিন উৎস নির্ধারণে অত্যন্ত কার্যকর। প্রতিটি পুষ্টিস্তর বা trophic level এ δ¹⁵N মান প্রায় ৩-৫‰ বৃদ্ধি পায়। এর অর্থ:

  • উদ্ভিদ: সবচেয়ে কম δ¹⁵N মান
  • তৃণভোজী প্রাণী: মধ্যম মান
  • মাংসাশী প্রাণী: উচ্চ মান
  • সামুদ্রিক খাবার: আরও উচ্চ মান (কারণ সামুদ্রিক খাদ্যশৃঙ্খল দীর্ঘতর)

কোনো মানুষের হাড়ে δ¹⁵N এর মান বেশি হলে বোঝা যায় যে তিনি প্রচুর প্রাণীজ প্রোটিন বা সামুদ্রিক খাবার খান বা খেতেন। δ¹⁵N এর নিম্ন মান প্রধানত উদ্ভিজ্জ খাদ্যের ইঙ্গিত দেয়।

কোলাজেন ও অ্যাপাটাইট

হাড়ে দুই ধরনের উপাদানে আইসোটোপ বিশ্লেষণ করা হয়:

কোলাজেন (জৈব উপাদান): প্রধানত খাদ্যের প্রোটিন অংশ প্রতিফলিত করে। কার্বন ও নাইট্রোজেন আইসোটোপ বিশ্লেষণে ব্যবহৃত হয়।

কার্বোনেট অ্যাপাটাইট (অজৈব উপাদান): সম্পূর্ণ খাদ্য (প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি) প্রতিফলিত করে। মূলত কার্বন আইসোটোপ বিশ্লেষণে ব্যবহৃত।

দাঁতের এনামেল অত্যন্ত শক্ত এবং রাসায়নিকভাবে স্থিতিশীল, তাই হাজার বছর পরেও ভালো অবস্থায় থাকে। এনামেল শৈশবে গঠিত হয় এবং সারাজীবন অপরিবর্তিত থাকে, তাই এটি শৈশবের খাদ্যাভ্যাস ও বসবাসের স্থান নির্দেশ করে।

স্ট্রনশিয়াম ও অক্সিজেন আইসোটোপ

স্ট্রনশিয়াম আইসোটোপ (⁸⁷Sr/⁸⁶Sr): ভূতাত্ত্বিক গঠনভেদে এই অনুপাত পরিবর্তিত হয়। মানুষ স্থানীয় জল ও খাদ্যের মাধ্যমে স্ট্রনশিয়াম গ্রহণ করে, যা দাঁত ও হাড়ে জমা হয়। বিভিন্ন অঞ্চলের ভূতাত্ত্বিক গঠন ভিন্ন হওয়ায় স্ট্রনশিয়াম অনুপাত ভিন্ন হয়। এটি মানুষের স্থানান্তর ও মাতৃভূমি নির্ধারণে ব্যবহৃত হয়।

অক্সিজেন আইসোটোপ (¹O/¹O): জলের উৎস ও জলবায়ু নির্দেশ করে। বৃষ্টির জলের অক্সিজেন আইসোটোপের অনুপাত অক্ষাংশ, উচ্চতা ও তাপমাত্রা অনুযায়ী পরিবর্তিত হয়। এটিও স্থানান্তর গবেষণায় ব্যবহৃত হয়।

খাদ্যাভ্যাস ও আইসোটোপিক স্বাক্ষর

মানুষের খাদ্যাভ্যাস মূলত তিন ধরনের:

উদ্ভিজ্জ প্রধান: নিম্ন δ¹⁵N মান (৫-৮‰) এবং δ¹³C মান খাদ্য উদ্ভিদের ধরন অনুযায়ী পরিবর্তিত। C₃ শস্য নির্ভর সমাজে δ¹³C প্রায় -২০‰, C₄ শস্য (যেমন বাজরা) নির্ভর সমাজে -১০‰ থেকে -১৪‰।

মিশ্র খাদ্য: মধ্যম δ¹⁵N (৮-১২‰) নির্দেশ করে উদ্ভিজ্জ ও প্রাণীজ প্রোটিনের সমন্বয়।

উচ্চ প্রাণীজ প্রোটিন: উচ্চ δ¹⁵N (১২‰+), বিশেষত সামুদ্রিক খাদ্য নির্ভর সমাজে এটি ১৫-২০‰ পর্যন্ত হতে পারে।

C বনাম C উদ্ভিদ নির্ভরতা

প্রাচীন কৃষি সমাজগুলো কোন ধরনের শস্য চাষ করত তা δ¹³C মান থেকে জানা যায়। ভারতীয় উপমহাদেশে গম-যব (C₃) এবং বাজরা-জোয়ার (C₄) উভয়ই চাষ হতো। কোন অঞ্চলে কোন শস্য প্রধান ছিল তা আইসোটোপ বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়।

একটি গবেষণায় দেখা গেছে, সিন্ধু সভ্যতার বিভিন্ন এলাকায় শস্যের পছন্দ ভিন্ন ছিল। পাঞ্জাব ও হরিয়ানায় গম-যব প্রধান থাকলেও গুজরাটে বাজরা অধিক ব্যবহৃত হতো। এই তথ্য কেবল খাদ্যাভ্যাসই নয়, কৃষি অভিযোজন ও জলবায়ুগত পার্থক্যও নির্দেশ করে।

পশুপালন ও শিকার

প্রাচীন সমাজগুলো গৃহপালিত পশু (গরু, ছাগল, ভেড়া) নাকি বন্য প্রাণী শিকার করত তা নির্ধারণেও আইসোটোপ কাজ করে। গৃহপালিত পশুগুলো সাধারণত মানুষের চাষ করা শস্যের উচ্ছিষ্ট খেত, তাই তাদের δ¹³C মান চাষাবাদ প্রতিফলিত করে। বন্য প্রাণীদের মান স্থানীয় প্রাকৃতিক উদ্ভিদের সাথে সামঞ্জস্যপূর্ণ।

দুগ্ধজাত খাদ্য

সাম্প্রতিক গবেষণায় দাঁতের ক্যালকুলাস (পাথর) বিশ্লেষণ করে দুধ ও দুগ্ধজাত খাদ্যের প্রমাণ পাওয়া গেছে। লিপিড বায়োমার্কার ও আইসোটোপ বিশ্লেষণ থেকে জানা যায় কোন বয়স থেকে শিশুদের দুধ ছাড়ানো হতো এবং প্রাপ্তবয়স্করা দুগ্ধজাত খাদ্য খেত কিনা।

প্রাচীন সভ্যতা গবেষণায় স্থিতিশীল আইসোটোপের প্রয়োগ

নমুনা সংগ্রহ ও প্রস্তুতি

প্রত্নতাত্ত্বিক স্থান থেকে মানব কঙ্কাল বা প্রাণীর হাড় উত্তোলন করা হয়। হাড়ের একটি ছোট অংশ (সাধারণত ১-২ গ্রাম) নমুনা হিসেবে নেওয়া হয়। দাঁতের এনামেল বা ডেন্টিন থেকেও নমুনা সংগ্রহ করা যায়।

প্রাচীন হাড় প্রায়শই মাটির খনিজ পদার্থ দ্বারা দূষিত থাকে, তাই নমুনা প্রস্তুতিতে সতর্কতা জরুরি। কোলাজেন নিষ্কাশনের জন্য হাড়কে রাসায়নিকভাবে পরিশোধন করা হয়। কার্বোনেট অ্যাপাটাইট বিশ্লেষণের জন্য কোলাজেন অপসারণ করা হয়। আইসোটোপ অনুপাত পরিমাপের জন্য ব্যবহৃত হয় আইসোটোপ অনুপাত ভর বর্ণালীমিতি (Isotope Ratio Mass Spectrometry – IRMS)। এই অত্যাধুনিক যন্ত্র অত্যন্ত সূক্ষ্মভাবে (০.০১‰ পর্যন্ত নির্ভুলতা) আইসোটোপ অনুপাত পরিমাপ করতে পারে। কার্বন ও নাইট্রোজেন আইসোটোপ বিশ্লেষণের জন্য নমুনাকে উচ্চ তাপমাত্রায় দহন করে CO₂ ও N₂ গ্যাসে পরিণত করা হয়, যা পরবর্তীতে IRMS যন্ত্রে পরিমাপ করা হয়।

আইসোটোপ অনুপাত প্রকাশ করা হয় ডেল্টা (δ) মান দিয়ে, যা একটি আন্তর্জাতিক মানদণ্ডের সাপেক্ষে প্রকাশিত হয়:

δ¹³C বা δ¹⁵N (‰) = [(Rsample – Rstandard) / Rstandard] × 1000

এখানে R = ভারী আইসোটোপ/হালকা আইসোটোপ অনুপাত

কার্বনের জন্য মানদণ্ড হলো VPDB (Vienna Pee Dee Belemnite) এবং নাইট্রোজেনের জন্য AIR (বায়ুমণ্ডলীয় N₂)।

তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা

কিন্তু একক নমুনা থেকে কিছু বোঝা যায় না। একটি জনগোষ্ঠীর বহু নমুনা বিশ্লেষণ করে পরিসংখ্যানগত বিশ্লেষণ করা হয়। δ¹³C ও δ¹⁵N মানকে একটি দ্বিমাত্রিক গ্রাফে স্থাপন করলে খাদ্যাভ্যাসের প্যাটার্ন স্পষ্ট হয়। অর্থাৎ, তুলনামূলক গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ের ও স্থানের প্রাণীদের (যেমন গরু, ছাগল, হরিণ) শরীর থেকে পাওয়া আইসোটোপ মান পরিমাপ করে মানুষের খাদ্যশৃঙ্খলে তাদের অবস্থান নির্ধারণ করা যায়। স্থানীয় উদ্ভিদ অবশেষের আইসোটোপ মানও রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়।

সময়ভিত্তিক পরিবর্তন

একটি সভ্যতার বিভিন্ন কালপর্বের নমুনা বিশ্লেষণ করে খাদ্যাভ্যাসে পরিবর্তন শনাক্ত করা যায়। উদাহরণস্বরূপ, কৃষিকাজ শুরুর পূর্বে ও পরে মানুষের আইসোটোপ স্বাক্ষর ভিন্ন হয়। শিকারি-সংগ্রাহক থেকে কৃষিজীবী সমাজে রূপান্তর আইসোটোপ তথ্যে স্পষ্ট।

সামাজিক স্তরবিন্যাস

একই সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের খাদ্যাভ্যাস ভিন্ন হতে পারে। ধনী বা উচ্চবর্গের মানুষ হয়তো অধিক মাংস বা বিশেষ খাবার খেত, যা আইসোটোপ বিশ্লেষণে ধরা পড়ে। সমাধিস্থলের বিলাসিতা ও আইসোটোপ তথ্য মিলিয়ে সামাজিক কাঠামো বোঝা যায়।

এবার আসা যাক একটা কেস স্টাডিতে যেমন সিন্ধু সভ্যতার খাদ্যাভ্যাস।

সিন্ধু সভ্যতা: সংক্ষিপ্ত পরিচয়

সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা (আনুমানিক ৩৩০০-১৩০০ খ্রিস্টপূর্বাব্দ) ছিল ব্রোঞ্জ যুগের অন্যতম প্রধান নগর সভ্যতা। বর্তমান পাকিস্তান ও উত্তর-পশ্চিম ভারতজুড়ে বিস্তৃত এই সভ্যতার প্রধান নগরগুলো ছিল হরপ্পা, মহেঞ্জোদারো, রাখিগড়ি, ধোলাভিরা, লোথাল প্রভৃতি। উন্নত নগর পরিকল্পনা, নিকাশি ব্যবস্থা ও বাণিজ্যিক সম্পর্কের জন্য খ্যাত এই সভ্যতার মানুষের দৈনন্দিন জীবন, বিশেষত খাদ্যাভ্যাস, দীর্ঘদিন রহস্যাবৃত ছিল।

সিন্ধু সভ্যতার খাদ্যাভ্যাস নিয়ে প্রথম দিকে জানা যেত প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে—শস্যের পোড়া অবশেষ, পশুর হাড়, রান্নার পাত্র ইত্যাদি। কিন্তু এসব থেকে বোঝা যেত না মানুষ প্রকৃতপক্ষে কী পরিমাণ শস্য, ডাল, মাংস বা দুগ্ধজাত খাদ্য খেত।

২০১০-২০ এর দশকে ভারতীয় ও আন্তর্জাতিক গবেষকদের যৌথ উদ্যোগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালিত হয় যেখানে স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ ব্যবহার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

গবেষণা ১: ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের Jennifer Bates এবং তার সহযোগীদের ২০১৭ সালের গবেষণা, যা Journal of Archaeological Science: Reports-এ প্রকাশিত হয়।

গবেষণা ২: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ গবেষণা ২০১৩ সালে, যা PNAS (Proceedings of the National Academy of Sciences)-এ প্রকাশিত হয়।

এখানে আমরা Bates এবং সহযোগীদের (২০১৭) বিস্তারিত গবেষণা পর্যালোচনা করব। এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল: ১. সিন্ধু সভ্যতার বিভিন্ন অঞ্চলে মানুষ ও প্রাণীদের খাদ্যাভ্যাস নির্ধারণ ২. C₃ (গম, যব) বনাম C₄ (বাজরা, জোয়ার) শস্যের আপেক্ষিক গুরুত্ব বোঝা ৩. প্রাণীজ প্রোটিনের ভূমিকা নিরূপণ ৪. বিভিন্ন সময়কাল ও অঞ্চলে খাদ্যাভ্যাসের পরিবর্তন শনাক্তকরণ। গবেষকরা সিন্ধু সভ্যতার চারটি প্রধান অঞ্চল থেকে ১৫১টি মানব ও ৩২৫টি প্রাণীর হাড় ও দাঁত সংগ্রহ করেন, এগুলি হলো,

হরিয়ানা: রাখিগড়ি ও ফরমানা

পাঞ্জাব: হরপ্পা

গুজরাট: দোলাভিরা ও শিকারপুর

উত্তর প্রদেশ: সনৌলি

সময়কাল বিবেচনায করলে নমুনাগুলো তিনটি ভিন্ন সময়কাল বা পর্যায়ভুক্ত:

  • প্রাক-হরপ্পা (৩৩০০-২৬০০ খ্রিপূ)
  • পরিণত হরপ্পা (২৬০০-১৯০০ খ্রিপূ)
  • উত্তর-হরপ্পা (১৯০০-১৩০০ খ্রিপূ)

নমুনা রূপে সংগৃহীত প্রাণীদের মধ্যে ছিল গরু, মহিষ, ভেড়া-ছাগল, হরিণ, শূকর প্রভৃতি।

গবেষণা পদ্ধতি

প্রথম কাজ হলো, কোলাজেন নিষ্কাশন। হাড় থেকে কোলাজেন প্রোটিন নিষ্কাশনের জন্য লনগিনেন (Longin) পদ্ধতি ব্যবহার করা হয়। হাড়কে প্রথমে পরিষ্কার করা হয়, তারপর দুর্বল HCl দ্রবণে ভিজিয়ে খনিজ অংশ অপসারণ করা হয়। অবশিষ্ট কোলাজেন ফ্রিজে রেখে শুকনো (freeze-dried) করা হয়।

এর পর আসে গুণমান নিয়ন্ত্রণের প্রশ্ন। প্রাচীন কোলাজেন ভালো অবস্থায় আছে কিনা তা যাচাই করা অত্যন্ত জরুরি। গবেষকরা কোলাজেনের C:N অনুপাত (কার্বন ও নাইট্রোজেনের পারমাণবিক অনুপাত) পরীক্ষা করেন। ভালো মানের কোলাজেনের C:N অনুপাত ২.৯-৩.৬ হওয়া উচিত। এর বাইরে হলে নমুনা দূষিত বলে বিবেচিত হয় এবং বাদ দেওয়া হয়।

তারপর ভালো বা অদূষিত নমুনাগুলোর আইসোটোপ বিশ্লেষণ করা হয়। নমুনাগুলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের Godwin Laboratory-তে Thermo Delta V Plus IRMS যন্ত্রে বিশ্লেষণ করা হয়। প্রতিটি নমুনার δ¹³C ও δ¹⁵N মান পরিমাপ করা হয় এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাপেক্ষে ক্যালিব্রেট করা হয়।

বিশ্লেষণের ফলাফল দুটো ভাগে ভাগ করা হয়। প্রথম, মানুষের খাদ্যাভ্যাস।

কার্বন আইসোটোপ (δ¹³C) ফলাফল: মানব নমুনাগুলোর δ¹³C মান -১৮.৫‰ থেকে -৮.২‰ পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিশাল পরিসর নির্দেশ করে যে বিভিন্ন অঞ্চলে মানুষ বিভিন্ন ধরনের শস্য খেত।

হরিয়ানা ও পাঞ্জাব: এই অঞ্চলের মানুষের δ¹³C মান প্রধানত -১৮‰ থেকে -১৫‰ এর মধ্যে, যা নির্দেশ করে তারা প্রধানত C₃ শস্য (গম, যব) খেত। কিছু নমুনায় মিশ্র C₃/C₄ খাদ্যের প্রমাণ পাওয়া যায়।

গুজরাট: অত্যন্ত আকর্ষণীয় ফলাফল পাওয়া যায় এখানে। অনেক নমুনায় δ¹³C মান -১২‰ থেকে -৮‰, যা স্পষ্টত C₄ শস্য (বাজরা) প্রধান খাদ্য ছিল। এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার, কারণ ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্বে বাজরার প্রমাণ খুব কমই পাওয়া যেত।

নাইট্রোজেন আইসোটোপ (δ¹⁵N) ফলাফল: মানব নমুনাগুলোর δ¹⁵N মান ৮.১‰ থেকে ১৩.৫‰ পর্যন্ত। বেশিরভাগ নমুনার মান ৯-১১‰ এর মধ্যে, যা নির্দেশ করে মধ্যম পরিমাণ প্রাণীজ প্রোটিন খাওয়া হতো।

কিছু ব্যতিক্রমী উচ্চ δ¹⁵N মান (১২-১৩.৫‰) পাওয়া যায়, যা হয় উচ্চ মাংস খাওয়া বা বিশেষ পরিবেশগত পরিস্থিতি (যেমন শুষ্কতা) নির্দেশ করতে পারে।

দ্বিতীয়, প্রাণীদের খাদ্যাভ্যাস। প্রাণীদের আইসোটোপ বিশ্লেষণ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

গবাদি পশু (গরু, মহিষ): δ¹³C মান -২১‰ থেকে -১০‰, যা নির্দেশ করে তারা মানুষের কৃষিজাত শস্যের অবশেষ খেত। গুজরাটের গরুর δ¹³C মান অধিক (-১২‰), অর্থাৎ তারা C₄ উদ্ভিদ (সম্ভবত বাজরার খড়) খেত।

ভেড়া-ছাগল: সাধারণত C₃ উদ্ভিদ নির্ভর, δ¹³C প্রায় -২০‰।

বন্য প্রাণী (হরিণ): δ¹³C ও δ¹⁵N মান স্থানীয় বন্য উদ্ভিদ প্রতিফলিত করে, যা মানুষ ও গৃহপালিত পশুর থেকে ভিন্ন।

আঞ্চলিক বৈচিত্র্যের বিচারেসবচেয়ে স্পষ্ট পার্থক্য ছিল গুজরাট এবং হরিয়ানা-পাঞ্জাবের মধ্যে। গুজরাটে C₄ শস্য (বাজরা) প্রধান ছিল, যেখানে উত্তরে C₃ শস্য (গম-যব) প্রাধান্য পায়।

এই পার্থক্যের কারণ হিসেবে বলা হয়,

জলবায়ু: গুজরাট অপেক্ষাকৃত শুষ্ক ও গরম। বাজরা খরা-সহিষ্ণু এবং কম বৃষ্টিপাতে ভালো জন্মায়।

মাটি: গুজরাটের মাটি বাজরা চাষের উপযোগী।

কৃষি অভিযোজন: স্থানীয় কৃষকরা তাদের পরিবেশ অনুযায়ী ফসল নির্বাচন করত।

গবেষণায় আরো দেখা যায় প্রাক-হরপ্পা থেকে পরিণত হরপ্পা পর্যায়ে C₄ শস্যের ব্যবহার বৃদ্ধি পায়, বিশেষত গুজরাটে। এটি নির্দেশ করে যে জলবায়ু শুষ্কতর হচ্ছিল। ফলে কৃষকরা খরা-সহিষ্ণু ফসলে স্থানান্তরিত হচ্ছিল এবং জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য উৎপাদন বাড়ানো প্রয়োজন ছিল। উত্তর-হরপ্পা পর্যায়ে (সভ্যতার পতনের সময়) আরও বেশি C₄ শস্য নির্ভরতা দেখা যায়, যা সম্ভবত চলমান জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চাপের প্রতিক্রিয়া।

প্রাণীজ প্রোটিন

δ¹⁵N মান থেকে বোঝা যায় সিন্ধু সভ্যতার মানুষ মধ্যম পরিমাণ মাংস, দুধ ও দুগ্ধজাত খাদ্য খেত। তারা সম্পূর্ণ নিরামিষভোজী ছিল না, তবে মাংস দৈনন্দিন খাদ্যের প্রধান অংশও ছিল না। গৃহপালিত পশু (গরু, ভেড়া, ছাগল) মাংস ও দুধের উৎস ছিল। কিছু ক্ষেত্রে বন্য প্রাণী শিকারের প্রমাণও পাওয়া যায়।

গবেষণার তাৎপর্য

এই গবেষণা সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের বেশ কিছু ধারণা পাল্টে দেয়। যেমন,

১. বৈচিত্র্যপূর্ণ কৃষি: সিন্ধু সভ্যতা একক কৃষি ব্যবস্থা অনুসরণ করত না। বিভিন্ন অঞ্চলে স্থানীয় পরিবেশ অনুযায়ী ভিন্ন শস্য চাষ হতো।

২. জলবায়ু অভিযোজন: বাজরার মতো খরা-সহিষ্ণু ফসল ব্যবহার দেখায় যে সিন্ধু কৃষকরা পরিবর্তনশীল জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে পারদর্শী ছিল।

৩. সভ্যতার পতনের নতুন ব্যাখ্যা: জলবায়ু শুষ্ক হওয়ার সাথে সাথে C₄ শস্যে স্থানান্তর ঘটে, কিন্তু এটি শেষপর্যন্ত যথেষ্ট ছিল না। চলমান খরা ও মৌসুমি বৃষ্টিপাতের দুর্বলতা সভ্যতার পতনে ভূমিকা রাখে।

৪. খাদ্য সুরক্ষা কৌশল: বিভিন্ন শস্য চাষ করে সিন্ধু মানুষেরা ঝুঁকি বণ্টন করত — একটি ফসল ব্যর্থ হলে অন্যটি দিয়ে খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখা যেত বা অন্তত রাখার চেষ্টা করা হতো।

উপসংহার

স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ প্রাচীন সভ্যতা গবেষণায় এক অমূল্য হাতিয়ার। এটি শুধু খাদ্যাভ্যাসই নয়, সামাজিক কাঠামো, পরিবেশগত অভিযোজন, জলবায়ু পরিবর্তন এবং এমনকি সভ্যতার উত্থান-পতনের কারণ বুঝতে সাহায্য করে। সিন্ধু সভ্যতার ক্ষেত্রে এই গবেষণা প্রমাণ করেছে যে তারা ছিল পরিবেশ সচেতন, অভিযোজনক্ষম কৃষক যারা স্থানীয় পরিস্থিতি অনুযায়ী খাদ্য উৎপাদন করতে জানত।

ভবিষ্যতে আরও নমুনা বিশ্লেষণ, বিশেষত অন্যান্য সভ্যতার সাথে তুলনা, আমাদের মানব ইতিহাস সম্পর্কে গভীরতর জ্ঞান দেবে। স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ, প্রাচীন ডিএনএ গবেষণা, এবং ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্বের সমন্বয়ে আমরা আমাদের পূর্বপুরুষদের জীবন আরও সম্পূর্ণভাবে পুনর্গঠন করতে পারব।

তথ্যসূত্র ও গ্রন্থপঞ্জি

এই প্রবন্ধটি শিক্ষামূলক উদ্দেশ্যে এবং সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে লেখা। গবেষণাপত্রগুলোর মূল বিষয়বস্তু যথাসম্ভব সরল করে বাংলায় উপস্থাপন করা হয়েছে সাধারণ পাঠকদের জন্য।

মূল গবেষণাপত্র:

১. Bates, J., Petrie, C. A., & Singh, R. N. (2017). “Approaching rice domestication in South Asia: New evidence from Indus settlements in northern India.” Journal of Archaeological Science: Reports, 11, 358-374.

২. Bates, J., Singh, R. N., & Petrie, C. A. (2017). “Exploring Indus crop processing: combining phytolith and macrobotanical analyses to consider the organisation of agriculture in northwest India c. 3200–1500 BC.” Vegetation History and Archaeobotany, 26(1), 25-41.

৩. Weber, S. A., Barela, T., & Lehman, C. (2010). “Ecological continuity: An explanation for agricultural diversity in the Indus civilization and beyond.” Man and Environment, 35(1), 62-75.

৪. Robbins Schug, G., Blevins, K. E., Cox, B., Gray, K., & Mushrif-Tripathy, V. (2013). “Infection, Disease, and Biosocial Processes at the End of the Indus Civilization.” PLoS ONE, 8(12), e84814.

পদ্ধতিগত রেফারেন্স:

১. Ambrose, S. H. (1990). “Preparation and characterization of bone and tooth collagen for isotopic analysis.” Journal of Archaeological Science, 17(4), 431-451.

২. DeNiro, M. J. (1985). “Postmortem preservation and alteration of in vivo bone collagen isotope ratios in relation to palaeodietary reconstruction.” Nature, 317(6040), 806-809.

৩. Schoeninger, M. J., & DeNiro, M. J. (1984). “Nitrogen and carbon isotopic composition of bone collagen from marine and terrestrial animals.” Geochimica et Cosmochimica Acta, 48(4), 625-639.

সাধারণ রেফারেন্স বই:

১. Lee-Thorp, J. A. (2008). “On Isotopes and Old Bones.” Archaeometry, 50(6), 925-950.

২. Katzenberg, M. A., & Grauer, A. L. (Eds.). (2019). Biological Anthropology of the Human Skeleton (3rd ed.). Wiley-Blackwell.

৩. Kenoyer, J. M. (1998). Ancient Cities of the Indus Valley Civilization. Oxford University Press.

৪. Possehl, G. L. (2002). The Indus Civilization: A Contemporary Perspective. AltaMira Press.

মন্তব্য তালিকা - “স্থিতিশীল আইসোটোপ বিশ্লেষণ: প্রাচীন সভ্যতার খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার নীরব সাক্ষী”

মন্তব্য করুন

আপনার ইমেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।